মধ্যপ্রাচ্য সংকটে বাতিল হয়েছে ৫৫টি এলএনজি কার্গো : অর্থ উপদেষ্টা

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ২০:২০ , অনলাইন ভার্সন
চলমান মধ্যপ্রাচ্য সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো বাতিল হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে।

এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীতে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে বাংলাদেশে সরাসরি এর প্রভাব পড়ে। জ্বালানি আমদানিতে বেশি বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, রিজার্ভের ওপর চাপ বাড়ে। একই সঙ্গে বিদ্যুৎ ও শিল্প উৎপাদনের খরচ বেড়ে যায়, যার প্রভাব পড়ে পণ্য ও সেবার দাম তথা মূল্যস্ফীতির ওপর।

সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানি নির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত অব্যবহৃত বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি চার্জ হিসেবে ২ লাখ ৮১ হাজার ৩৮৮ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল ১৭ দিনের। বর্তমানে তা বাড়িয়ে ৩৮ দিনে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে ৯০ দিনের চাহিদা পূরণের মতো জ্বালানি মজুত গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিতে স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য থেকে বিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও কৃষিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে।

তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডের (বাপেক্স) সক্ষমতা জোরদারের ওপরও গুরুত্ব দেন সরকারের এই উপদেষ্টা। তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাতারবাড়িতে দৈনিক ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]