পেরুতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৮

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:০১ , অনলাইন ভার্সন
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রত্যন্ত অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় একমাত্র হেলিকপ্টারের পাইলট জীবিত আছেন। 

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর একটি টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিতে গিয়ে হেলিকপ্টারটি সানাবাম্বা শহরের কাছে বিধ্বস্ত হয়। এলাকাটি আপুরিমাক, এন ও মানতারো নদীর উপত্যকা বা ভ্রায়েম অঞ্চলের অন্তর্ভুক্ত। খবর বিবিসির। 

‘কোকেন ভ্যালি’ নামে পরিচিত এই অঞ্চল পেরুর সবচেয়ে বড় কোকা উৎপাদন এলাকা। সেখানে বিভিন্ন অপরাধী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যরাও সক্রিয় রয়েছে।

পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে মোট ৯ জন সামরিক সদস্য ছিলেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে তাদের সন্ধান পায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাইলট এনজো এসপিনোজা রোকেকে উদ্ধার করে বিশেষায়িত চিকিৎসার জন্য রাজধানী লিমায় নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এর আগে হেলিকপ্টারটি সেনাবাহিনীর তিন সদস্যকে উদ্ধার করেছিল। তবে ওই সেনাদের কেন উদ্ধার করতে হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। 

পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সামরিক অভিযানে দায়িত্ব পালনকালে ভ্রায়েম বিশেষ কমান্ডের সদস্যদের মৃত্যুতে তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জনের সবাই নিহত হন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, পেরু ও কলম্বিয়া বিশ্বের সবচেয়ে বড় কোকা পাতা ও কোকেন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]