ইসির সংলাপে যাচ্ছে না জামায়াত, সম্মতি এনসিপির

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৬ , অনলাইন ভার্সন
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) ধারাবাহিক মতবিনিময়ে অংশগ্রহণ নিয়ে ১১ দলীয় ঐক্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জোটের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে সংলাপে বসতে চায় না। বরং ১১ দলের প্রতিনিধিদের নিয়ে জোটগতভাবে আলোচনায় অংশ নিতে আগ্রহী দলটি। এ জন্য নির্ধারিত সূচির বাইরে পৃথক সময় চেয়ে শনিবার (২৮ নভেম্বর) নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জামায়াত। ফলে রোববার ইসির নির্ধারিত সংলাপে অংশ নিচ্ছে না দলটি।

অন্যদিকে জোটের আরেক গুরুত্বপূর্ণ শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে সংলাপে অংশ নিতে প্রস্তুত। তবে কমিশন জোটগত আলোচনার সুযোগ দিলে তাতেও আপত্তি নেই দলটির। অর্থাৎ সংলাপে জামায়াত সম্মিলিত অবস্থান তুলে ধরতে চাইলেও এনসিপি দলীয় স্বাতন্ত্র্য বজায় রেখে নিজেদের বক্তব্য উপস্থাপনে আগ্রহী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা কাল (রোববার) ইসির সংলাপে অংশ নিচ্ছি না। ইসিকে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমরা জোটগতভাবে অংশ নিতে আলাদা সময় চেয়েছি।’

দলীয় সূত্র জানায়, শনিবার নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে একসঙ্গে মতবিনিময়ে অংশ নেওয়ার আগ্রহ জানানো হয়েছে। জোটের সব শরিককে নিয়ে আলোচনার জন্য পৃথক সময় বরাদ্দের অনুরোধ জানিয়েছে জামায়াত।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ে ১১ দল একসঙ্গে অংশ নিতে চায়। এ বিষয়ে কমিশনের জ্যেষ্ঠ সচিবকে জানানো হয়েছে।

জামায়াত নেতাদের মতে, নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ১১ দলের অভিন্ন অবস্থান রয়েছে। তাই প্রত্যেক দল আলাদাভাবে বক্তব্য দেওয়ার পরিবর্তে সম্মিলিতভাবে দাবি ও প্রস্তাব তুলে ধরলে জোটের অবস্থান আরও স্পষ্ট হবে। বিশেষ করে, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের করণীয়, নির্বাচনী পরিবেশ ও নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অভিন্ন প্রস্তাব দিতে চায় জোটটি। এ কারণেই নির্ধারিত সূচিতে এককভাবে আলোচনায় বসতে আগ্রহী নয় জামায়াত।

গত শুক্রবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ছাড়া অন্য শরিক দলগুলো জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার পক্ষে মত দেয়। এনসিপি তখন দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা বলে।

এককভাবে গেলেও আপত্তি নেই এনসিপির

জামায়াতের বিপরীত অবস্থানে রয়েছে এনসিপি। দলটি এককভাবেই ইসির সংলাপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১ ডিসেম্বর মতবিনিময়ের জন্য দলটিকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। নির্ধারিত দিনেই প্রতিনিধিদল নিয়ে কমিশনে যাওয়ার কথা জানিয়েছেন দলটির নেতারা।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, ‘ইসি আমাদের আগামী ১ ডিসেম্বর সংলাপের জন্য ডেকেছে। আমি সে অনুযায়ী যেতে প্রস্তুত। ওইদিন আমাদের একটি প্রতিনিধিদল ইসিতে যাবে।’

জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘জামায়াত ইসিকে জানিয়েছে, তারা জোটগতভাবে বসতে চায় এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে। এখন ইসি যদি সেটি অনুমোদন করে, তাহলে জোটগতভাবে অংশ নেব। এতে আমাদের কোনো সমস্যা নেই।’

তিন দিনে ৫৫ দলের সঙ্গে মতবিনিময়

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

সূচি অনুযায়ী, প্রথম দিন ২৯ নভেম্বর জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর আরও ১৮টি দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। শেষ দিনের আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে এনসিপি ও এবি পার্টি।

জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ দলীয় ঐক্যের সঙ্গে জোটগত আলোচনার জন্য নির্বাচন কমিশন পৃথক সময় বরাদ্দ দেয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]