ক্ষমতা হারানোর আশঙ্কায় রাজনৈতিক সমঝোতার নতুন প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বে জাতীয় ঐক্যের সরকার গঠনে সম্মতি জানিয়েছেন তিনি। এমনকি প্রধানমন্ত্রীর পদ প্রথমে আইজেনকটকে ছেড়ে দিতেও রাজি হয়েছেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতা।
শনিবার (২৮ নভেম্বর) নেতানিয়াহু জানান, তাঁর দল লিকুদ এবং আইজেনকটের ইয়াশার পার্টির মধ্যে সমঝোতার ভিত্তিতে পালাক্রমে প্রধানমন্ত্রিত্বের চুক্তি হলে তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে প্রস্তুত।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। পরবর্তী সময়ে দেশটির প্রেসিডেন্ট আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেন। সেই সময়সীমা শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি।
ইতোমধ্যে আইজেনকট ডানপন্থী ইসরায়েল বেইতেনু এবং বামপন্থী ডেমোক্র্যাটস দলের সঙ্গে জোট গঠনের সমঝোতায় পৌঁছেছেন। ভিন্ন মতাদর্শের দলগুলোর সঙ্গে তাঁর এই সমঝোতা নেতানিয়াহুর ওপর রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ৬১ জন সদস্যের সমর্থন প্রয়োজন। সেই সমর্থন নিশ্চিত করতে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন আইজেনকট।
এদিকে নেতানিয়াহুর প্রস্তাবের আন্তরিকতা যাচাই করতে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন আইজেনকট। তবে দুই নেতার মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতা এখনো হয়নি।
গাজা যুদ্ধ, আঞ্চলিক সংঘাত ও অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের মধ্যেই ইসরায়েলে সরকার গঠন নিয়ে এই নতুন সমীকরণ তৈরি হয়েছে। নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটবে, নাকি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে তিনি আবারও সরকারে থাকার সুযোগ পাবেন, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের রাজনৈতিক আলোচনার ওপর।
ঠিকানা/এসআর