​স্মৃতির আলপনায় আঁকা

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২১:৪৭ , অনলাইন ভার্সন
আমি জনসম্মুখে সাধারণত লেখালেখি নিয়ে কথা বলি না। নিজের লেখালেখি নিয়ে কথা বলতে লজ্জা পাই। আমি লিখি আমার আনন্দের জন্য। আমার ভেতরে অনেক আবেগ আছে, অনেক না-বলা কথা আছে, সেসব আমি লিখতে চাই। শৈশব-কৈশোর থেকেই আমি একলা মানুষ হয়ে পড়েছিলাম, দলছুট, বোহেমিয়ান, এলেবেলে মানুষ। কিছুটা অবহেলিত, কিছু না কিছু বঞ্চনা ছিল। তখন থেকেই আমি মনে করেছিলাম, আমার নিজের অনেক কথা আছে। সেসব বলার জন্য আমার একটা মাধ্যম দরকার। আমাকে তো কেউ বোঝে না, তাই আমি নিজের সঙ্গে নিজে কথা বলব, কাগজে ফুটিয়ে তুলব আমার আবেগগুলোকে। আমি গল্পের বই পড়তাম। বইয়ের চরিত্রের সঙ্গে একাত্ম হতাম, কথা বলতাম। তারপর আমি পত্রমিতালি শুরু করলাম। প্রচুর চিঠি লিখতাম আমি এবং চিঠি পেতাম। তারপর শুরু হলো পত্রিকায় চিঠিপত্র লেখা। এর সবই আমার নিজের যে অনেক কথা আছে, সেসব বলার জন্য। আমি সহজে মানুষের সামনে যেতে পারতাম না। নিজের কথা বলতে পারতাম না। যেখানে যেটা বলা দরকার, সেটা বলতে পারি না; যখন যেটা করার দরকার, করতে পারি না। আমার যোগাযোগ খুব খারাপ। এখনো আমার সেই অভ্যাস রয়ে গেছে।
লেখালেখির জন্য আমি অনেক ত্যাগ স্বীকার করেছি। অনেক কিছু হারিয়েছি আমি। সবটাই আবেগ থেকে। আমি আবেগপ্রবণ মানুষ, অভিমানী মানুষ। কিছুটা অন্তর্মুখী এবং নির্লিপ্ত মানুষ। আমি বরিশাল থেকে ঢাকায় এসেছিলাম লেখকদের সামনে থেকে দেখব এবং নিজেও লিখব, এই আশায়। কিন্তু আমাকে ঢাকা শহরে কেউ চেনে না। এমনকি পত্রিকা অফিসের পিয়নও আমাকে পাত্তা দেয় না। বড় বড় লেখকদের দেখলে আমি মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতাম। তাদের চলাফেরা দেখতাম। কেমন করে হাঁটে, কথা বলে, খেয়াল করতাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়টা ছিল অনেক কঠিন। অনেক কষ্টে-সৃষ্টে আমার জীবন পার হয়েছে। জেসমিন ছিল বলে আমি ঢাকা শহরে টিকে গিয়েছিলাম। এখন এই বিদেশেও জেসমিন পাশে আছে বলে আমি লিখতে পারছি। প্রতিবছর দেশে যেতে পারছি। লেখালেখি আছে বলে আমার বিদেশ জীবনটা কিছুটা হলেও স্বস্তির হয়েছে।
তবে দুটোর মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে। দেশে যখন থাকি, মনে হয় একটা মুক্ত আকাশের নিচে আছি; কিন্তু বিদেশকে মনে হয় একটা একঘেয়ে ক্ষুদ্র জলাশয়। চাকরি নিয়ে সমস্যা, বাজার করা, বিল পরিশোধ, বাড়ির মর্টগেজ, গাড়ির ইন্স্যুরেন্স আর লোকজনের সঙ্গে মেকি হাসা, আলগা বন্ধুত্ব। তাই সব সময় ‘অ্যাট হোম ফিলিং’ ব্যাপারটা থাকে আমার। আমি নিজেকে লুকোতে পারি না। মুখে একটা, মনে একটা-এটা আমার হয় না। আমি ভান করতে পারি না। সকালে এক রকম, বিকেলে আরেক রকম বা সুবিধা বুঝে নিজের অবস্থান বদলানো আমার হয় না। তাই বিদেশ আমার কাছে ক্লান্তিকর।

