‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে বরখাস্ত হলেন বিমানের কর্মকর্তা

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ , অনলাইন ভার্সন
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. রফিকুল আলম।

বৃহস্পতিবার বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদের সই করা ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।

ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা যায়, একটি ভিডিওতে ‘১৬ই ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]