রূপকথার পাখি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২৭ , অনলাইন ভার্সন
পরের দিন কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় ঠাম্মি দাদুর ব্যাংক-কার্ডটি কাকার হাতে তুলে দিলেন। তারপর মিষ্টি হেসে রূপকথাকে বললেন, ‘দিদিমণি আমাকে কাজে নামিয়ে দিয়েই সোজা পাখির দোকানে যেয়ো।’ তার কাকাকেও বললেন, ‘আমার দিদিমণির পছন্দমতো দুটো পাখি কিনে নিয়ে এসো।’ হলোও তাই।
ঠাম্মিকে তাঁর কর্মস্থলে নামিয়ে দিয়ে কাকার সাথে সোজা পাখির দোকানে গেল রূপকথা। সেখান থেকে দেখে-শুনে নিজের পছন্দমতো দুটো পাখি কিনে পরম আনন্দে বাড়ি ফিরে এলো। ঘরে পা দিয়েই গম্ভীর ভঙ্গিতে  দাদুকে সতর্ক করে দিয়ে বলল, ‘তুমি এদের শুধু খাবার-পানি দেবে! আর ময়লা পরিষ্কার করবে দাদু! কখনো ব্যাক-ইয়ার্ডে নিয়ে যাবে না কিন্তু!’
দাদু চোখে-মূখে দুষ্টুমির হাসি টেনে বললেন, ‘হিসেব অনুযায়ী এই পাখিগুলো কিন্তু আমার!’ রূপকথাও মিষ্টি হেসে জবাব দিল, ‘একদম না দাদু! এগুলো আমার পাখি! তুমি ওদের শুধু সময়মতো খাবার-পানি দেবে, খাঁচা ক্লিন করবে, রাইট?’ দাদু হেসে বললেন, ‘ ঠিক আছে রূপসী! আমি ওদের খাঁচা বাইরে নিয়ে যাবো না!’
রূপকথার কাকা ব্লুই-উইন্টারের খাঁচা জোড়া দিয়ে নতুন পাখিদের রাখলেন সেখানে। রূপকথা তার ধূসর পাখিটার নাম ‘চেলেস্ট’, আর উজ্জ্বল হলুদ পাখির নাম ‘নালা’ রাখল। নতুন পাখিদের নাম শুনে মৃদু হাসলেন দাদু। তিনি রূপকথাকে প্রশ্ন করলেন, ‘এ আবার কেমন নাম?’ রূপকথা বলল, ‘দাদু! দিজ আর মাই ফেভারিট নেমস!’ দাদু বললেন, ‘বাঃ বেশ! খুব সুন্দর নাম!’ 
বাইরে আজ হাড়কাঁপানো তীব্র শীত। গত কদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিঝুম রাতের বেলায় প্রকৃতি যেন আরও নির্মম হয়ে ওঠে। অবশ্য গতকালই চমক দিয়ে সূর্যটা কিছু সময় উত্তাপ ও আলো ছড়িয়েছিল!   
খাঁচা ছেড়ে পালিয়ে গিয়ে ব্লুই আর উইন্টার পরস্পর আলাদা হয়ে গেছে নিশ্চয়! বিশাল অচেনা এই জগতে ওদের একসঙ্গে থাকার তো প্রশ্নই ওঠে না! অথচ এতদিন কত গভীর প্রেমে আবদ্ধ হয়ে ওরা একই খাঁচায় পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে থাকত। খুনসুটিতে পরস্পর মেতে উঠত। এখন নিরাশ্রয়, ঘরছাড়া যাযাবরের মতো একা ও হন্যে হয়ে ওরা কোথায় যে ঘুরে মরছে—কেউ জানে না!
রূপকথাও জেনে গেছে, ওদের আর ফিরে পাওয়া সম্ভব নয়। তার লেমন-ব্লু-উইন্টার অসীম শূন্যতায় চিরতরেই হারিয়ে গেছে। তবু দাদু বুকের ভেতর এক চিলতে আশা চেপে ধরে ব্যাকুল কণ্ঠে বললেন, ‘রূপিস, তোমার ব্লুই-উইন্টার যদি আবার ফিরে আসে...!’
শুনে রূপকথার বিষণ্ণ চোখে-মুখে গাঢ় হতাশা নেমে এল। সে মাথা নেড়ে মৃদু স্বরে বলল, ‘নো দাদু! দে উইল নট কাম ব্যাক! নেভার...!’ সেও বুঝে গেছে এটি এক নিষ্ঠুর সত্য! বন্দি পাখি খাঁচা ছেড়ে একবার অসীম আকাশে উড়াল দিলে, ফিরে আসে না কখনো!
