ইয়েমেনের দীর্ঘ যুদ্ধ

নতুন আগুনের মুখে শান্তির সংকীর্ণ পথ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ , অনলাইন ভার্সন
ইয়েমেনের সংকট কয়েক দশকের অমীমাংসিত রাজনৈতিক বিভাজন, বহিরাগত হস্তক্ষেপ এবং অন্তর্ভুক্তিমূলক শাসন গড়ে তুলতে ব্যর্থতার ফল। যা শুরু হয়েছিল অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে, তা এখন একবিংশ শতাব্দীর অন্যতম জটিল প্রক্সি যুদ্ধ। একসময় মনে হয়েছিল, যুদ্ধ ক্রমে স্তিমিত হচ্ছে। ২০২২ সালের জাতিসংঘ-মধ্যস্থতায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলেও বড় ধরনের লড়াই অনেকটাই থেমে ছিল, আর জাতিসংঘ এই অবস্থাকে বলত ‘আপেক্ষিক শান্তি, প্রকৃত শান্তি নয়’। ২০২৬ সালে সেই ভঙ্গুর স্থিতিও ভেঙে পড়েছে। ইয়েমেন আবার পূর্ণমাত্রার সংঘাতে ফিরেছে, আর এবার তা সরাসরি জড়িয়ে গেছে ইরানকেন্দ্রিক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের সঙ্গে।
এই পরিস্থিতির শিকড় বুঝতে হলে পেছনে তাকাতে হয়। আধুনিক ইয়েমেনের ইতিহাস উত্তর ও দক্ষিণের বিভাজন, ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা এবং অসম উন্নয়নের ইতিহাস। ১৯৯০ সালের একীকরণ নতুন আশা জাগালেও দক্ষিণের গভীর ক্ষোভ ও বৈষম্য দূর করতে পারেনি। ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, দুর্নীতি ছড়ায় আর প্রান্তিক অঞ্চলগুলো নিজেদের বঞ্চিত ভাবতে থাকে। ২০১১ সালের আরব বসন্তে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের পদত্যাগ প্রকৃত রূপান্তর আনতে পারেনি। বরং এমন এক দুর্বল অন্তর্বর্তী ব্যবস্থা তৈরি হয়, যা পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোকে সামলাতে অক্ষম ছিল। সেই শূন্যতার সুযোগ নেয় উত্তরের জায়দি শিয়া সংগঠন হুথি, যারা আনসার আল্লাহ নামেও পরিচিত। ২০১৪ সালে তারা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে কার্যত ভেঙে দেয়। ২০১৫ সালে সৌদি আরব আরব মিত্রদের নিয়ে সামরিক হস্তক্ষেপ শুরু করে। রিয়াদ একে দেখেছিল দক্ষিণ সীমান্তে ইরান-ঘনিষ্ঠ শক্তির উত্থানের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে। সেই থেকেই ইয়েমেন সৌদি-ইরান প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রীয় মঞ্চ।
গত এক বছরের সবচেয়ে নাটকীয় পরিবর্তনগুলোর একটি এসেছে সরকারবিরোধী শিবিরের ভেতরেই। ২০২৫ সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) দক্ষিণ ইয়েমেনজুড়ে বড় আকারের সামরিক অভিযান চালায়, যা বছরের পর বছরের অচলাবস্থা ভেঙে দেয়। ২০২৬ সালের ২ জানুয়ারি সৌদি বিমান হামলার সহায়তায় সরকারি বাহিনী পাল্টা অভিযান শুরু করে। ৯ জানুয়ারি এসটিসি নিজেকে বিলুপ্ত ঘোষণা করে। এর ফলে দক্ষিণে সৌদি প্রভাব সুসংহত হয় এবং আমিরাতমুখী ধারা আপাতত দুর্বল হয়। তবে এটিকে দক্ষিণ প্রশ্নের সমাধান ভাবা ভুল হবে। একটি সংগঠন ভেঙে গেলেও দক্ষিণের স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবির পেছনের ক্ষোভ ও বৈষম্যবোধ থেকে গেছে। ভবিষ্যতে যেকোনো সময় তা নতুন রূপে ফিরে আসতে পারে।
এর মধ্যেই ইয়েমেনের সংকটে নতুন আঞ্চলিক মাত্রা যোগ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান-বিরোধী যুদ্ধ। হুথিরা শুরুতে নীরব ছিল। গাজায় ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির পর তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলাও বন্ধ রেখেছিল। কিন্তু পরে তারা যুদ্ধে যুক্ত হয়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে। হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বাড়ায় বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ও বাব আল-মান্দেবের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। সৌদি তেলের চালান এবং উপসাগরীয় দেশগুলোর আমদানি-রপ্তানি হরমুজ এড়িয়ে এই পথে ঘুরলে সেই পথও হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে, যাতে বৃহত্তর চুক্তির জন্য ৬০ দিন সময় ধরা হয়েছিল। