দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে দরজা খুলছে থার্ড টার্মিনালের

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১:১২ , অনলাইন ভার্সন
দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে টার্মিনাল চালুর উদ্যোগ নেয় এবং চলতি বছরের ডিসেম্বরেই উদ্বোধনের রোডম্যাপ ঘোষণা করে। 

দীর্ঘ আলোচনা ও দরকষাকষি শেষে থার্ড টার্মিনাল চালুর পথে আর বাধা নেই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), মন্ত্রণালয় ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে সমঝোতার বিষয়টির পর আগামী সোমবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিক চুক্তি হবে। টার্মিনালটি উদ্বোধনের কথা ১৬ ডিসেম্বর।

বেবিচকের সূত্রে জানা গেছে, আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে প্রেস ব্রিফিং হবে। ওই অনুষ্ঠানে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল-সংক্রান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বেবিচকের পক্ষ থেকে। পরদিন সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে বেবিচক কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে এ অনুমোদন দেওয়া হয়।

তবে জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত কয়েকটি শর্ত নিয়ে এর আগে বিভিন্ন পর্যায়ে আপত্তি ও বিতর্ক তৈরি হয়। বিশেষ করে থার্ড টার্মিনাল চালু হলে প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা এবং ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগামী ১৫ বছর কোনো বেসামরিক বিমানবন্দর চালু না করার শর্ত নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সমালোচনা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়, হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রথম ও দ্বিতীয় টার্মিনালের কার্যক্রম বন্ধ রাখতে হলে সেগুলোর অবকাঠামো ও সক্ষমতা কীভাবে কাজে লাগানো হবে। বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক অপারেটরের মাধ্যমে পৃথক টার্মিনাল পরিচালনার নজির থাকার বিষয়টিও আলোচনায় আসে। ফলে রাষ্ট্রীয় বিনিয়োগে নির্মিত অবকাঠামো ব্যবহারের সুযোগ সীমিত হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে প্রশ্ন তৈরি হয়।

চুক্তির আর্থিক কাঠামো নিয়েও আগে বিতর্ক দেখা দেয়। কাঠামোগত সমঝোতা অনুযায়ী বাংলাদেশের মূল রাজস্ব পাওয়ার কথা ২৭ শতাংশ। তবে আংশিক কার্যক্রম (ওপিসিডি) থেকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক পরিচালনায় (সিএমডি) উত্তরণের অন্তর্বর্তী সময়ে জাপানি অপারেটরকে ১৩ দশমিক ৫ শতাংশ বিশেষ ছাড় দেওয়ার শর্ত নিয়ে আপত্তি ওঠে। এ ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার ক্ষেত্রে ভিন্নভাবে মাশুল ও অর্থ পরিশোধের শর্ত নিয়েও আলোচনা হয়।

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৬১০ কোটি টাকা ধরা হলেও, পরবর্তী সময়ে সংশোধিত ও অন্যান্য কাজ যুক্ত হয়ে এর খরচ বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকা। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের কাজ ৯৯ শতাংশের বেশি সম্পন্ন হবার পর ২০২৩ সালের অক্টোবরে সফট উদ্বোধন করা হয়। তারপর দুবছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও শুধু জাপানের সঙ্গে আলোচনা সফল না হওয়ার কারণে এটা চালু করা যায়নি।

বহুল আলোচিত এই থার্ড টার্মিনালের আয়তন দুই লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রী বহনের ধারণক্ষমতা রয়েছে। পাঁচ লাখ ৪২ হাজার বর্গমিটারের তৃতীয় টার্মিনালটি যুক্ত হলে বছরে ২ কোটি পর্যন্ত যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিং করা যাবে। ১৬টি ব্যাগেজ বেল্টসহ অত্যাধুনিক সব সুবিধা রয়েছে নতুন এ টার্মিনালে। এ ভবনের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। এতে থাকবে বেশ কয়েকটি স্ট্রেইট এক্সকেলেটর। যারা বিমানবন্দরের দীর্ঘপথ হাঁটতে পারবেন না, তাদের জন্য এ ব্যবস্থা।

সিঙ্গাপুর, ব্যাংককসহ বিশ্বের অত্যাধুনিক ও বেশি যাত্রী প্রবাহের বিমানবন্দরগুলোতে এ ধরনের এক্সকেলেটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এটি যাত্রীদের শান্ত ও মসৃণ যাত্রার অভিজ্ঞতা দেয়। নতুন এ টার্মিনালে যাত্রীদের ব্যাগের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক তিনটি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে। এগুলো হলো- রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং ওড সাইজ (অতিরিক্ত ওজনের) ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের ১৬টি রেগুলার ব্যাগেজ বেল্ট থাকবে টার্মিনালটিতে।

অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য স্থাপন করা হয়েছে আরও চারটি পৃথক বেল্ট। টার্মিনালের প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে একটি করে দৃষ্টিনন্দন বেবি কেয়ার লাউঞ্জ। এ লাউঞ্জের ভেতর মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ, ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরে ফ্যামিলি বাথরুম করা হয়েছে।

এছাড়া বাচ্চাদের স্লিপার-দোলনাসহ একটি চিলড্রেন প্লে এরিয়াও রাখা হয়েছে এখানে। ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে হেলথ ইন্সপেকশন রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট-এইড রুম, করোনাসহ নানা রোগের টেস্টিং সেন্টার ও আইসোলেশন এরিয়া।

অত্যাধুনিক এ টার্মিনাল ভবনে থাকবে ১০টি সেলফ চেক-ইন কিওস্ক (মেশিন)। এগুলোতে পাসপোর্ট ও টিকিটের তথ্য প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে বোর্ডিং পাস ও সিট নম্বর। এরপর নির্ধারিত জায়গায় যাত্রী তার লাগেজ রাখবেন। স্বয়ংক্রিয়ভাবে লাগেজগুলো উড়োজাহাজের নির্ধারিত স্থানে চলে যাবে।

তবে নির্ধারিত ৩০ কেজির বেশি ওজনের ব্যাগেজ নিয়ে এখানে চেক-ইন করা যাবে না। যাত্রীদের জন্য আরও ১০০টি চেক-ইন কাউন্টার থাকবে এ টার্মিনালে। অবসরে যাত্রীদের সময় কাটানোর জন্য নতুন এ টার্মিনালে শিগগিরই করা হচ্ছে মুভি লাউঞ্জ, এয়ারলাইন্স লাউঞ্জ। এ দুই লাউঞ্জ বাদে অন্যান্য স্থাপনাগুলো ইতোমধ্যে বসানো হয়েছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]