রূপকথার পরিবারের সবাই মুগ্ধ চোখে দেখেছে ব্লু-উইন্টারের চঞ্চলতা-খুনসুটি। কখনো একে অন্যকে মিষ্টি খোঁচা দিত, আবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে মায়া আর সোহাগে মেতে উঠত। অবুঝ দুটি প্রাণের এমন নিষ্পাপ আচরণ যে কোনো মানুষের মনকে নিমেষেই ব্যাকুল করে তোলে—কঠোর হৃদয়কেও মুহূর্তে বিগলিত করে, রুক্ষ মেজাজকে স্নিগ্ধ কোমলতায় রাঙিয়ে দেয় । 
ছোট্ট রূপকথা তার প্রিয় ব্লুই-উইন্টারকে হারিয়ে ব্যাকুল হয়ে নীরবে চোখের জল মুছেছে। কিন্তু আজ দৃশ্যটা যেন বদলে গেছে! দাদু নিজের ঘরে গভীর মনোযোগে কম্পিউটারের পর্দায় মগ্ন হয়ে আছেন। এমন সময় খোলা দরজার পাশে এসে দাঁড়াল রূপকথা। দাদুর ধ্যান ভাঙিয়ে উচ্ছ্বসিত গলায় ডেকে উঠল, ‘দাদু, একটু এদিকে দেখো না!’ চোখ তুলে তাকাতেই দাদু দেখলেন, তাঁর রুপিস ছোট্ট দুটি হাতে ধরা একটি সুদৃশ্য অ্যাকোয়ারিয়াম! কাঁচের ভেতরের স্বচ্ছ নীল জলে ঘুরে বেড়াচ্ছে কমলা রঙের কয়েকটি খুদে মাছ। তিনি অবাক হয়ে লক্ষ করলেন, নাতনির চোখে-মুখে দৃশ্যমান বিষাদের ছায়া এখন নাই ! 
‘দারুণ সুন্দর মাছ তো!’ নাতনির  মুখের স্মিত হাসি তাঁকে মোহিত করে। দাদু কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন, ‘রুপিস তোমাকে এত সুন্দর মাছ কে দিয়েছে গো? কয়টি মাছ এখানে?’ 
‘কাকীমা দিয়েছে! দাদু, এখানে ছয়টি মাছ আছে!’ রূপকথার উচ্ছ্বসিত উত্তর।
‘বাঃ! সত্যি, বড্ড সুন্দর তোমার মাছগুলো! তা ওদের কি নাম দিয়েছ?’
‘না দাদু! ওদের কালার এন্ড সাইজ সেম।’ সে হেসে বলে, ‘তাই ওদের নাম নাই!’ ‘ঠিক বলেছ’ দাদু হাসলেন। ছোট্ট নাতনির চোখে-মুখে চঞ্চল দীপ্তি দেখে দাদু স্বস্তির নিশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারলেন, রূপকথা অবুঝ শিশু হলেও নিজের মতো করেই তার প্রিয় ব্লুই-উইন্টারকে হারানোর কষ্টটা মন থেকে মুছে ফেলতে চাইছে।
পর দিনের দুপুরের চিত্র। নতুন পাখি ‘চেলেস্ট’ আর ‘নালা’কে বাড়িতে নিয়ে আসার পর থেকেই দেখা গেল—রূপকথা বারবার গিয়ে খাঁচার সামনে জেঁকে বসছে। খাঁচার দরজা খুলে আলতো করে ভেতরের দিকে হাতটা বাড়িয়ে দিচ্ছে সে।
নাতনির এই দৃশ্য দেখে দাদু মৃদু স্বরে শুধোলেন, ‘রূপসী, ওরা কি তোমার হাতে এসে বসছে?’ রূপকথা ভারী নিশ্বাস ফেলে বলল, ‘হ্যাঁ দাদু ...! এই দেখ তুমি তারা দুজনই আমার হাতে আসে!’ 
দাদু খুশী হয়ে বললেন, ‘বাঃ সুন্দর তো!’ তবে তাঁর বুকচাপা কষ্ট লুকিয়ে হালকা স্বরে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা রূপিস, তোমার ওই ব্লুই-উইন্টার এখন কোথায় গিয়ে থাকতে পারে, বল তো?’ রূপকথা দীর্ঘশ্বাস ফেলে উদাস কণ্ঠে বলল, ‘আমি জানি না, দাদু...!’ দাদু লক্ষ করলেন নাতনির মুখে ফুটে থাকা নতুন পাখিদের ঘিরে চঞ্চল আনন্দের আভাটা নিমেষেই মিলিয়ে গেল।
দাদু এই কথা রূপকথার ঠাম্মির কাছে বলতেই তিনি বললেন, ‘তুমি হারানো পাখিদের কথা মনে করিয়ে দিয়ো না। বাচ্চা মানুষ, বড্ড কষ্ট পাচ্ছে!’
