চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষাও স্থগিত

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১৮:৫৮ , অনলাইন ভার্সন
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলার আগামীকাল শনিবার (১১ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়ার মারাত্মক অবনতি এবং বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সব পরীক্ষাকেন্দ্রে ১১ জুলাই অনুষ্ঠেয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে প্রকাশ করা হবে।

একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের ওই পাঁচ জেলায় শনিবারের আলিম, এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

‎এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি জানাতে সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা সময়মতো তথ্য জানতে পারেন।

‎এর আগে একই কারণে ৮ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ ছাড়া বন্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বিষয়ে তিন সেট করে প্রশ্ন প্রস্তুত রাখা হয়েছে বলে ১ জুলাই পরীক্ষা-পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেছেন।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]