সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে ফক্স নিউজে কথা বলেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময় ডেমোক্র্যাটরা ‘ভালো করেছে’ বলে স্বীকার করেন তিনি।
ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বেয়ারের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বাতাসে এক ধরনের পরিবর্তনের আভাস ছিল। তবে নির্বাচনের ফলাফলে তিনি বিস্মিত হয়েছেন।

ট্রাম্প বলেন, “আমরা বিশাল জনসভা করেছি। আমি কিছুটা অবাক হয়েছি।”
তবে সমঝোতার সুরে তিনি বলেন, কংগ্রেসে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার মতো ‘অনেক অনেক বিষয়’ রয়েছে। মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের কারণে নিজের মন্ত্রিসভায় কোনো পরিবর্তন আনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন ট্রাম্প।

‘নামসর্বস্ব রিপাবলিকান ও ফক্স নিউজ দায়ী’
নির্বাচনি ফল নিয়ে নিজের মতামত জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “আমি এখন রাজনৈতিক বিশ্লেষক হয়ে উঠব। কোন প্রার্থীরা কেন জিতেছেন আর কেন হেরেছেন, তা নিয়ে ভালো-মন্দ দুই ধরনের বিশ্লেষণই করব!”

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটকে ইঙ্গিত করে তিনি বলেন, “রাজনৈতিক জীবনের শেষ ছয় মাসে গ্রেগ অ্যাবট যদি রিনো হয়ে না যেতেন, তাহলে তিনি হারতেন না।”

‘রিনো’ শব্দটি দিয়ে এমন ব্যক্তিকে বোঝানো হয়, যিনি নামেই রিপাবলিকান, কিন্তু দলের আদর্শ বা অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন।

ট্রাম্প ‘ভিটো’ লেখা একটি লাল টুপির ছবিও শেয়ার করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে পাস হওয়া আইন আটকে দেওয়ার ক্ষমতার দিকে ইঙ্গিত করেছেন তিনি।
ফক্স নিউজেরও সমালোচনা করেছেন ট্রাম্প। এর আগেও দিনের বিভিন্ন সময়ে তিনি সংবাদমাধ্যমটির সমালোচনা করেন। রাজনৈতিক বিশ্লেষকদের প্যানেলে নিউ ইয়র্কের সাবেক ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাসিওকে রাখা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ট্রাম্প লিখেছেন, “ডেমোক্র্যাট বিরোধীদের এবং আরও খারাপ বিষয় হলো, তাদের পক্ষের লোকজনকে নিয়মিত ও ধারাবাহিকভাবে অনুষ্ঠানে হাজির করে এসব পরাজয়ের দায় ফক্স নিউজ এড়াতে পারে না।”

এর আগে রাতে তিনি লিখেছিলেন, “ব্যালটে আমি ছিলাম না। আর যদি থাকতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জিততাম! বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য ধন্যবাদ।”

নিজের দলের সঙ্গে ‘দূরত্ব তৈরি করলেন’ ট্রাম্প
নির্বাচনের রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রকাশ্য মন্তব্য দেশজুড়ে রিপাবলিকানদের ভালো লাগার কথা নয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এদিনের নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন না।
এরপর তিনি লেখেন, “আমি প্রার্থী হলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম!”
রয়টার্স লিখেছে, সংক্ষিপ্ত এই মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প কার্যত নিজের দলের সঙ্গে দূরত্ব তৈরি করলেন এবং নির্বাচনে পরাজয়ের দায় রিপাবলিকান প্রার্থীদের ওপর চাপানোর চেষ্টা করলেন।
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভূমিকা নিয়ে অনেক রিপাবলিকান আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন।
প্রতিনিধি পরিষদ এবং সেনেটের নিয়ন্ত্রণ হারানোর পরিণতি নিয়ে রিপাবলিকানরা যখন হিসাব-নিকাশ শুরু করবেন, তখন ট্রাম্পের ওই মন্তব্য দলের অভ্যন্তরীণ বিভেদ কমাতে সহায়ক হবে না।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz