চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী  মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৫:২৮ , অনলাইন ভার্সন
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তেমন কোনো শঙ্কা নেই এবং পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েনের কথা সরকার ভাবছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সচিবালয়ে আজ রোববার (২৯ নভেম্বর) কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই।

ঢাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

শরীয়তপুরের জাজিরায় রোববার ভোরে পদ্মা সেতুর নাওডোবা এলাকার সংঘর্ষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। এক দল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি নিয়ে এখনও বিস্তারিত তদন্ত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে জানতে চাইলে মন্ত্রী আরও বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।

কার্যক্রম নিষিদ্ধ আওমামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মনে শঙ্কা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, কোনো শঙ্কা নেই।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]