ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৭ , অনলাইন ভার্সন
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্যসহ আট দেশ।

আল জাজিরা লিখেছে, শনিবার ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক ফরাসি মন্ত্রণালয় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, ফ্রান্স, লুক্সেমবার্গ, নরওয়ে, পোল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

তাদের ভাষ্য, ফিলিস্তিন কর্তৃপক্ষের গণতান্ত্রিক নবায়নের জন্য নির্বাচন অপরিহার্য। ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ টিকিয়ে রাখার জন্য এটি গুরুত্বপূর্ণ।

এর আগে গত অক্টোবরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অক্টোবরে আইনসভার নির্বাচন স্থগিত করেন। ২০০৬ সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তিনি নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। একই দিনে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনেরও ঘোষণা দেন।

আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটি গত মাসে জানায়, অধিকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় নির্বাচন আয়োজনের অনুকূল পরিবেশ নেই।

তাদের ভাষ্য, ইসরায়েল গাজায় নির্বাচনি সামগ্রী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়নি।

পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে সর্বশেষ জাতীয় নির্বাচনের বিশ বছর পরও’ ফিলিস্তিনিরা ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন।

“ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর মূলে থাকা গণতান্ত্রিক নীতিগুলো টিকিয়ে রাখতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন অপরিহার্য।”

যৌথ বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি দেশগুলোর অব্যাহত সমর্থনের সঙ্গে সংস্কার ও গণতান্ত্রিক নবায়নের অঙ্গীকারও জড়িত।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস গত মাসে বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে নির্বাচন ‘অনেক আগেই হওয়া উচিত ছিল’।

আল জাজিরা লিখেছে, ৯০ বছর বয়সী মাহমুদ আব্বাস সর্বশেষ ২০০৫ সালে নির্বাচিত হন। ২০০৯ সালে তার মেয়াদ শেষ হলেও এরপর থেকে তিনি ডিক্রির মাধ্যমে শাসন চালিয়ে আসছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে লিখিতভাবে আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস।

২০০৬ সালের সর্বশেষ সংসদ নির্বাচনে জয়ী হয়ে গাজায় সরকার গঠন করেছিল হামাস। এরপর থেকেই ফিলিস্তিন কর্তৃপক্ষের সংখ্যাগরিষ্ঠ দল আব্বাসের ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ ও রাজনৈতিক বিভক্তি চলছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]