হোমিওপ্যাথিক তরল পান করে হবিগঞ্জে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু

প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬, ০০:৫৩ , অনলাইন ভার্সন
‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধ ও বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় এবং বাড়িতে তাদের মৃত্যু হয়।

লাখাই থানার ওসি শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সুদেব দাস (৬০) নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সুদেব দাস উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। এ ছাড়া মৃত্যু হওয়া অন্যরা হলেন মোড়াকরি গ্রামের সুজিত দাস (৩৫), ভাদিকাড়া গ্রামের নন্দলাল রবিদাস (৫২), তার স্ত্রী সুবি রবিদাস (৪০) এবং হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার রঞ্জিত কুড়ি (৩৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিরা উপজেলার মোড়াকড়ি বাজারের ‘হ্যানিম্যান হোমিও হল’ থেকে হোমিওপ্যাথিক অ্যালকোহলজাতীয় তরল কিনে নিয়মিত সেবন করতেন। গত মঙ্গলবার রাতে ওই তরল সেবনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে বুধবার ও বৃহস্পতিবার একে একে মৃত্যু হয় তাদের।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সুজিতের। আর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মারা যান সুবেদ। রঞ্জিত মারা যান ঢাকায় নেওয়ার পথে। এ ছাড়া নন্দলাল রবিদাস ও তার স্ত্রী সুবি রবিদাস মারা যান নিজ গ্রামেই।

এ বিষয়ে লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। তারা পুলিশকে না জানিয়েই মরদেহগুলো দাহ করেছে। এর মধ্যে সুদেব দাস (৬০) নামের একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মদের উৎস, এতে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, ময়নাতদন্তে বেরিয়ে আসবে মৃত্যুর সঠিক কারণ। রিপোর্ট পেলেই বোঝা যাবে কীভাবে মারা গেছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]