দুই শর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজি জামায়াত

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ , অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনায় অংশ নিতে চায় দলটি। পাশাপাশি সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। জামায়াত জানিয়েছে, ১১ দলীয় ঐক্যকে সঙ্গে নিয়েই সংলাপে বসতে চায় তারা। এ বিষয়ে দলটি অনড়। একই সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাবও দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপেও ১১ দলীয় ঐক্যের শরিকদের একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার জোটের নেতারা ইসির সঙ্গে মতবিনিময়ে বসবেন।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের আমন্ত্রণেও সাড়া দেওয়া হয়েছে, তবে ১১ দলের ব্যানারে।

জোটের পক্ষ থেকে কী কী দাবি উত্থাপন করা হবে, তা চূড়ান্ত করতে শুক্রবার ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে সরকারের সঙ্গে সংলাপ ও নির্বাচন কমিশনের মতবিনিময়ের পাশাপাশি কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে জামায়াতের অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও শুরু থেকেই সম্মিলিত আলোচনার পক্ষে অবস্থান নিয়ে আসছে জামায়াত। তবে সংলাপের প্রথম আমন্ত্রণ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জানানো এবং তাদের সঙ্গে একক বৈঠকের পর ১১ দলীয় ঐক্যের মধ্যে আলোচনা তৈরি হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতারা বৈঠক করেন। সেখানে সংলাপের ধরন, আমন্ত্রণের প্রক্রিয়া ও জোটের সম্মিলিত অবস্থান নিয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হওয়ার কথা রয়েছে। প্রথম দিন বিএনপি-জামায়াতসহ ১৯টি দলকে আমন্ত্রণ জানিয়েছে ইসি। জামায়াত চায়, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সম্মিলিতভাবে এসব আলোচনায় অংশ নিতে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]