সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ♦ দ্ইু প্যানেলের সমর্থকদের বিপুল উপস্থিতি

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা, ২১ পদে ৪৪ প্রার্থী

উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র  জমা, ২১ পদে ৪৪ প্রার্থী

সেলিম-আলী পরিষদ ও কুনু-ফিরোজ পরিষদ

বিজ্ঞাপন
আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠেয় বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৬ সেপ্টেম্বর রোববার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে দুই প্যানেলের প্রার্থী এবং তাদের বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতিতে জমজমাট পরিবেশের সৃষ্টি হয়। 
২১টি পদের বিপরীতে সেলিম-আলী ও কুনু-ফিরোজ, দুই পূর্ণাঙ্গ প্যানেলের ৪২ জন এবং দুই স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শত শত প্রার্থী-সমর্থকের স্লোগান, করতালি, ব্যানার-ফেস্টুন এবং শুভেচ্ছা বিনিময়ে কুইন্স প্যালেস ও আশপাশের এলাকা যেন নির্বাচনী উৎসবে পরিণত হয়।
বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন ধরেই নিউইয়র্কে প্রচার-প্রচারণা ও নির্বাচনী তৎপরতা চলছিল। তবে মনোনয়নপত্র জমার দিন সেই প্রচারণা কার্যত বড় ধরনের শক্তি প্রদর্শনে রূপ নেয়। দুই প্যানেলই বিপুলসংখ্যক কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী নিয়ে কুইন্স প্যালেসে হাজির হয়। নিজ নিজ প্যানেলের প্রার্থীদের নাম ধরে স্লোগান দেন সমর্থকেরা। কোথাও করতালি, কোথাও কোলাকুলি ও করমর্দন, সব মিলিয়ে পুরো সময়জুড়ে ছিল প্রাণবন্ত নির্বাচনী আবহ।
দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ থাকলেও মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। বরং দুই পক্ষের নেতাকর্মী ও সমর্থকদের অনেককেই পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। নির্বাচন কমিশনও নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে মনোনয়নপত্র গ্রহণের কার্যক্রম পরিচালনা করে। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে অনুষ্ঠানে প্রাইভেট নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছিল। 
নির্বাচনে ২১টি পদের জন্য দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ২১ জন করে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাব্বী সৈয়দ এবং সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তি দাশগুপ্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে সব মিলিয়ে প্রার্থী হয়েছেন ৪৪ জন।
সাধারণ সম্পাদক পদে দুই প্যানেলের প্রার্থীর পাশাপাশি রাব্বী সৈয়দের স্বতন্ত্র প্রার্থিতা এই পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি করেছে। একইভাবে সাংস্কৃতিক সম্পাদক পদেও স্বতন্ত্র প্রার্থী থাকায় ওই পদে প্রতিদ্বন্দ্বিতা আলাদা মাত্রা পেয়েছে।
রাব্বী সৈয়দ পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তি দাশগুপ্তর মনোনয়নপত্র জমার সময়ও তার সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
সেলিম-আলী প্যানেল : বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে আবারও পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে নির্বাচনে নেমেছে সেলিম-আলী পরিষদ।
প্যানেল থেকে সভাপতি পদে আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি পদে মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি পদে মো. কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক পদে হারুন চেয়ারম্যান এবং কোষাধ্যক্ষ পদে নওশাদ হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদে অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদে মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদে রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক পদে এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী প্রার্থী হয়েছেন।
কার্যকরী সদস্য পদে সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা হলেন মো. উজ্জ্বল পিপুল, শামীম আহমেদ, সারওয়ার খান বাবু, মো. এ মান্নান, মোঃ আব্দুল মালেক খান এবং কাজী রবিউজ্জামান।
সেলিম-আলী প্যানেল বর্তমান কমিটির ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের চলমান কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলছে। 
মনোনয়নপত্র জমাদানকালে সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে নাজমুল হামান মানিক, দুলাল মিয়া এনাম, বামিসত রহমান, ফারুক হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। 
কুনু-ফিরোজ প্যানেল : এবারের নির্বাচনে বর্তমান নেতৃত্বের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু ও কমিউনিটি সংগঠক ফিরোজ আহমেদের নেতৃত্বাধীন কুনু-ফিরোজ প্যানেল।