আমার যারা পাঠক, আমার লেখা যারা পছন্দ করেন বা যারা আমার বই কেনেন, আমি সব সময় তাদের প্রতি শ্রদ্ধাশীল। পাঠকদের আবেগ বা আমার প্রতি তাদের ভালোবাসার সঙ্গে আমিও আবেগে ভেসে যাই। আমি জানি, এতখানি পাওয়ার যোগ্য আমি নই; আমি আমার প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। সে জন্য আমি তাদের প্রতি সব সময় কৃতজ্ঞ। আমি হারিয়েছি যত, পেয়েছি তার বহুগুণ। আমার ফেসবুকের নতুন বন্ধু যেমন, তেমনি এর বাইরেও অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে। বইমেলার দিনগুলো ছিল চমৎকার। একটা মিলনমেলা ছিল। লেখক যেমন, তেমনি মুগ্ধ পাঠকদের সঙ্গে দেখা হওয়াটা অনেক আনন্দের সব সময়।

এবারও বেশ কয়েকজন পাঠক দূর-দূরান্ত থেকে এসেছেন, বই কিনেছেন। কেউ আফগানিস্তান, কেউ রাঙামাটি, কেউ আমেরিকা, কেউ সিঙ্গাপুর, কেউ অস্ট্রেলিয়া, কেউবা মধ্যপ্রাচ্য। একবার একজন পাঠক-বন্ধু আমার জন্য বিভিন্ন পিঠা বানিয়ে নিয়ে এসেছেন। আমি কখন লিখেছিলাম পছন্দের খাবারের কথা, সেসব ভোলেননি। একজন সাভার থেকে এনেছিলেন ঢেঁকিশাক। একুশের দিন পরার জন্য আমি তিনটি পাঞ্জাবি উপহার পেয়েছি। যখন যেখানে বেড়াতে গিয়েছি, সবাই পছন্দের খাবার খাইয়েছে। চলে আসার সময় অনেকে ফুঁপিয়ে কেঁদেছেন। এই সব ছোট ছোট আনন্দ আছে বলেই জীবন অনেক সুন্দর।

মানুষের জীবনে অলৌকিক ঘটনা অনেকই ঘটে। আমার জীবনে কখনো অলৌকিক ঘটনা ঘটেছে কি না মনে করতে পারছি না। তবে নিশ্চিত বিপদের হাত থেকে অনেকবারই রক্ষা পেয়েছি আমি। অনেক অঘটন থেকেও। সেটাকে অলৌকিক আখ্যা দিলেও দেওয়া যেতে পারে। যখন কেউ লটারিতে মিলিয়ন ডলার জেতে, তখন সেটাকে অলৌকিক না বলে ভাগ্য বলা যায়। ভাগ্য ও অলৌকিকতার মধ্যে পার্থক্য আছে। আমার নিজের লটারি ভাগ্য অতি জঘন্য। কোনো বৈষয়িক ব্যাপারেই আমার ভাগ্য সহায় হয় না তেমন। তাই ‘যদি লাইগ্যা যায়’ এই আশায় আমি বসে নেই। আমি সব সময় উজান ঠেলে চলা মানুষ। আমি সহজে কিছু পাই না। সবকিছুর জন্য আমাকে সংগ্রাম করতে হয়। যখন আমি শূন্য হাতে ঘুরে বেড়াতাম, তখনো কেউ যদি জিজ্ঞেস করত কেমন আছি, আমি বলতাম ভালো আছি। এখনো কেউ যখন জিজ্ঞেস করে, কেমন আছ, আমি বলি ভালো আছি।

