​ব্রাজিল সমর্থনে এক কাতারে অপু-বুবলী

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১১:১৪ , অনলাইন ভার্সন
ফিফা বিশ্বকাপ এলেই ফুটবলপ্রেমে মেতে ওঠেন দেশের তারকারাও। শোবিজ অঙ্গনের অনেকের মতো এবারও প্রিয় দল নিয়ে সরব হয়েছেন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও আলোচিত সম্পর্কের কারণে যাদের প্রায়ই দেখা যায় দুই মেরুতে, সেই দুই নায়িকাই এবার এক হয়েছেন ব্রাজিল সমর্থনে।

বিশ্বকাপকে ঘিরে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেকে ব্রাজিলের কট্টর সমর্থক বলে পরিচয় দেন। তিনি বলেন, “আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমার মনে হয়, যারা নান্দনিক ফুটবল পছন্দ করে, তারা ব্রাজিলকে ভালোবাসে। ব্রাজিলের খেলা দেখলেই মনে হয় ফুটবল আসলে একটি শিল্প।”

তবে ব্রাজিলের প্রতি সমর্থন জানালেও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। অপুর ভাষায়, প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় হলেও মেসির ব্যক্তিত্ব ও ফুটবল প্রতিভার প্রতি তার আলাদা সম্মান রয়েছে।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে পোস্ট দিয়েছেন শবনম বুবলী। নিজের ফেসবুক পেজে ব্রাজিলের ১০ নম্বর জার্সির একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।”

পোস্টে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের স্মরণ করে ছোটবেলার বিশ্বকাপ উন্মাদনার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তার ওই পোস্ট ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ব্যক্তিগত জীবনের নানা ঘটনার কারণে তাদের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্বের গল্পও কম শোনা যায়নি। কিন্তু ফুটবল বিশ্বকাপের আবহে সেই সব আলোচনা ছাপিয়ে দুজনকেই দেখা গেল একই পতাকার নিচে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মজা করে বলছেন, যে ব্রাজিল দুই নায়িকাকে এক কাতারে দাঁড় করাতে পারে, ফুটবলের শক্তি যে কতটা, সেটিই তার প্রমাণ।

তবে অপু ও বুবলী ব্রাজিল শিবিরে নাম লেখালেও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান এবার কোন দলকে সমর্থন করছেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভক্তদের কৌতূহল রয়ে গেছে আগের মতোই।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]