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ আশা করেছিলেন, এটি ইয়েমেনের শান্তি-প্রক্রিয়ায় নতুন গতি আনবে। কিন্তু বিশ্লেষকেরা শুরু থেকেই সতর্ক করেছিলেন, স্মারকের ১৪ দফায় ইরানের আঞ্চলিক মিলিশিয়া সমর্থনের কোনো উল্লেখ নেই। ফলে এমন চুক্তি হুথিদের আরও আত্মবিশ্বাসী করতে পারে। বাস্তবে সেই আশঙ্কাই সত্য হতে চলেছে। নভেম্বরের শুরুতে আল-জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ এখনো অচলাবস্থায় আছে এবং ইয়েমেন এখন সেই বৃহত্তর সংঘাতের সঙ্গে বাঁধা।
এই প্রেক্ষাপটে জুলাইয়ের ২০ তারিখে হুথিরা লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে ‘নৌ-অবরোধ” ঘোষণা করে। তাদের অভিযোগ, সৌদি আরব ইয়েমেনকে অবরোধ করে রেখেছে, যা রিয়াদ অস্বীকার করেছে। আগস্ট থেকে স্থল লড়াই তীব্র হয়। সেপ্টেম্বরে হুথিরা লোহিত সাগরের উপকূলরেখার আরও অংশ নিয়ন্ত্রণে নিতে দক্ষিণে অগ্রসর হয়। জবাবে অক্টোবরে সরকারি বাহিনী সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থনে কৌশলগত উপকূলীয় এলাকা পুনরুদ্ধারের অভিযান শুরু করে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল একে হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার ‘অপরিবর্তনীয়’ উদ্যোগ বলে বর্ণনা করেছে। এর অর্থ, সমাধানের আগে যুদ্ধ আরও খারাপ হতে পারে।
মানুষের ক্ষতির হিসাব ইতিমধ্যে ভয়াবহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আগস্ট থেকে সংঘাতে অন্তত ১,৭৭১ জন নিহত ও ৭,৯৫৯ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, একই সময়ে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ৭ নভেম্বর তাইজ প্রদেশের একটি বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় কয়েক ডজন মানুষ নিহত হন। দুই পক্ষই এ ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে। শাবওয়ায় হুথি হামলায় অন্তত ৭০ জন সরকারি নিরাপত্তা নিয়োগপ্রার্থী প্রাণ হারান। ১৩ নভেম্বর অস্থায়ী রাজধানী এডেনের উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হুথিরা সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনাতেও হামলা চালাচ্ছে, আর সৌদি আরব ২০২২ সালের পর এই প্রথম প্রকাশ্যে ইয়েমেনের ভেতরে বোমা ফেলছে। ১৫ নভেম্বর জোট জানিয়েছে, তারা দুটি ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন প্রতিহত করেছে। সেদিনই খবর এসেছে, দক্ষিণী বাহিনী দুবাব এলাকা ও বাব আল-মান্দেবের কাছের অবস্থান ছেড়ে এডেনের দিকে সরে যাচ্ছে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথের একটি কৌশলগত অংশের নিয়ন্ত্রণ হুথিদের হাতে চলে গেল এবং প্রণালির ওপর তাদের চাপ সৃষ্টির সক্ষমতা বাড়ল। এদিকে তাইজ শহর দীর্ঘ অবরোধে, সেখানে বাস্তুচ্যুত মানুষের ভিড় এবং রোগব্যাধি ছড়ানোর আশঙ্কা বাড়ছে।
বহিরাগত শক্তিগুলোর ভূমিকাও বদলেছে। সৌদি আরব ২০২২ সালের পর সংঘাত থেকে বেরোনোর পথ খুঁজছিল। কিন্তু হুথিদের অবরোধ ঘোষণা, সৌদি ভূখণ্ডে হামলা এবং উপকূলে তাদের অগ্রগতি রিয়াদকে আবার সক্রিয় সামরিক ভূমিকায় ফিরিয়ে এনেছে। যুক্তরাষ্ট্র এখন আর শুধু পরোক্ষ সহায়ক নয়। ইরান যুদ্ধের কাঠামোয় ওয়াশিংটন সরাসরি হুথি ও ইরানকে দায়ী করছে। জাতিসংঘে মার্কিন প্রতিনিধিরা হুথিদের আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে হামলা এবং লোহিত সাগরে নৌ-চলাচলের স্বাধীনতা বিঘ্নিত করা বন্ধের দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র হুদাইদা চুক্তির তদারকি মিশন বন্ধের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তও সমর্থন করেছে। তবে মার্কিন নীতিনির্ধারকদের সামনে একটি দ্বিধা স্পষ্ট। হুথিদের সঙ্গে সরাসরি আলোচনা তাদের শাসনকে বৈধতা দিতে পারে, আবার স্থিতাবস্থা মেনে নিলে নিরাপত্তা ও মানবিক ঝুঁকি দীর্ঘায়িত হয়।