জীবনের অপ্রাপ্তিগুলো নিয়ে আমার কোনো আদিখ্যেতা নেই; বরং ব্যর্থতা থেকে আমি অনুপ্রেরণা খুঁজি। নিজের ব্যর্থতাকে কখনো অন্যের ওপর চাপিয়ে দিইনি। জীবনের অপ্রাপ্তি আর কষ্টকে আনন্দের সঙ্গে প্রকাশ করি আমি। কাউকে কষ্টের ভাগ দিতে চাই না। কষ্ট একা একা ভোগ করতে হয়। আনন্দ একা একা ভোগ করা যায় না। এই যে জীবনে আমি অনেক কিছু পাইনি, সে জন্য আমার কোনো অনুতাপ নেই। যা পেয়েছি, তাও তো কম নয়। এক জীবনে সবাই সবকিছু পায় না।
জীবনে কত অবিচারের সম্মুখীন হয়েছি আমি, কি কর্মক্ষেত্রে, কি সমাজজীবনে। আমি কখনো বাড়তি কিছু চাইনি, প্রাপ্যটাই চেয়েছি শুধু। কিন্তু সেটাও আমি পাইনি। অনেকে আছে নিজের পাওনা আদায় করে নিতে পারে। নিজের যোগ্যতার চেয়েও বেশি অর্জন করে নেয়। আমি আমার পাওনাটুকুও আদায় করতে পারি না। দাবি আদায়ের ক্ষেত্রে আমার চেয়ে ব্যর্থ মানুষ আর একটাও নেই। আমি নিজেকে তুলে ধরতে পারি না। আমি কোনো অবিচারের প্রতিকার করতে পারি না। আমি যা কিছু পেয়েছি, কিছুটা প্রকৃতির কৃপায়, কিছুটা মানুষের ভালোবাসার বিনিময়ে। আমার জীবনে অলৌকিক কিছু ঘটেনি। এতখানি বয়সেও আমি যে শিশুদের মতো কষ্ট পাই বা অভিমান হয়, তার বীজ রোপিত হয়েছিল কৈশোরেই। জেসমিন আমার উল্টো। সে বাস্তববাদী এবং সহজে মেনে নেওয়ার একটা অসাধারণ ক্ষমতা তার আছে, যা আমার নেই। আমি সহজে কিছু ভুলি না। আমার সব মনে থাকে। যেমন কৈশোরের মোটাদাগের অবহেলাগুলো ভোলা যায় না, তেমনি এখনকার অবহেলাগুলোও মনে গেঁথে থাকে।

কৈশোরে বরিশালের সেই বাড়ি, সেই টিনের ঘর, পুকুর, খাল, ছাগলের বাচ্চা, কবুতর, বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো, ঘুড়ি নিয়ে মাঠে চলে যাওয়া, সিগারেটের কাগজ দিয়ে চারা খেলা, মার্বেল দুই আঙুলের ফাঁকে নিয়ে অন্য মার্বেলকে ঠুকে দেওয়া, সেই খেলার মাঠ, আমাদের লাইব্রেরি, মায়ের হাতের পিঠা, মামাবাড়ির বর্ষার পানিতে ভরভরন্ত বিলে নৌকা বাওয়া, স্কুল পালিয়ে সিনেমা দেখাÑএসব ভোলা যায় না। প্রতি পদক্ষেপে সেসব স্মৃতি হানা মারে। সামান্য ঘটনাগুলো অসামান্য হয়ে জ্বলজ্বল করে। তখন থেকেই আমি অন্য এক ধারার মানুষ ছিলাম। আমার সঙ্গে কারও খাপ খেত না। আমি কারও সঙ্গে মিশতাম না। আমাকে শুধু মা বুঝত। মায়েরাই কেবল বোঝে।
একদিন বরিশাল ছেড়ে ঢাকায় চলে এলাম। এক অদ্ভুত লড়াই-সংগ্রাম শুরু হলো। টিকে থাকার লড়াই। অনেক কষ্টের মধ্যেও লড়াই চালিয়ে গেলাম। আকস্মিকভাবে জেসমিন আমার জীবনে আসায় আমি পায়ের নিচে শক্ত ভূমি পেলাম। কিন্তু তা সত্ত্বেও আমার যে একটা একান্ত ‘আমি’ আছে, সেটা কেউ টের পেল না। প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী পরস্পরকে যতই ভালোবাসুক, কেউ কাউকে আসলে বোঝে না। এই বৈপরীত্য কখনো ঘুচবে না।