দাদুও কষ্ট কম কষ্ট পাচ্ছেন না। তাঁর মনটাও যে যন্ত্রণায় ছটফট করছে! তিনি ভেবে আকুল হন—পরিণামের কথা বিন্দুমাত্র না ভেবেই অবুঝ পাখি দুটি এভাবে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাল? এখন ওরা কোথায় আছে, কেমন আছে’ এই দুর্ভাবনা ও প্রশ্ন দিনরাত তাঁকে তাড়া করছে! 
দীর্ঘ প্রায় তিনটি বছর ধরে এই একই ছাদের নিচে চূড়ান্ত আদর-যত্নে দিন কেটেছে ওদের! খাবার-পানির কমতি ছিল না। শীত-গরমে ওরা পেয়েছে আরাম। এমনকি কদিন যখন ঘরের এসিটা ঠিকমতো কাজ করছিল না, তখন ওদের জন্য—খাঁচার সামনে দিন-রাত ফ্যান চালিয়ে রাখার বন্দোবস্ত করা হয়েছিল। পরিবারের সবার কাছাকাছি থেকে দুটো অবুঝ প্রাণ পেয়েছে নিবিড় ভালোবাসা ও যত্ন। এখন বাইরের প্রতিকূল আবহাওয়া কীভাবে সহ্য ওরা?
‘ওরা যে কোথায় উড়ে গেল! যাত্রার শুরুতেই দুজন দুদিকে চলে গেছে!’ মনকে কিছুতেই শান্ত করতে পারছেন না দাদু। ‘আমাদের এই বাড়িতে নিরাপদ খাবার ও পানি তো সবসময় ওদের নাগালের মধ্যেই থাকত। একটু খিদে ও তৃষ্ণা পেলেই ওরা ইচ্ছেমতো খেয়ে নিত। আর এখন? বাইরের এই অচেনা ও নির্দয় জগতের সাথে তো ওদের বিন্দুমাত্র পরিচয় নাই ! মানুষের তৈরি চার দেয়ালের খাঁচাতেই জন্ম ওদের। মুক্ত আকাশের অসীম শূন্যতায় ডানা মেলে উড়ে বেড়ানোর কোনো অভিজ্ঞতাই ওদের নাই।’
এই দুশ্চিন্তায় বুকটা হাহাকার করে ওঠে তাঁর! তিনি ভাবেন, ‘কোথায় গিয়ে একটু খাবার পাচ্ছে, কোথায় গিয়ে এক ফোঁটা পানি দিয়ে তৃষ্ণা মেটাচ্ছে! তার কিছুই তো অবুঝ দুটো প্রাণ জানে না! ক্ষুধা-তৃষ্ণায় কাতর হয়েই দিন-রাত পার করে দিচ্ছে তারা! রাতের ঘুটঘুঁটে অন্ধকারে কোনো নিরাপদ গাছের ডালে ডানা গুটিয়ে আশ্রয় নিতে হয়, সেই সহজ ভাবনাটাও কি ওদের মাথায় আছে? আর কিছু দিনের মধ্যেই আসছে হাড়কাঁপানো কনকনে শীত! আর এখন রয়েছে ঝড়-বৃষ্টির দাপট! বাইরের বুনো-পাখিদের মতো তো ওরা নয়! প্রকৃতির রুক্ষ ও নির্মম প্রতিকূলতার সাথে লড়াই করে ওরা কি সত্যি বেঁচে থাকতে পারবে? সাপ ও নেকড়ের ছোবল থেকে রক্ষা পাবে কি তারা? ওদের সাথে দরদী বলতে তো কেহ নাই!’ এত কিছু চিন্তা করার পরিপক্কতা বারো বছর বয়সী অবুঝ রূপকথার এখনো হয়নি। কিন্তু তার দাদুর মন তো শান্ত হতে চায় না! তিনি নিরন্তর কেবল এসব আশঙ্কার আবর্তেই ঘুরপাক খান। কে দেবে তাঁকে সান্ত্বনা? পরিবারের অন্য সদস্যদের কাছেও ব্যাকুল হয়ে পাখিদের নিয়ে নিজের এই গভীর উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। তবে রূপকথার ঠাম্মি ছাড়া অন্যরা দাদুর এই আকুলতাকে তেমন পাত্তা দিচ্ছে না! তাদের এত কিছু ভাবার অবসর কোথায়? সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত! এই সময় দাদুর মন কেবলই অনুশোচনায় দগ্ধ হতে থাকে, তাঁরই সামান্য অসতর্কতা আর অবহেলার কারণে আজ ওই দুটো অবুঝ প্রাণের জীবন চরম বিপদের মুখে পড়েছে!
