আইসের হাতে আটক  বাংলাদেশি নজরুল

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩২ , অনলাইন ভার্সন
নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) পুলিশের হাতে আটক হয়েছেন সিলেটের নজরুল ইসলাম। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে বিমানে করে এক বন্ধুর সঙ্গে মিশিগান যাওয়ার পথে বিমানবন্দরে তাঁর অভিবাসন-সংক্রান্ত তথ্য যাচাই করতে গিয়ে কর্তৃপক্ষ তাঁকে আটক করে। 
পরে তাঁকে গ্রেপ্তার করে প্রথমে নিউজার্সির একটি আইস ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয়েছে নিউইয়র্কের বাফেলো ডিটেনশন সেন্টারে।
নজরুল ইসলাম সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। গত পাঁচ বছর ধরে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। তাঁর আশ্রয় (অ্যাসাইলাম) আবেদনের প্রক্রিয়া এখনো চলমান। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছিলেন তিনি। নিউইয়র্কে একাই থাকেন নজরুল। তাঁর পরিবারের সদস্যরা বাংলাদেশে বিয়ানীবাজারে বসবাস করেন।
নজরুলের আটকের খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু আগামীর সময়কে বলেন, নজরুলের জামিনের ব্যবস্থা করতে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাঁর আত্মীয়স্বজনকেও বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে অ্যাটর্নি মইন চৌধুরী আগামীর সময়কে বলেন, যাঁদের বৈধ অভিবাসনসংক্রান্ত কাগজপত্র নেই, তাঁদের বিমানে যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। নজরুল ইসলামকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যাঁদের অ্যাসাইলাম আবেদন বিচারাধীন কিংবা আদালতে মামলা চলমান, তাঁদেরও চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
এদিকে বাফেলো ডিটেনশন সেন্টারে বাংলাদেশি নাগরিকদের আটকের সংখ্যা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি সাংবাদিক আরিফুল ইসলাম। বাফেলোতে বসবাসরত এই সাংবাদিক প্রতিবেদককে বলেন, বর্তমানে ওই ডিটেনশন সেন্টারে প্রায় ৫০ জন বাংলাদেশি আটক রয়েছেন। তাঁদের মধ্যে গত তিন মাসে ১২ জনকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।
নজরুলের আটকের ঘটনা নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]