সবশেষে এই বিদেশ-জীবন আমাকে আরও নিঃসঙ্গ করে দিয়েছে। প্রতিদিন একটু একটু করে একলা করে দিচ্ছে। শৈশব বা কৈশোরের সেই ছোট ছোট অভাব-অনটনের মধ্যেও একটা সুখ ছিল। এখনো ভাবলে হৃদয়তন্ত্রীতে কুলকুল করে বয়ে যায় সূক্ষ্ম একটা আনন্দের অনুভূতি। নিজের স্থান ছেড়ে আসার অনুশোচনা আমাকে কুরে কুরে খায়। মা বলত, ‘নিজের দেশ ছেড়ে কেউ যায়!’ আর কি কখনো ফেরা হবে! আর কি ফেরা যায়! কোনো অলৌকিক ঘটনা কি সব বদলে দেবে!
প্রতিটা মানুষ চায় সুখী হতে। কেউ দুঃখকে গ্রহণ করতে চায় না। মানুষের মস্তিষ্কের একই কোষে কীভাবে যে সুখ এবং দুঃখ নামক অদেখা অনুভূতিটি ঘাপটি মেরে বসে থাকে, কে জানে! ভাবতে অবাক লাগে। এই সুখ তো পরক্ষণেই দুঃখ এসে জায়গা দখল করে নিল। প্রতিনিয়ত একটা লড়াই চলতে থাকে দুটোর মধ্যে। যেন দুই প্রতিদ্বন্দ্বী। বেশির ভাগ ক্ষেত্রেই দুঃখের জয় হয়। মনে হয় দুঃখ বেশি পরাক্রমশালী। সুখ দুর্বল এবং স্বল্পস্থায়ী, এই আছে তো এই নেই। আর দুঃখ বড় বেশি প্রলম্বিত; যেন দুঃখের কাল কখনোই ফুরোবে না।

গানের কথার মতো : ‘দুঃখ আমার বাসর রাতের কলঙ্ক’ বা ‘সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না।’ আমার ক্ষেত্রে সুখ-দুঃখের সংজ্ঞাটা একটু ভিন্ন। আমি সুখ যেমন উপভোগ করি, দুঃখকেও আমি অবহেলা করতে পারি না। দুঃখ মানুষকে এলোমেলো করে দেয় ঠিকই, কিন্তু দুঃখ থেকে শিক্ষা নেওয়ার একটা বিরাট সুযোগ তৈরি করে। সুখের সময় মানুষ অনেক কিছু বুঝতে পারে না। সুখের সমুদ্রে হাবুডুবু খেতে খেতে অনেক ভুল করে। তারপর দুঃখে নিপতিত হয়। দুঃখ না হলে মানুষ তার ভুলগুলো শুধরে নিতে পারত না।

যখন আমি জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে লিপ্ত, আমার কষ্টের দিনগুলোতে যখন আমার একটা-দুটোর বেশি শার্ট ছিল না বা দুপুরে খেলে রাতে খাওয়ার কোনো গ্যারান্টি ছিল না, তখনো আমি কখনো দুঃখ অনুভব করিনি। ওই দিনগুলোতেও আমি সবকিছুতে সুখের প্রলেপ মেখে দিতাম। চরম টানাপোড়েনের দিনগুলোতেও আমি অসুখী হইনি। আমার কর্মজীবনে বা যখন থেকে আমি সংসার শুরু করি, বিভিন্ন মানুষের সঙ্গে উঠবস করতে হয়, তখন বিভিন্ন সময় আমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে; কিন্তু তখনো আমি দুঃখ অনুভব করিনি। সামান্য একটু সফলতা, চাকরিতে প্রমোশন, সন্তানের ভালো রেজাল্ট বা একটা লেখা প্রকাশিত হলেও আমি সুখ অনুভব করতাম। এখনো করি। কাউকে একটু খুশি করতে পারা, একটু উপকার করা বা বিপদে পাশে থাকাও একটা সুখ আমার কাছে।

আমি তখনই দুঃখ পাই, যখন কেউ আমাকে বিপদে ফেলতে চায়, আমার সঙ্গে প্রতারণা করে, পেছনে বদনাম করে, কথা দিয়ে কথা রাখে না বা আমার সঙ্গে ট্রিকস করে। আসলে পৃথিবীতে নিরবচ্ছিন্ন সুখ বা দুঃখ বলে কিছু নেই। একটা সামান্য কথাও আমাকে দুঃখী করে দেয়, সামান্য একটা বাক্য আমার মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। মানুষের অযৌক্তিক আচরণ আমাকে ব্যথিত করে। সেটাও দুঃখের কারণ ঘটায়। এটাকে বলে ক্রান্তিকাল।

