রাইজিং স্টারস এশিয়া কাপ

লঙ্কান ওপেনারদের ব্যাটিং তাণ্ডবে ভারতের বিদায়

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ , অনলাইন ভার্সন
লক্ষ্যটা যেহেতু ৩১৮ এবং প্রতিপক্ষ ভারত, তখন একটু হলেও বিচলিত হওয়ার কথা। কিন্তু শ্রীলঙ্কার দুই ওপেনার লাসিথ ক্রসপুলে ও সিনেথ জয়াবর্ধনের ব্যাটিং দেখে তা মনে হয়নি। ভারতের বোলারদের রীতিমতো তুলাধোনা করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই লঙ্কান ব্যাটার। ৫১ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

দোহায় ৩১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন ক্রসপুলে ও জয়াবর্ধনের। তাদের ১৭৪ রানের ওপেনিং জুটি জয়ের ভিত গড়ে দেয়। জয়াবর্ধনে ৭০ বলে ১০৫ রান করেন। তার ১৫০ স্ট্রাইকরেটই বলে দিচ্ছে ব্যাট হাতে কতটা দারুণ ছন্দে ছিলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছয়। জয়াবর্ধনে বিদায় নেওয়ার পর রানের চাকা সচল রাখেন ক্রসপুলে। পূরণ করেন নিজের সেঞ্চুরি। তার ১০৭ বলে ১১৬ রানের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ৩টি ছক্কায়।

ক্রসপুলে আউট হওয়ার পরও শ্রীলঙ্কার প্রয়োজন ছিল আরও ৫৩ রান। তবে নিশান মাদুশাঙ্কার আর পবন রথনায়েকর দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। মাদুশাঙ্কা ৫৮ রানে ও রথনায়েক ৩১ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওপেনিংয়ে বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মার ব্যাটে দ্রুত রান তুলতে থাকে দলটি। প্রথম উইকেটে ৮০ রানের জুটি গড়ার পর অষ্টম ওভারের শেষ বলে বিদায় নেন সূর্যবংশী। জনিথ লিয়ানাগের বলে ক্রসপুলের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তার ২৭ বলের ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা।

অভিষেকও দারুণ ব্যাটিং করেন। ৬৩ বলে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক তিলক ভার্মার ব্যাট থেকে আসে ৬৬ বলে ৫৩ রান। দুজনের ব্যাটে ১৫৯ রানে পৌঁছায় ভারত। এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। ১৯৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর ২৩৫ রানেই ষষ্ঠ উইকেটের পতন ঘটে।

তবে শেষ দিকে শাহবাজ আহমেদ ও তনুশ কোটিয়ান দলের হাল ধরেন। সপ্তম উইকেটে ৭৩ রানের জুটি গড়েন তারা। শাহবাজ ৪৮ বলে ৫৪ এবং কোটিয়ান ৩০ বলে ২৮ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। শ্রীলঙ্কার হয়ে নিপুন ধনঞ্জয়া,লিয়ানাগে ও রাভিন্দু ফার্নান্দো দুটি করে উইকেট নেন।

আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেছিলেন ১৫ বছর বয়সী সূর্যবংশী। সেই ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। এবারও শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি তিনি।

আরেক সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]