ইরান প্রকাশ্যে হুথিদের নিয়ন্ত্রণের দাবি অস্বীকার করে। কিন্তু অস্ত্র, প্রযুক্তি ও কৌশলগত সহায়তা দিয়ে তাদের টিকিয়ে রাখার অভিযোগ বহুদিনের। মার্কিন কর্মকর্তারা আগেই বলেছেন, ইরানের সহায়তা ছাড়া হুথিদের পক্ষে লোহিত সাগরে জাহাজ শনাক্ত ও আঘাত করা কঠিন হতো। ইরান যুদ্ধ যত দিন অমীমাংসিত থাকবে, ইয়েমেন তত দিন তেহরানের হাতে একটি তুলনামূলক কম খরচের চাপ-কৌশল হয়ে থাকবে। সংযুক্ত আরব আমিরাতের প্রভাব এসটিসির পতনের পর আপাতত কমেছে, তবে দক্ষিণের অস্থিরতায় তার ভবিষ্যৎ ভূমিকা অনিশ্চিত।
সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ ইয়েমেনিরা। জাতিসংঘের হিসাবে ২০২৫-২৬ সালে ১ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ, অর্থাৎ জনসংখ্যার অর্ধেকের বেশি, মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। প্রায় ১ কোটি ৮৩ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে, আর পাঁচ বছরের কম বয়সী শিশুদের প্রায় অর্ধেক তীব্র অপুষ্টিতে ভুগছে। নতুন লড়াই, বাস্তুচ্যুতি, অবরোধ এবং ত্রাণ ও পানি-অবকাঠামোর ওপর হামলা এই বিপর্যয়কে আরও গভীর করছে।
তাহলে শান্তির পথ কোথায়? প্রথম কথা, এই যুদ্ধের সামরিক সমাধান নেই। সরকারি বাহিনী উপকূল পুনরুদ্ধারে নামলেও বাব আল-মান্দেবের কাছ থেকে পিছু হটতে হয়েছে। হুথিরা সৌদি ভূখণ্ডের গভীরে আঘাত হানার সক্ষমতা দেখিয়েছে। কোনো পক্ষই নিষ্পত্তিমূলক জয়ের কাছাকাছি নয়। দ্বিতীয়ত, ইয়েমেনের শান্তি এখন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা থেকে আলাদা করে দেখা যায় না। ইরান ইস্যুতে অগ্রগতি ছাড়া ইয়েমেনে টেকসই সমঝোতা কঠিন। আবার ইয়েমেনকে পৃথক ফাইল হিসেবে দেখলে হুথিদের সক্ষমতা ও লোহিত সাগরের হুমকি অক্ষত থেকে যাবে। তৃতীয়ত, যেকোনো স্থায়ী সমাধানে ইয়েমেনের অভ্যন্তরীণ বৈচিত্র্য মানতে হবে এবং একক গোষ্ঠী পুরো দেশ শাসন করতে পারবে, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করতে হবে। ক্ষমতা ভাগাভাগি, বিকেন্দ্রীকরণ এবং দক্ষিণের অর্থবহ প্রতিনিধিত্ব ঐচ্ছিক নয়, অপরিহার্য।
চতুর্থত, মানবিক বিষয়গুলোকে রাজনৈতিক দর-কষাকষি থেকে আলাদা রাখা জরুরি। ত্রাণ চলাচল, বন্দরের কার্যক্রম এবং তাইজের অবরোধ নিয়ে অন্তত একটি সীমিত মানবিক যুদ্ধবিরতি আস্থা গড়ার প্রথম ধাপ হতে পারে। জাতিসংঘের মধ্যস্থতা কাঠামো এখনো সচল, একে আরও শক্তিশালী করতে হবে। পঞ্চমত, লোহিত সাগরের নিরাপত্তা বিশ্ব অর্থনীতির স্বার্থেই গুরুত্বপূর্ণ। এই নৌপথের ব্যবহারকারী দেশগুলোকে শুধু সামরিক জবাবের ওপর নির্ভর না করে কূটনৈতিক ও অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে সংযম নিশ্চিত করার পথ খুঁজতে হবে।
শেষ পর্যন্ত ইয়েমেনের ট্র্যাজেডি আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্রের ভঙ্গুরতা যখন বহিরাগত শক্তির রাজনীতির সঙ্গে মেলে, তখন স্থানীয় অভিযোগ কীভাবে দীর্ঘস্থায়ী বিপর্যয়ে রূপ নেয়। ২০২৬ সাল দেখিয়েছে, বৃহত্তর আঞ্চলিক সংঘাত শান্ত না হলে ইয়েমেনের আপেক্ষিক শান্তিও টেকে না। তবু এর উল্টো শিক্ষাও সত্য : আঞ্চলিক শক্তিগুলো যখন সংযম দেখায়, তখন সবচেয়ে কঠিন দ্বন্দ্বও ধীরে ধীরে শীতল হতে শুরু করে। শান্তির পথ আজ আগের চেয়েও সংকীর্ণ ও অনিশ্চিত, কিন্তু বন্ধ নয়। লাখ লাখ ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত ইয়েমেনির স্বার্থে এই পথ পরিত্যাগ করা যাবে না।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]