অনেক মানুষের ভিড়ে প্রকৃত ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। স্বার্থের কারণে মানুষ দ্রুত বদলে যায়। আত্মীয় বদলে যায়, ভাই বদলে যায়, বোন বদলে যায়, বন্ধু বদলে যায়। চেনা মানুষ যায় অচেনা হয়ে। আজ যাকে মনে হয় চিনি, কাল সে অচেনা। আজ যে ভালোবাসার কথা বলেছে, উজাড় করে দিতে চেয়েছে সবকিছু, সেই আবার স্বার্থ উদ্ধার হয়নি বলে ঘৃণা ছড়িয়েছে। নোংরা অভিযোগ দিয়েছে। মানুষের এই বৈপরীত্য খুবই রহস্যজনক।

আমার সমস্যা হচ্ছে, আমি কারও প্রতি ঘৃণা প্রকাশ করি না সহজে। যে আমাকে ঘৃণা করে, সেও আমার সামনে এলে আমি মুখ ঘুরিয়ে থাকতে পারব না। পারলে ভালো হতো। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করি কারও সঙ্গে সম্পর্ক ভেঙে না ফেলতে। সম্পর্ক গড়া যত কঠিন, ভেঙে ফেলা ততই সহজ। ভাঙা সম্পর্ক কখনো জোড়া লাগে না। সম্পর্ক আমার কাছে অতি মূল্যবান। তবে সম্পর্ক গড়তে গিয়ে আমি অনেক ভুল করেছি। ভুল মানুষের সঙ্গে সম্পর্ক করেছি অনেক। আপন ভেবে কাছে নিয়েছি। আবার অনেকে আমাকে ভুল বুঝে নিজেই দূরে সরে গেছে। কিন্তু সে জন্য আমি কখনো কাউকে অভিযোগ করিনি, কখনো জানতেও চাইনি কেন সে এমন করল। আমার জানতে চাইতে ইচ্ছে করে না। কারণ হয়তো সে এমন একটা অভিযোগের কথা বলবে, যা সঠিক নয়।
আমার নিজের ভুল স্বীকার করতে দ্বিধা করি না। কিন্তু অন্যের ভুল ধরিয়ে দিতে পারি না। অনেকেই নিজের ভুল দেখতে পায় না। যুক্তিহীন মানুষের কাছ থেকে দূরে থাকা সমীচীন বলে মনে করি। আবার নিজের ভুল বুঝতে পেরে যারা কাছে আসতে চেয়েছে, আমি তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিইনি। আমার এক কাছের আত্মীয় কোনো এক অদৃশ্য কারণে আমাকে এড়িয়ে চলে। কিন্তু আমি কখনো তাদের কাছে জানতে চাইনি কেন তারা এটা করছে। একদিন হয়তো তারা তাদের ভুল বুঝতে পারবে।

আমি সহজে কিছু ভুলি না, আবার নিজের ভেতরে ক্ষোভও পুষে রাখি না। যার যার জীবন তার। ক্ষোভ পুষে রাখার জন্য যতখানি মানসিক দৃঢ়তা দরকার, তা আমার নেই। তার চেয়েও বড় কথা হচ্ছে, এই পৃথিবীতে আমরা খুব স্বল্প সময়ের জন্য এসেছি। কখন চলে যাব, জানি না। অনেকেই তো চলে গেছে। জানি, অনেকেই আমার এই কথার সঙ্গে একমত হবেন না, কারণ কিছু কিছু অপরাধ আছে, যা ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য অপরাধ কি আমার হয় না! আমারও হয়। আমিও অনেক ভুল করি। চুলচেরা হিসাব করে আমি সব করতে পারি না। ভুলে ভরা জীবন আমার। কখনো কখনো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষ হিসেবে এটাই আমার বড় ত্রুটি।

সঠিক মানুষ চিনতে আমার ভুল হয়। সে জন্য আমাকে অনেক মূল্য দিতে হয়েছে। কেউ আমাকে ভালোবাসার কথা বললে, বন্ধুত্বের হাত বাড়ালে আমি সহজভাবে গ্রহণ করি। কখনো মনে হয় না, এর মধ্যে কোনো ছলচাতুরী আছে, বিপদ ঘাপটি মেরে বসে আছে। মানুষের মন যদি জানা যেত, তাহলে কতই-না ভালো হতো। অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যেত। (চলবে)
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]