আগুন কার্ডের কেন হট মার্কেট?

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৮ , অনলাইন ভার্সন
গুজবের হাটবাজারে ভরা বঙ্গদেশ। টোকা দিলেই জ্বলে। কেশ বাজারও পায়। নড়াইলে ২০০ হিন্দু পরিবারের বাড়িতে আগুনের গুজবে দেশ কাঁপিয়ে দেয়া হয়েছে। বিএনপির দু’জনের লাশও পড়েছে। আসলে ওখানে কোনো হিন্দু বাড়ি-ঘরই ছিল না। কী চমৎকার না খেলাটা?
ভারতীয় মিডিয়ায় আগুনের খবরগুলোর বেশ গুরুত্ব। আওয়ামী লীগ সারা দেশে তাদের ভাষায় প্রতিরোধ আন্দোলন করছে। কিছু সুশীল, বুদ্ধিজীবীও তা গ্লোরিফাই করছেন। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন, এর প্রস্তুতি হিসেবে তারা এ শো ডাউনগুলো করছেন। সুফলও পাচ্ছেন। যুক্তিও তো আছে। এরপরও প্রশ্ন হয়ে থাকছে, গত কয়েকদিনের সহিংসতায় আওয়ামী লীগ সিমপ্যাথি পাবে , না জঙ্গী হিসেবে স্বীকৃতি পাবে— এর নিষ্পত্তি কি হবে?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অগ্নিসংযোগ ও আগুনের ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি ও পুরনো ফুটেজ ব্যবহারে গুজবের হাটটি বেশ জম্পেশ। আগুনের এ খেলা গ্রামীণ ব্যাংক এবং ইউনূসের বাড়িতেও চলে গেছে। হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা মসজিদে অগ্নিসংযোগের ছবিটিও ফেক। ফ্যাক্ট-ওয়াচের যাচাইয়ে দেখা যায়, ছবিটি ২০২৫ সালের এপ্রিলের ভিন্ন একটি ঘটনার। সিলেটের উপশহরে আগুনের ছবিটি এআই দিয়ে তৈরি। ফল বরকত দেখেই এসবের অবতারণা। আর রাজনীতিতে এ সুযোগ কি কেউ হাত ছাড়া করে? 
এ স্রোতে বিএনপি কয়েক দিন মাইর খেয়ে ধৈর্য্যরে পরিচয় দিয়েছে, আওয়ামী লীগ আসলেই একটা বাজে দল, ক্ষমতায় থেকেও বিএনপি খারাপ কিছু করে না— এমন একটি হাইপ তোলার চেষ্টা করেছে। বিপদ রুখতে এখন একটু নড়েচড়ে বসে  বিরোধীদের সাথে সংলাপ শুরু করেছে। বিপদ কেটে গেলে কী করবে? প্রশ্নটি ওজনদার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নেতারা যথার্থ বলেছেন, কেবল আওয়ামী লীগ রুখতে ঐক্যবদ্ধ হওয়ার মানে হয় না। এক্যের স্পষ্টতা চেয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা। বিএনপির পক্ষ থেকে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে, পলাতক শক্তি যাতে দেশে কোনো নাশকতা ও অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। এর মানে কী দাঁড়ায়? 
পুলিশের ক্রস ফায়ারের বাসনা-আকাঙ্খা টেকেনি। আত্মরক্ষার্থে কাজ সারিয়ে দেয়ার গ্যারান্টি-ওয়ারেন্টি মিলেছে। চলমান ককটেল-আগুন, নাশকতার আগে ক্রস ফায়ারের ঢেঁকুর এসেছিল পুলিশ প্রধান আলী হোসেন ফকিরের মাধ্যমে। সরকার চাইলে পুলিশ ক্রসফায়ারে প্রস্তুত বলে জানিয়ে দেশে একটা ঘোর তৈরি করেন তিনি। হন চরম সমালোচিত। সরকার ও ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায় থেকে তার বক্তব্যকে গর্হিত বলে মন্তব্যও আসে। তবে, পুলিশ এসোসিয়েশন থেকে আইজিপির অভিপ্রায়ে সহমত জানানো হয়। তা কি ক্রস ফায়ারের বিষয়ে পুলিশের মনোজাগতিক আগ্রহ-আকাঙ্খার প্রকাশ নয়?
এখন পর্যন্ত তাদের সেই আশা মেটেনি। তবে, সময়ের ব্যবধানে ঘুরিয়ে প্যাঁচিয়ে কাছাকাছি বার্তা পেয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে আত্মরক্ষার্থে কাজ সারিয়ে ফেলার সুযোগ দেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলাবাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে। অনানুষ্ঠানিক নয়, সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। তার ভাষায়, এখন থেকে অপারেশনের সময়ে ‘রাইটস অব প্রাইভেট ডিফেন্সের’ আলোকে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে। এর নেক্সট অ্যাপিসোডের অপেক্ষা ছাড়া এখন আর করার কি আছে? 
লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন, ঢাকা। 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]