কদর টাকার, মানুষ মূল্যহীন

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৯ , অনলাইন ভার্সন
পাকিস্তান আমলে পশ্চিম পাকিস্তান কতভাবে যে পূর্ব পাকিস্তানকে শোষণ করত, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করত, তার খতিয়ান উপস্থিত করা কঠিন। আমাদের সোনালি আঁশ পাটের টাকায় ইসলামাবাদের সৌন্দর্য বৃদ্ধি পেত, আমরা থাকতাম মিসকিনের মতো। ঔপনিবেশিক শাসন বাঙালিদের ওপর এতটাই প্রবল ছিল যে সাতচল্লিশের স্বাধীনতা আমাদের কাছে ছিল দুঃস্বপ্ন। মুক্তি ছিল রূপকথার গল্পের মতো। মুহম্মদ আলী জিন্নাহর দ্বিজাতিতত্ত্ব বাঙালিদের জন্য কত বড় ধোঁকা ছিল, তা পাকিস্তান ভাগ হওয়ার পরপরই বাঙালি সমাজ বুঝে গিয়েছিল।
যখন বাঙালিরা মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে জেগে উঠতে শুরু করল, তখন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী যেন আরও কঠোরতার নীতি গ্রহণ করল এবং বাঙালিদের ওপর অত্যাচার, নিপীড়ন, জেল-জুলুমের মাত্রাও বৃদ্ধি পেল। কিন্তু কথায় বলে, বাঁধন যত শক্ত হয়, সেই বাঁধন ছিঁড়ে বের হয়ে আসার ক্ষণও এগিয়ে আসে। আমাদের বাঙালিরাও তেমনি অত্যাচার যত কঠোর হতে থাকে, শিকল ছেঁড়ার আশঙ্কায় ততই মরিয়া হয়ে উঠতে থাকে। ইতিহাসের অনিবার্য পরিণতি, বাঙালিদের পায়ে পাকিস্তানিদের পরানো শেকল ১৯৭১ সালে ছিঁড়ে যায়।
সে শেকল এমনি এমনি ছিঁড়ে যায়নি। এর জন্য অকল্পনীয় মাশুল গুনতে হয় বাঙালিদের। ভেঁতো বাঙালি বলে যাদের দুর্নাম ছিল, তারাই একাত্তরে পাকিস্তানি সেনাশাসকের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় স্বাধীনতা ও সকল রকম শোষণ-বঞ্চনা থেকে মুক্তির নেশায়। পাকিস্তানি বাহিনী রক্তের নেশায় ঝাঁপিয়ে পড়ে মুক্তিকামী বাঙলিদের ওপর। ৭ মার্চ ১৯৭১, রৌদ্রস্নাত সকাল। ঢাকার রেসকোর্স ময়দান। বাঙালিদের সেই বিসর্জন এবং তার মধ্য দিয়ে যে শ্রেষ্ঠ অর্জন, সে ইতিহাস সকলের জানা হলেও এখনো নানা প্রসঙ্গে তা বারবার উঠে আসে। পৃথিবী যত দিন থাকবে, শেষ বাঙালির অস্তিত্ব থাকা পর্যন্ত সেই ইতিহাসের পুনরাবৃত্তি হবে।
৭ মার্চের সেই সকালে রেসকোর্স ময়দানে জমায়েত হওয়া জনসমুদ্র গর্জে উঠল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠে যখন উচ্চারিত হলো ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’, তখন মুক্তি ও স্বাধীনতার নেশায় বাঙালিরা ভুলে গেল জীবনের মায়া। স্ত্রী-পুত্র-কন্যা আর সংসারের টান ছিন্ন করে স্বাধীনতার সশস্ত্র লড়াইয়ে অংশ নিল। অন্যদিকে ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর নির্মম গণহত্যা চালায়, তখন সমগ্র দেশ এক ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে পড়ে। সেই সংকটময় সময়ে জিয়াউর রহমান সাহসিকতার সঙ্গে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন এবং দেশ ও জাতিকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধে গোটা জাতিকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা। এই যুদ্ধে প্রাণ দিল ৩০ লাখ মানুষ। সম্ভ্রম হারালেন দুই লক্ষাধিক মা-বোন। সংসার উজাড় হলো অসংখ্য মানুষের। অবশেষে সেই স্বাধীনতা। সেই চিরপ্রার্থিত মুক্তি। নতুন দেশ—বাংলাদেশ। নতুন মানচিত্র। নতুন পতাকা। নতুন জাতীয় সংগীত। সেই সঙ্গে নতুন সরকার।
