​‘ভালো’র উদ্যোগে ৬শ শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী বিতরণ নিউইয়র্কে

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০০ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মানবসেবা ও জনহিতকর কর্মকাণ্ডে সক্রিয় নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো’ (BHALO)-এর উদ্যোগে প্রায় ৬শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নতুন শিক্ষাবর্ষে স্কুলে ফেরার আগে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃহস্পতিবার, ২৭ আগস্ট নিউইয়র্কের কুইন্সে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জ্যামাইকার মেজর মার্ক পার্কে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি উপস্থিত হয়ে শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। মেয়রের কাছ থেকে সরাসরি শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেন, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, “আমরা জানি, আমাদের সিটিবাসীদের কী প্রয়োজন। তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেভাবে এগিয়ে আসছে, তা আমাদের জন্য গর্বের বিষয়।”
সিটিবাসীর কল্যাণে বিভিন্ন মানবিক ও জনহিতকর কর্মকাণ্ডে ‘ভালো’র সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করে মেয়র বলেন, “নিউইয়র্কের মানুষের জন্য মঙ্গলজনক যেকোনো কাজে ‘ভালো’ যেভাবে এগিয়ে আসছে, তা প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি আশা করি।”
নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রয়োজনীয় শিক্ষা উপকরণ পেলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা আরও উৎসাহ নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে বলে প্রত্যাশা আয়োজকদের।
‘ভালো’র পক্ষ থেকে কর্মসূচিটি তত্ত্বাবধান করেন শাহরিয়ার রহমান। পুরো কার্যক্রমের সমন্বয় ও ব্যবস্থাপনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীদের মধ্যে সুশৃঙ্খলভাবে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের সমন্বয়ের দায়িত্বও পালন করেন তিনি।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস, মেয়রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, কাউন্সিল মেম্বার লিন্ডা লি এবং কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ। এ ছাড়া উপস্থিত ছিলেন জর্জিয়ার সাবেক সিনেটর নাবিলা পার্কস।
স্থানীয় কমিউনিটি বোর্ডের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ। কমিউনিটির আরও অনেক বিশিষ্ট ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন।
আয়োজকেরা বলেন, শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষা সামগ্রী বিতরণের মতো উদ্যোগও একটি শিশুর শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। নতুন শিক্ষাবর্ষে প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে যাতে কোনো শিক্ষার্থী পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই ‘ভালো’ নিয়মিত এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে।
‘ভালো’ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে বিভিন্ন মানবিক ও জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সংগঠনটির উদ্যোগের মধ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিশুদের সহায়তা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মসূচি উল্লেখযোগ্য। নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষের জন্যও সংগঠনটি বিভিন্ন সময়ে সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।
এবারের শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রায় ৬শ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে অনেক শিক্ষার্থী নতুন স্কুল বছরের প্রস্তুতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকেরাও এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]