অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল : আরিফুল হক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২৩:১০ , অনলাইন ভার্সন
মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে।

মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রবাসী বৈধ বা অবৈধ নির্বিশেষে প্রত্যেক মরদেহ দেশে ফেরত আসামাত্রই প্রত্যেকের পরিবারকে দাফন বা সৎকার বাবদ ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বলেও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উল্লেখ্য, বৈধ-অবৈধ নির্বিশেষ প্রবাসী কর্মীদের মরদেহ দাফনে আর্থিক সহায়তা নিশ্চিতে সরকারের প্রতি আবেদন রেখেছিল জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব। বর্তমান পাসপোর্ট এবং বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ অবৈধ বা অনিয়মিত কর্মী বিদেশে মারা গেলে অন্য সহায়তা তো নয়ই, দাফনের টাকাও পান না।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এ সময় বিদেশে অবস্থানরত প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। ইতোমধ্যে জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরুল হাসান তরফদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপিল বিভাগের বিচারপতির  পদমর্যাদা) জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

৩ পর্বের অনুষ্ঠানের অভিষেক অংশে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্যসচিব জাকির হোসেন। সংবর্ধনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তোফায়েল খান, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নবঞ্চিত জালালাবাদ অঞ্চলের বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ। সমাপনী পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কনকচাঁপাসহ গুণী শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা  উপভোগের মধ্য দিয়ে সাঙ্গ হয় রাজধানীর বুকে সিলেটিদের দিনভর মিলনমেলার।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]