বিএনপির দু’পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৫:০৪ , অনলাইন ভার্সন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নদী সাঁতরিয়ে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামের আরও এক ব্যক্তি। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসময় সেলিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। এর জেরে ভোরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

 এ ব্যাপারে  মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, এলাকার আধিপাত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ সদর জেনারেল হাসপাতালে রয়েছে বলেও জানান ওসি। 

এদিকে নিখোঁজের ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।'

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]