প্রবাসের দেশপ্রেম

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮:০৯ , অনলাইন ভার্সন
ছোটবেলায় শিক্ষক যখন ‘দেশপ্রেম’ রচনা পড়াতেন, তখন এর মর্মার্থ ও গভীরতা বুঝতে পারতাম না। এখন প্রবাসে এসে তিলে তিলে উপলব্ধি করছি রচনাটির অন্তর্নিহিত তাৎপর্য। আর বুঝতে পারি বলেই সোনার বাংলার জন্য নতুন পরিবেশ সৃষ্টি এবং পরিস্থিতি মোকাবিলায় মন ছটফট করে। লিখতে ইচ্ছে করে, হাতে কলম নিশপিশ করে। কিন্তু কী লিখব, কীভাবে লিখব, কোথায় লিখব? প্রবাসী ভাই-বোনদের কী করণীয়—তা নিয়েই কি কলম ধরব?
মিডিয়ার সামনে এলে কিছু কিছু খবর মনকে উতলা করে তোলে। সেদিন দেখলাম, চীনে থাকা এক প্রবাসী ভাই কী সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। তার পুরো ভিডিওটি দেখে অঝোরে কেঁদেছি। আমরা যদি সত্যিকারের দেশপ্রেমিক হই, তাহলে এমন উদ্যোগ কেন নিতে পারি না, যাতে ঘরে ঘরে সবার একটি করে সাঈদের মতো সন্তান ফিরে পায় তাদের বাবা-মা? প্রমাণ হোক—বীর সাঈদ ও মুগ্ধরা মরে না; ঘরে ঘরে হাজারো সাঈদ ও মুগ্ধ জন্ম নেবে।
চীনের সেই প্রবাসী ভদ্রলোককে এমন উদ্যোগ নেওয়ার জন্য অশেষ ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে তিনি সাঈদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। এরপর যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। আবেগভরা কণ্ঠে তিনি সাঈদের বাবাকে বলেছেন, ‘আজ থেকে আমিই আপনার হারানো সাঈদ।’ সাঈদের পরিবারের খরচ বহনের দায়িত্বও তিনি নিয়েছেন। তার কথা শুনে চোখে পানি এসে গিয়েছিল। এমন সাহস করে কথা বলার মানুষ কজনই-বা আছেন? এরাই প্রকৃত দেশপ্রেমিক—যারা দেশ থেকে বহুদূরে থেকেও দেশের ও জাতির সেবায় এগিয়ে আসেন। সেই দেশপ্রেমিক ভাইকে স্যালুট জানাই।
মিডিয়া থেকে আরও জানতে পেরেছি, অনেক ছোট ছোট ছেলেমেয়েও আন্দোলনে অংশ নিয়েছিল। তাদের অনেকের কথা কিংবা পারিবারিক জীবন সম্পর্কে আমরা জানতে পারিনি। অথচ তাদের মধ্যে দেশকে রক্ষার যে উদ্যোগ দেখা গিয়েছিল, তা থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। ওরাই পারবে কলুষমুক্ত দেশ ও সমাজ গড়তে। তাদের প্রয়োজন ছিল শুধু পেছন থেকে অনুপ্রেরণার বাণী। তাদের উৎসাহ দিতে এবং সব ধরনের সাহস জোগাতে আমাদের সবার যা করণীয়, তা-ই করা উচিত। সেই অনুপ্রেরণা আসতে পারে বিদেশ থেকে কিংবা অজপাড়াগাঁ থেকেও।
প্রবাসে থেকেও অনেক শিক্ষার্থী যেভাবে আন্দোলনে অংশ নিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের কণ্ঠে শোনা গেছে, ‘দেশ আমার, আমিও দেশের। জীবন দিয়েও রক্ষা করব মোদের সোনার বাংলাকে।’ ম্যানহাটনের মতো জায়গায় কত শিক্ষার্থীর সমাগম হয়েছিল, সঙ্গে ছিলেন তাদের অভিভাবকেরাও। তাদের দেখে গর্বে বুক ভরে উঠেছিল। মনে পড়ে গিয়েছিল ছোটবেলার সেই ‘দেশপ্রেম’ রচনার কথা।
বাংলা ভাষার শিক্ষকতা করতে গিয়ে কত শিক্ষার্থীকে ‘দেশপ্রেম’ রচনা মুখস্থ করিয়েছি। আমার সেই শিক্ষার্থীরাই আন্দোলনে অংশ নিয়ে নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করেছে। ছাত্র ভিসায় পড়তে আসতে তাদের যেমন অনেক টাকা সংগ্রহ করতে হয়েছে, তেমনি আপনজনদের ছেড়ে বিদেশে পাড়ি দিতেও অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু সেসব কথা না ভেবে, দেশের অস্থির পরিস্থিতিতে ঘরে বসে না থেকে তারা উন্নত দেশের রাজপথে নেমেছে। গণমাধ্যমে দেখা গেছে, বিভিন্ন উন্নত দেশে থাকা প্রবাসীরাও রাজপথে প্রতিবাদে শামিল হয়েছেন।
কোনো এক ভদ্রলোক দুঃখ করে বলেছিলেন, ‘দেশের এমন পরিস্থিতিতে আমরা কি পিকনিকের মতো অনুষ্ঠান বাতিল করে সেই খরচ দেশের আন্দোলনকারীদের জন্য পাঠাতে পারি না?’ ওজোন পার্কের একটি রেস্তোরাঁয় চা পান করতে করতে রাজনীতি নিয়ে আলাপের একপর্যায়ে এক ভদ্রলোক উত্তেজিত হয়ে বলেছিলেন, যারা দেশকে ভালোবাসে না, তাদেরও তিনি রাজাকার মনে করেন। নিজের দেশের প্রতি তার এই ভালোবাসা যেন সব প্রবাসীর মধ্যেও থাকে। যে দেশেই থাকি—উন্নত দেশে কিংবা নিজের দেশে—যেকোনো পরিস্থিতিতে সেই ভালোবাসা যেন আমাদের রক্তে প্রবাহিত হয়।
যেসব শিক্ষার্থী—সাঈদ, মুগ্ধ, নাঈমা, ইরফান, জাফর, ফারহান ও ওয়াসীম—নিজেদের রক্ত দিয়ে কোটা সংস্কারের আন্দোলনকে এগিয়ে নিয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে যুগ যুগ ধরে। এ দেশের মানুষ তাদের মনে রাখবে; নতুন প্রজন্ম তাদের শ্রদ্ধা জানাবে। নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশ ও মানুষের মঙ্গলের জন্য যারা পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন, তারা অমর হয়ে থাকুন।
শেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—যারা দেশের জন্য নিজেদের জীবন বাজি রেখেছেন, তাদের জান্নাতবাসী করুন। তাদের আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয়, দেশের মঙ্গলের জন্য যারা নিজের জীবন উৎসর্গ করতেও পিছপা হন না, তারাই প্রকৃত দেশপ্রেমিক।
কিছুদিন পরই বিজয় দিবস—১৬ ডিসেম্বর। ডিসেম্বর এলেই অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। তখন মনে হয়, এত কষ্টে অর্জিত আমাদের এই সোনার বাংলায় অর্থের প্রাচুর্য না থাকলেও যা আছে, তার মূল্য লাখ টাকার সোনার চেয়েও বেশি। উন্নত দেশে এসে যা পাইনি, যার অভাব ক্ষণে ক্ষণে অনুভব করেছি, তা আর কিছু নয়—সোনার বাংলার মানুষের আন্তরিকতা, সহমর্মিতা, আতিথেয়তা, ভালোবাসার গভীরতা, বিপদে অন্যকে সহযোগিতা করার মানসিকতা এবং যেকোনো পরিস্থিতিতে দেশকে স্মরণ করার অনুভব।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]