ঢাকা-দিল্লির টানাপোড়েন

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে অনিশ্চয়তা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৮:২৮ , অনলাইন ভার্সন
আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ। কিন্তু চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের অবস্থানে এখনো অমিল রয়ে গেছে। বাংলাদেশ নতুন চুক্তিতে নিশ্চয়তা সংক্রান্ত ধারা যুক্ত করার দাবি জানালেও ভারতের ভেতরে বর্তমান কাঠামোয় চুক্তি নবায়নের বিরোধিতা রয়েছে। এরই মধ্যে ঢাকায় দুই দেশের বৈঠক অনুষ্ঠিত হলেও চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় বৈঠক করেছে বাংলাদেশ ও ভারত। তবে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের বিষয়ে কোনো আলোচনা হয়নি। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে নিশ্চয়তা সংক্রান্ত একটি ধারা যুক্ত করার দাবি এবং ভারতের পক্ষ থেকে চুক্তির অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে আপত্তি—দুই দেশের মধ্যে চুক্তি নবায়নের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এনডিটিভিকে জানিয়েছেন, ভারতের ভেতরেও অনেকে মনে করছেন, এই চুক্তির কারণে দেশটিকে বড় ধরনের অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। চুক্তি নবায়নের আগে এসব বিষয় সমাধান করা প্রয়োজন।

এর আগে, গত সপ্তাহান্তে ঢাকায় অনুষ্ঠিত গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। মূলত ১৯৯৬ সালে চুক্তি স্বাক্ষরের পর এর বিধান অনুযায়ী দুই দেশের সমসংখ্যক মনোনীত প্রতিনিধিকে নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়। প্রতিবছর নিয়মিতভাবে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। যৌথ কমিটিতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের পানিসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার (এফএম) এবং যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

এরও আগে, গঙ্গার পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম বৈঠকে অংশ নিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সপ্তাহান্তে ঢাকায় আসে। গত শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান ভারতীয় প্রতিনিধিরা। বৈঠক শেষ করে গত সোমবারই (২৩ নভেম্বর) তারা ঢাকা ত্যাগ করেছে।

১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। এর আগে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে যৌথ কমিশনের বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা রাখাই হয়নি। এদিকে চুক্তি নবায়নের আগে এতে নিশ্চয়তা সংক্রান্ত ধারা যুক্ত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশের বিভিন্ন মহল। অন্যদিকে ভারতের বিশেষ করে বিহার রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান কাঠামোয় এই চুক্তি নবায়ন করা সম্ভব নয়।

ভারতের রাজ্যসভার সদস্য এবং জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা বলেন, ‘৩০ বছরের তথ্য-উপাত্তে দেখা গেছে, ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির কারণে গুরুতর পরিবেশগত ও অর্থনৈতিক ক্ষতি হয়েছে, বিশেষ করে বিহারের ক্ষেত্রে। ২০২৬ সালের ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ বিষয়ে জনতা দলের (ইউনাইটেড) অবস্থান স্পষ্ট—বর্তমান কাঠামোয় চুক্তিটি নবায়ন করা উচিত নয়। ভারতের উচিত চুক্তির মেয়াদ শেষ হতে দেয়া এবং ২০৫০ সাল পর্যন্ত বিহারসহ অববাহিকার অন্যান্য রাজ্যের বৈজ্ঞানিকভাবে নিরূপিত পানির চাহিদার ভিত্তিতে নতুন করে আলোচনা করা। এ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিহারের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

জনতা দল (ইউনাইটেড) ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) শরিক দল। ফারাক্কা ব্যারাজ নিয়ে দলটি বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কায় গঙ্গার পানি হুগলি নদীতে প্রবাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতা ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের পানির চাহিদা এবং কলকাতা বন্দরের নাব্যতা অনেকটাই এই পানি প্রবাহের ওপর নির্ভরশীল। বাংলাদেশে প্রবেশের কয়েক কিলোমিটার আগে গঙ্গার ওপর নির্মিত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে এই পানি হুগলি নদীতে প্রবাহিত করা হয়।

মূলত ৩০ বছর মেয়াদি ভারত-বাংলাদেশ গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ একটি বিষয়।

গত অক্টোবর মাসে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাংবাদিকদের বলেছিলেন, ‘নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির মতো নিশ্চয়তা সংক্রান্ত ধারা পুনর্বহাল করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।’

এদিকে আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং চুক্তি নবায়ন না করার দাবির বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘গঙ্গাসহ আন্তসীমান্ত নদীর পানিসংক্রান্ত সব বিষয় আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। ভারতের স্বার্থ সুরক্ষার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে এ বিষয়ে সমাধানে পৌঁছানোর জন্য ভারতকে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। তবে তারা একটি চিঠিরও কোনো জবাব দেয়নি। মন্ত্রী বলেছেন, তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাননি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, ইতিমধ্যে আমাদের বিশেষ কমিটির থেকে টিআরসি আমরা দুইটা চিঠি পাঠিয়েছি পার্শ্ববর্তী দেশকে। একটা চিঠির উত্তর দেন নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়েছি। এখন পর্যন্ত সে উত্তর পাই নাই। আমরা জানি ষড়যন্ত্র কোথায়। আমরা জানি তাদের অবস্থান কী। তবে বাংলাদেশ বসে নেই জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, এই কারণেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করতেছি পানিটাকে ধরে রাখার জন্য। এ জন্যই আমরা পদ্মা ব্যারেজ হাতে নিয়েছি পানিটাকে রিজার্ভ করার জন্য। এ জন্যই আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিয়েছি, যেন আমরা ওই পানিটাকে ধরে রেখে উৎপাদন উন্নয়ন বৃদ্ধি করতে পারি।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে সমাধানে পৌঁছাতে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনার—ওনার সঙ্গে কথা বলেছি, আমন্ত্রণ জানিয়েছি। উনি এসেছেন, আশ্বস্ত করেছেন। কিন্তু নমুনা এখনো পাচ্ছি না।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানিবণ্টন চুক্তিতে সই করেন। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ৩০ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি। এর আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে গঙ্গার পানির বণ্টন নির্ধারণ করা হয়।
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]