প্যানেল থেকে সভাপতি পদে আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিনিয়র সহ-সভাপতি পদে দুলাল বেহেদু, সহ-সভাপতি পদে আবুল কালাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক পদে নওশেদ হোসাইন এবং কোষাধ্যক্ষ পদে মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী প্রার্থী হয়েছেন।
কুনু-ফিরোজ প্যানেলের প্রার্থীদের মধ্যে আরও রয়েছেন- সাংগঠনিক সম্পাদক পদে জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক পদে রুশদী আহমেদ চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে সৈয়দ গৌছুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক পদে মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে মোরশেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক পদে মো. মাইনুদ্দিন নটু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদে বি. মেহের চৌধুরী এবং যুব ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে কাজী হাসান প্রার্থী হয়েছেন।
কার্যকরি সদস্য পদে প্রার্থী হয়েছেন- আবু বাশার ভূঁইয়া, মাসুদুল হক ছানু, মোহাম্মদ এ সিদ্দিক পাটোয়ারী, কাওসার আলম, মনিরুল ইসলাম মনির ও প্রফেসর আব্দুল বাসির।  
কুনু-ফিরোজ প্যানেলের কয়েকজন প্রার্থী বর্তমান সেলিম-আলী নেতৃত্বাধীন কার্যকরী কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী এবং কার্যকরী সদস্য মোহাম্মদ এ সিদ্দিক পাটোয়ারী বর্তমান কার্যকরি কমিটি থেকে এবার প্রতিদ্বন্দ্বী শিবিরে যোগ দেওয়ায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে কুনু-ফিরোজ প্যানেল নিউইয়র্কের বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও নির্বাচনী গণসংযোগ করে আসছে। এসব সভায় প্যানেলের নেতারা বাংলাদেশ সোসাইটিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্যানেলটি পরিবর্তন, জবাবদিহিতা ও নতুন কর্মপরিকল্পনার কথা সামনে আনছে। 
মনোনয়নপত্র জমাদানকালে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে বেলাল মাহমুদ, আনোয়ার হোসেন, বাবুল চৌধুরী, লুৎফুল করিম, রুহুল আমিন সিদ্দিকী, মঈনুল উদ্দীন মাহবুব, সাদী মিন্টু প্রমুখ। 
নির্বাচন কমিশন : রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করে। পুরো প্রক্রিয়ার নেতৃত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার বদরুল হোসেন খান, মো. শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী খোকন, মিঠু হামিদ এবং মিয়া মোহাম্মদ দুলাল।
নির্বাচন কমিশনের সদস্যরা মনোনয়নপত্র গ্রহণ ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাশাপাশি প্রার্থী ও সমর্থকদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। বিপুল জনসমাগমের মধ্যেও মনোনয়ন গ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উৎসবমুখর কুইন্স প্যালেস : মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস এলাকায় বাড়তে থাকে প্রার্থী ও সমর্থকদের ভিড়। দুই প্যানেলের সমর্থকেরাই দলবদ্ধভাবে অনুষ্ঠানস্থলে আসেন। অনেকের হাতে ছিল নিজ নিজ প্যানেল ও প্রার্থীদের ব্যানার-ফেস্টুন। প্রার্থীরা হলে প্রবেশের সময় সমর্থকেরা স্লোগান ও করতালি দিয়ে তাদের স্বাগত জানান।
একপর্যায়ে কুইন্স প্যালেসের ভেতর ও বাইরে বিপুল মানুষের উপস্থিতিতে জায়গাটি কার্যত কমিউনিটির নির্বাচনী মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিনের পরিচিত কমিউনিটি নেতা, বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ ভোটারদেরও সেখানে দেখা যায়।
মনোনয়নপত্র জমা দিতে এসে দুই প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এক প্যানেলের সমর্থকদের সঙ্গে অন্য প্যানেলের সমর্থকদের সাক্ষাৎ, করমর্দন ও ছবি তোলার দৃশ্যও ছিল চোখে পড়ার মতো।
মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির নির্বাচন এখন আরও আনুষ্ঠানিক পর্যায়ে প্রবেশ করল। সামনে মনোনয়ন যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ১০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ভোটের দিন যত ঘনিয়ে আসবে, প্রচারণাও তত জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দুই প্যানেল ইতোমধ্যে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সভা, মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটি অনুষ্ঠানে গিয়ে সমর্থন চাইছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চলছে সমানতালে।
এবারের নির্বাচনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণ। প্রায় ৩৫ হাজার সদস্য ভোটার হওয়ার কারণে বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে দেখা হচ্ছে।
আগামী ২৫ অক্টোবরের ভোটে শেষ পর্যন্ত কারা বাংলাদেশ সোসাইটির আগামী তিন বছর মেয়াদের নেতৃত্বে আসছেন, তা নির্ধারণ করবেন ভোটাররা। তবে মনোনয়নপত্র জমার দিন দুই প্যানেলের যে বিপুল শক্তি প্রদর্শন দেখা গেছে, তাতে স্পষ্ট, ভোটের দিন পর্যন্ত বাংলাদেশ সোসাইটিকে ঘিরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির নির্বাচনী উত্তাপ আরও বাড়বে।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz