শেয়ারবাজারে বড় উত্থান, লেনদেন ছাড়াল ১২০০ কোটি টাকা

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮:২০ , অনলাইন ভার্সন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ৫৯ পয়েন্ট। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন ডিএসইতে ১ হাজার ২২০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, যা প্রায় সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারটির মূল্যসূচকও ঊর্ধ্বমুখী হয়েছে। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস দেশের দুই শেয়ারবাজারেই মূল্যসূচক বাড়ল। তবে সিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

রোববার (২২ নভেম্বর) ডিএসইতে লেনদেনের শুরু থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে শুরুতেই মূল্যসূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত এই প্রবণতা অব্যাহত ছিল। বরং শেষ দিকে দাম বাড়ার গতি আরও বাড়ে। এতে সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।

দিন শেষে ডিএসইতে ২১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

ভালো কোম্পানি বা ১০ শতাংশ কিংবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৮টির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে দুটি কোম্পানির শেয়ারের দাম।

এদিকে, বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৪৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম। এছাড়া পাঁচটি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০০ পয়েন্টে উঠেছে।

সূচকের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এদিন বাজারটিতে ১ হাজার ২২০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৪৭৩ কোটি ৫১ লাখ টাকা।
এর আগে গত ২ আগস্ট ডিএসইতে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এরপর এদিনই সর্বোচ্চ লেনদেনের দেখা মিলেছে।

ডিএসইর লেনদেনে সবচেয়ে বড় অবদান রেখেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৫৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৮ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। আর ৩৭ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক, একমি পেস্টিসাইড, সিটি ব্যাংক ও এনভয় টেক্সটাইল।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৫৩ পয়েন্ট বেড়েছে। তবে বাজারটিতে লেনদেনের পরিমাণ কমে ২০ কোটি ৫৭ লাখ টাকায় দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সিএসইতে ২৫ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ঠিকানাএএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]