যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দুই পক্ষ কখনো একই দাবিতে আলাদা দিনে বিক্ষোভ করছে, কখনো একই কর্মসূচিতে হাজির হচ্ছে পৃথক ব্যানার নিয়ে। বাংলাদেশে ক্ষমতা হারানোর পর যুক্তরাষ্ট্রে দলীয় তৎপরতা চললেও কর্মসূচি ঘিরে এক হতে পারেনি নেতৃত্ব। সরকারের সময় থেকেই সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্ব নিয়ে যে বিরোধ ছিল, দলের দুঃসময়ে তা আরও প্রকাশ্য হয়েছে। প্রায় দেড় দশক ধরে কমিটি পরিবর্তন না হওয়া, পদ-পদবি নিয়ে ক্ষোভ এবং আলাদা আঞ্চলিক কমিটি গঠনের মধ্য দিয়ে সেই বিরোধ এখন নিউইয়র্ক স্টেট ও সিটি কমিটি পর্যন্ত ছড়িয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর যুক্তরাষ্ট্রে একাধিক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন দলের নেতা-কর্মীরা। কোনো দিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ হয়েছে, অন্য দিন একই দাবিতে কর্মসূচি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার। আবার দুই পক্ষ একই কর্মসূচিতে যোগ দিলেও নিজেদের ব্যানার রেখেছে আলাদা। সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচি জোরদার হলেও এই বিভক্তি কাটেনি।
একটি অংশের নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। তাঁর সঙ্গে আছেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, প্রবাসীকল্যাণ সম্পাদক মো. সোলায়মান আলীসহ কার্যকরী কমিটির কয়েকজন নেতা। কমিটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা তাঁর সঙ্গে কর্মসূচিতে না থাকায় অপেক্ষাকৃত নতুন নেতাদের নিয়ে সভা-সমাবেশ করছেন সিদ্দিকুর রহমান। তাঁদের কয়েকজনকে সাংগঠনিক পদ দেওয়ার অভিযোগও রয়েছে। এ নিয়েই পুরনো নেতা-কর্মীদের একাংশের ক্ষোভ।
অন্য অংশে রয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী। কমিটির তিন সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন এবং আইনবিষয়ক সম্পাদক শাহ বখতিয়ারও তাঁদের সঙ্গে রয়েছেন।
কার্যকরী কমিটির কয়েকজন সিনিয়র ও মধ্যম সারির নেতা অবশ্য এই বিভক্তিতে কোনো পক্ষের সঙ্গে নিজেদের যুক্ত করেননি। তাঁদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, অর্থ সম্পাদক আবুল মনসুর খান এবং যুগ্ম সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম। তাঁরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলেও দুই পক্ষের সাংগঠনিক টানাপোড়েন থেকে দূরে থাকছেন।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা বলেন, সিদ্দিকুর রহমান প্রায় ১৫ বছর ধরে সভাপতির দায়িত্বে আছেন। দীর্ঘদিনের সক্রিয় নেতা-কর্মীদের মূল্যায়ন না করে অপেক্ষাকৃত নতুনদের পদ-পদবি দেওয়ায় সভাপতির ওপর অনেকের আস্থা কমেছে বলে তাঁর দাবি। একসময় সভাপতির ঘনিষ্ঠ ছিলেন, এমন কয়েকজনও এসব কারণে দূরে সরে গেছেন বলে জানান তিনি।
ওই নেতা প্রদীপ রঞ্জন করের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, কর্মসূচির বাইরে নেতা-কর্মীদের সঙ্গে প্রদীপ করের যোগাযোগ সীমিত। এর প্রভাব তাঁর নেতৃত্বাধীন কর্মসূচিতে উপস্থিতির ওপরও পড়ছে বলে ওই নেতার দাবি।
আরেক নেতা বলেন, প্রায় দেড় দশক ধরে কমিটি পরিবর্তন না হওয়ায় বিভিন্ন অংশ নিজেদের মতো করে সাংগঠনিক কাঠামো গড়ে তুলেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে কমিটি হয়েছে। প্রদীপ রঞ্জন কর এত দিন যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের ব্যানারে কর্মসূচি পরিচালনা করলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল) নামে কমিটি গঠন করেছেন। তিনি ওই কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
ওই নেতার মতে, দল ক্ষমতা হারানোর পর নেতৃত্বের কাছ থেকে ঐক্যের যে প্রত্যাশা ছিল, পৃথক কমিটি ও ব্যানারে কর্মসূচি পালনের ফলে তা পূরণ হয়নি। শেখ হাসিনা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেও যুক্তরাষ্ট্রে কে কোন ব্যানারে কর্মসূচি করবেন এবং কে কোন কমিটিতে থাকবেন, সেই প্রশ্নেই বিরোধ বেড়েছে।
নেতৃত্বের বিরোধের প্রভাব পড়েছে নিউইয়র্ক স্টেট ও সিটি কমিটিতেও। দুই কমিটির নেতাদের একাংশ কোন পক্ষের কর্মসূচিতে যোগ দেবেন, তা নিয়ে বেকায়দায় পড়েছেন। এর মধ্যে সম্প্রতি সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন, নিউইয়র্ক স্টেট ও সিটি কমিটি থেকে কাউকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে পদ-পদবি দেওয়া হবে না। তাঁর এই ঘোষণায় মূল কমিটিতে দুই শাখার নেতাদের স্থান পাওয়া নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দলের কয়েকজন নেতা-কর্মীর প্রশ্ন, দেশে দল সংকটে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে যৌথ কর্মসূচি আয়োজনের উদ্যোগ কোথায়? প্রায় দেড় দশকের পুরোনো কমিটি নিয়ে অসন্তোষের সুরাহা হয়নি, এর মধ্যেই গড়ে উঠেছে নতুন আঞ্চলিক কমিটি। ফলে একই দাবিতে রাজপথে নামলেও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা এখনো এক ব্যানারে দাঁড়াতে পারছেন না।