নেতানিয়াহুকে ছাড়াই সরকার গঠনে অনড় আইজেনকোট

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ২৩:১৫ , অনলাইন ভার্সন
ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তার সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা অনেকটাই নাকচ করে দিয়েছেন দেশটির মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।

রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে দুই নেতার মধ্যে দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের পরিবর্তে ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের পর এই প্রবীণ প্রধানমন্ত্রীর ক্ষমতার অবসান ঘটাতে আগ্রহী দলগুলোকে নিয়ে সরকার গঠনের সম্ভাবনাই আইজেনকোটের ক্ষেত্রে বেশি।

রোববারের বৈঠকটি চলতি মাসে নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে দ্বিতীয় বৈঠক। তবে এর আগের বৈঠকটিকে ইয়াশার পার্টির নেতার জন্য নিরাপত্তাবিষয়ক ব্রিফিং হিসেবে বর্ণনা করা হয়েছিল।

বৈঠকের পর নেতানিয়াহু ও আইজেনকোট এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আলোচনাটি ছিল বাস্তবভিত্তিক। দুই পক্ষই নিজেদের মধ্যে থাকা উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করেছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পরে ইসরায়েলের চ্যানেল ১২ নিউজ জানায়, দুই নেতার মধ্যে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। সংবাদমাধ্যমটি আইজেনকোটের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘আমি (বিরোধী) জোটের অংশীদারদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর আপনিও যোগ দিতে পারেন।’

আইজেনকোটের একজন মুখপাত্র এ খবর নিশ্চিত করেছেন।

শনিবার নেতানিয়াহু বলেছিলেন, আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠিত হলে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে রাজি আছেন। ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নিজের দল লিকুদ পার্টি ও আইজেনকোটের ইয়াশার পার্টির মধ্যে যেকোনো চুক্তির আওতায় পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী হওয়ার সমঝোতায় দ্বিতীয় অবস্থানে থাকতে রাজি হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সূত্র : রয়টার্স

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]