ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জন নিহত

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৬, ০২:২৯ , অনলাইন ভার্সন
ভারতের ঝাড়খণ্ডে দ্রুতগতির একটি এসইউভির (স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল) সঙ্গে ভারী যানবাহনের সংঘর্ষে একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজ্যের রামগড় জেলার রাঁচি-পাটনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাতে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, কুজু থানার পেইনকি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসইউভিটিতে ১৪ জন যাত্রী ছিলেন। ভারী যানবাহনের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর মোট ১৩ জনের মৃত্যু হয়।

আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রামগড় সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহত ব্যক্তিরা সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার ঝাংহারো গ্রামের বাসিন্দা। তারা রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পাশাপাশি বিবেক কুমারের স্ত্রী সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ায় উদযাপনের পরিকল্পনাও ছিল তাদের।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পুলিশের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার তৎপরতা তদারক করতে সেখানে যান রামগড়ের ডেপুটি কমিশনার ঋতুরাজ, পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত এবং এসডিপিও অলোক রঞ্জনসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রামগড়ের সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ভারী যানবাহনের সঙ্গে এসইউভিটির সংঘর্ষে মোট ১৩ জন নিহত হয়েছেন। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।’

পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত জানান, সংঘর্ষের পর ভারী যানবাহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সেটিকে শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। দুর্ঘটনায় এসইউভিটি দুমড়ে-মুচড়ে গেছে।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, ১৩ জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামগড় জেলায় এর আগেও একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৬ জুন লারি-বারলং এলাকায় ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে আটজন নিহত হন। তারা সবাই একটি তাশা বাদ্যদলের সদস্য ছিলেন। জেলায় ধারাবাহিক এসব দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]