জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে : বিরোধীদলীয় নেতা

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৬:১১ , অনলাইন ভার্সন
জাতীয় ঐক্যের কথা বললেও সরকারই ঐক্যের পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় মেনে না নিলে দেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়। এই দুটি বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তন করতে হবে।

আজ রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বিগত অধিবেশনের শেষ দিন প্রধানমন্ত্রী আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন। আমি সেখানে গিয়েছিলাম। তাঁকে পরিষ্কার করে বলেছি, আপনি জাতীয় ঐক্যের কথা বলছেন, আমরাও তো জাতীয় ঐক্যের পথেই আছি। কিন্তু জাতীয় ঐক্যের পথে আপনারাই প্রশ্ন তৈরি করেছেন। আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন না, গণভোটের রায়ও বাস্তবায়ন করবেন না। এই দুই জায়গায় অবস্থান রেখে কখনো জাতীয় ঐক্য হতে পারে না।

তিনি বলেন, এই দুটি বিষয় মেনে নিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আলাদা কোনো উদ্যোগের প্রয়োজন হবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সব পক্ষ ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।

জামায়াত আমির বলেন, আমরা এখন পর্যন্ত পরিবর্তনের তেমন কোনো চিত্র দেখতে পাচ্ছি না। বরং প্রশাসনের সব স্তরে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে। তারা শুধু অযোগ্যই নন, ভয়াবহ দুর্নীতিবাজও। অথচ জুলাই আন্দোলনের অন্যতম আকাঙ্ক্ষা ছিল দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। এখন সেই দুর্নীতি ও বৈষম্যের স্রোতে দেশ ভেসে যাচ্ছে।
 
তিনি বলেন, এসব অন্যায়ের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। তবে সংসদ যদি একেবারেই অকার্যকর ও অপ্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে সেখানে থাকার যৌক্তিকতা নিয়েও ভাবতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা জ্বালাও পোড়াও কিংবা ধ্বংসাত্মক আন্দোলনে বিশ্বাস করি না। তবে যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি সত্যিকার অর্থেই একটি সুষ্ঠু ও বৈষম্যহীন সমাজ গড়তে চান, তাহলে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি, অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একদিকে দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে, অন্যদিকে তাদের প্রশ্রয় দেওয়া হবে–এমন দ্বিমুখী নীতি চলতে পারে না।
 
তিনি আরও বলেন, বিরোধী দল সরকারের ভুলত্রুটি আড়াল করতে বা পাহারাদারের ভূমিকা পালন করতে সংসদে যায়নি। জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দেওয়া রায়কে সম্মান করতে হবে। ৭০ শতাংশ মানুষের দেওয়া ভোটের প্রতিফলন ঘটাতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে। সরকার এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে বিরোধী দল আন্তরিক সহযোগিতা করবে। অন্যথায় জনগণের অধিকার আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]