জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার-কাণ্ডে ৫ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:২৬ , অনলাইন ভার্সন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে গুরুতর ভুল তথ্য প্রকাশের ঘটনায় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজনের চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার, একজনকে সাময়িক বরখাস্ত এবং অন্য তিনজনকে বদলি করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) এক চিঠির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবস্থা নেওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া, জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসান। গৌতম বড়ুয়ার চুক্তিভিত্তিক নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। মো. রাশেদুল ইসলামকে সাময়িক বরখাস্তের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে তাইয়েবা তাসনীম সিরাজ, আতিকুর রহমান হেলাল ও কামরুল হাসানকে রেজিস্ট্রার দপ্তরে বদলি করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ জানান, ভুলে ভরা ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ, দায়দায়িত্ব ও প্রক্রিয়াগত ত্রুটি চিহ্নিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব পালনে অমনোযোগিতা ও অবহেলার ঘটনায় প্রাথমিকভাবে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তাকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, ক্যালেন্ডারটি চূড়ান্ত করার প্রক্রিয়ায় উপাচার্যসহ সংশ্লিষ্ট অন্যদেরও সম্পৃক্ততা ছিল। ফলে শুধু পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উপাচার্য দায় এড়াতে পারেন না।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা বলেন, চূড়ান্ত মুদ্রণের আগে ক্যালেন্ডারের প্রুফ উপাচার্যের অনুমোদনের জন্য পাঠানোর নিয়ম রয়েছে। তাদের দাবি, উপাচার্য, কমিউনিকেশন এক্সপার্ট গৌতম বড়ুয়া ও সাবেক জনসংযোগ কর্মকর্তার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডি কার্যালয়ে ক্যালেন্ডারটি চূড়ান্ত করা হয়েছিল। এখন ঘটনার দায় অন্য কর্মকর্তাদের ওপর চাপিয়ে উপাচার্য নিজেকে দায়মুক্ত রাখার চেষ্টা করছেন।

সাময়িক বরখাস্ত হওয়া উপ-রেজিস্ট্রার মো. রাশেদুল ইসলাম একজন ফটোগ্রাফার উল্লেখ করে কর্মকর্তারা বলেন, ক্যালেন্ডারের ভুলের জন্য তাকে দায়ী করে বরখাস্ত করার বিষয়টি হাস্যকর। তাদের মতে, পুরো প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত ছিলেন, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন।

প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ এবং ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া তার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা ছিল। গত শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে ক্যালেন্ডারটি বিতরণের পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তীব্র সমালোচনার মুখে ক্যালেন্ডারটি প্রত্যাহার করে নতুন করে ছাপানোর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]