কিন্তু স্বাধীনতার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সরকার সেবক না হয়ে শাসক হয়ে বসল। নতুন চেহারা। বন্দোবস্ত সেই পুরোনো। তাই দেশ স্বাধীন হলো কিন্তু মানুষের মুক্তি মিলল না। সেই পুরোনো শোষণ, পুরোনো বঞ্চনা। মানুষ মুক্তির লক্ষ্যে দাবি তুললেই পুলিশের লাঠি, গুলি। জেল-জুলুম। মুক্তিযুদ্ধের সময় মানুষ ভিটেমাটি ছেড়ে যেমন ভারতে আশ্রয় নিয়েছিল, ঠিক তেমনি যার যেমন সাধ্য চেষ্টা-তদবির করে ভাগ্যান্বেষণে স্বদেশ-স্বজন ছেড়ে বিদেশে পাড়ি জমানোর জন্য ব্যাকুল হয়ে উঠল। কেউ সফল হলো, ব্যর্থ হয়ে অনেকেই সর্বস্ব খোয়াল। অনেকের জীবনও গেল।
বাঙালির মায়ার শরীর। তাই দেশ ছেড়ে এলেও বুকের মধ্যে আসন পাতল স্বদেশ। আত্মীয়স্বজনের কষ্টে মন কাঁদে। দেশের ক্লিষ্ট অর্থনীতিতে প্রবাসীর মন বিষণ্ন হয়ে ওঠে। প্রবাসীদের আয় দু’ভাগ হতে থাকল। এক ভাগ প্রবাসে নিজের সংসার—স্ত্রী-পুত্র-কন্যার জন্য। আরেক ভাগ দেশের আত্মীয়স্বজন এবং স্বদেশের অর্থনীতির চাকা সচল রাখার লক্ষ্যে। কিন্তু প্রবাসীদের ললাট লিখন পাল্টাল না। নতুন মোড়কে শোষণ-হয়রানি। আর সে কথা বলার জন্যই এত কথার উপস্থাপনা।
সরকারের দৃষ্টিতে মনে হয় প্রবাসীরা দেশত্যাগের অপরাধে অপরাধী। দেশে বিলিয়ন বিলিয়ন ডলার পাঠানো যেন সেই অপরাধের শাস্তি। টাকা পাঠাও কিন্তু দেশে এসে বিনিময়ে নিরাপত্তা চেয়ো না, সুখ চেয়ো না। দেশে এলেই হয়রানি। প্রাণে মেরে ফেলার হুমকি। মিথ্যা মামলা। হয়রানির শুরু স্বদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই। বিমানবন্দরে আপনার স্যুটকেস-ব্যাগ কেটে মালামাল বের করে নেওয়া। ইমিগ্রেশনে হয়রানি। এরপর যত দিন দেশে অবস্থান করবেন, তত দিন আপনাকে থাকতে হবে ২৪ ঘণ্টা আতঙ্কের মধ্যে। ভয়ভীতি, মিথ্যা মামলা, নগদ টাকার দাবি, সম্পত্তি হাতিয়ে নেওয়ার হাজার রকম ফন্দি-ফিকির। নিজের সন্তান-সন্ততিকে আটক করে দাবি আদায়। যত দিন দেশে থাকবেন, তত দিন আপনাকে এই পরিস্থিতি মোকাবিলা করে চলতে হবে। আপনি সুখের আশায় দেশে আসবেন কেন? প্রবাসে মুখে রক্ত তুলে রাতদিন শ্রম বেচে আয় করবেন আর দেশে পাঠাবেন। টাকা মিষ্টি। যারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করেন, তারা তিতা। তারা মূল্যহীন।
সব কথার সত্যতা মিলবে ১৮ নভেম্বর সংখ্যা ঠিকানার শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম থেকে। সচিত্র সংবাদটির মূল শিরোনাম : ‘রেমিট্যান্সে কদর, দেশে ফিরলেই হয়রানি’। সঙ্গে উপশিরোনাম : “পুলিশের বেপরোয়া ‘অজ্ঞাত আসামি’ বাণিজ্য, সর্বত্র টার্গেট প্রবাসীরা”। সংবাদটির সূচনা হয়েছে এভাবে, ‘আপস না করলে বিমানবন্দরে আটকে দেবে পুলিশ। যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না।’ দেশ ভ্রমণে যাওয়া নিউইয়র্ক প্রবাসী এক বাংলাদেশিকে নাকি এমনটাই বলা হয়। দেশে যাওয়ার প্রায় এক মাস পর তিনি জানতে পারেন, ‘পুরোনো এক ঘটনায় প্রবাসীর করা মামলায় তাকে আসামি করা হয়েছে।’ যুক্তরাষ্ট্রে ফিরতে হবে, তাই স্থানীয় সালিসে মোটা টাকা দিয়ে তারপর তাকে যুক্তরাষ্ট্রে ফিরতে হয়। এরকম ঘটনা একটা নয়। শত শত অভিযোগ।
অথচ নভেম্বর মাসের প্রথম ২২ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৩৫ কোটি ৭০ লাখ ডলার। তাই তো বড় আক্ষেপের সঙ্গে বলতে হয়, প্রবাসীদের পাঠানো ডলার মিষ্টি লাগে। কিন্তু প্রাণান্ত পরিশ্রম করে যারা টাকা পাঠায়, তারা মূল্যহীন। তাদের কোনো কদর নেই। এ পরিস্থিতির আদৌ কখনো পরিবর্তন ঘটবে কি না, কে জানে।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]