ব্লুই-উইন্টার তো আসলে মুক্ত প্রকৃতিরই সন্তান। বিশাল নীল আকাশে মুক্ত হাওয়ায় ডানা মেলে ঘুরে বেড়ানোই ওদের সহজাত ধর্ম। বন্ধ খাঁচার গণ্ডিতে জীবনযাপনে অভ্যস্ত হয়ে ব্লুই-উইন্টার কি আদৌ বাইরের জগতের সাথে তাল মেলাতে পারবে?
ওদেরও আগে যে লেমন পাখিটি খাঁচার ফাঁক গলে উড়ে গিয়েছিল, নিজেকে কি রক্ষা করতে পেরেছে সে? সে কি বেঁচে আছে? প্রকৃতির কঠিন বাস্তবতার সাথে সে কি নিজেকে মানিয়ে নিতে পেরেছে? নাকি প্রকৃতির নির্মমতার অভিঘাতে ঝরে গেছে! এবার যে দুটি অবুঝ প্রাণ ভুল করে খাঁচার দরজা খোলা পেয়ে আকাশে ডানা মেলল—ওদের সম্পর্কে কী বলা যায়?
ক্ষুধা-তৃষ্ণায় শরীর অবসন্ন হয়ে আসবে। যখন নেমে আসবে ভয়াল ঝড়-বৃষ্টি, আর হাড় কাঁপানো বরফশীতল দিন-রাত—তখন তারা কীভাবে সামাল দেবে এই অচেনা নিঃসঙ্গ জগতটাকে? প্রকৃতির এমন রুক্ষ ও বৈরী আচরণের মুখোমুখি হয়ে, বেঁচে থাকার অসম সংগ্রামে ওরা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো?
বদ্ধ খাঁচার বাইরের মুক্ত পাখিরা কতই না চতুর ও আত্মনির্ভরশীল হয়! বেঁচে থাকার তাগিদে তারা নিজেরাই ঘুরে ফিরে খাবার ও পানির উৎস খুঁজে নেয়। নিজেদের বসবাসের ঘরও তারা গড়ে তোলে পরম নিপুণতায়। তারা গাছের ডালে বুনে নেয় নিবিড় বাসা, অন্ধকার কোটরে খুঁজে নেয় নিরাপদ আশ্রয়। আবার অনেক পাখি দুর্গম পাহাড়ের গুহায় নিজের নিরাপদ নীড় বানিয়ে নেয়, মানুষের বসতির সুরক্ষিত কোণে গড়ে তোলে নিশ্চিন্ত আবাসন।
দাদু তাঁর নাতনির দিকে মমতামাখা চোখে তাকিয়ে বললেন, ‘জানো রূপিস, আমার মনে হয় প্রত্যেক মানুষেরই উচিত পশু-পাখিদের ভালোবাসা ও পরম যত্নে কাছে রাখা। সুযোগ থাকলে ঘরে যদি আরো বেশি পশু-পাখি পোষা যেত, তবে কত ভালোই লাগতো আমাদের!’
দাদুর কথা শুনে রূপকথার দুটো চোখ উজ্জ্বল হয়ে উঠল! সে উৎসাহ নিয়ে বলল, ‘সত্যি দাদু?! তাহলে তুমি আমাকে গিনিপিগ আর ডগি এনে দেবে?’
দাদু হেসে বললেন, ‘আমাদের এই ছোট্ট বাড়িতে ওদের রাখবে কোথায় তুমি? ওদের জন্য আলাদা ঘর ও চলাফেরার জন্য খোলা জায়গা থাকা দরকার। কুকুরের জন্য তো আরও বড়ো জায়গা চাই! তাছাড়া কুকুর তোমার ঘরে ঘুরে বেড়াবে, সোফায় উঠে বসবে, কিংবা কার্পেটে গড়াগড়ি খাবে—এসব আমি পছন্দ করি না।’
রূপকথা অবাক হয়ে জিজ্ঞেস করল, ‘কেন দাদু? তোমার পছন্দ নয় কেন?’ ‘কারণ ওদের স্বভাবই এমন, ঘরের অনেক কিছুই নোংরা করে ফেলে,’ দাদু বললেন, ‘আর সবচেয়ে বড়ো কথা, ওদের গায়ের লোম পড়ে ঘরের এদিক-ওদিক ছড়িয়ে থাকে—যা আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো নয়।’
রূপকথা সতেজ গলায় বলে উঠল, ‘না দাদু! রিয়ানারা তো ওদের ডগির বডি ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেয়, শাওয়ার করায়। আমরাও ওদের মতো করব!’ দাদু মুচকি হেসে বললেন, ‘তা ওরা করতেই পারে। তবে জানো, আমিও কিন্তু কুকুর ভীষণ পছন্দ করি!’ শুনে রূপকথা দুচোখ বড় করে জিজ্ঞেস করল, ‘তুমিও কুকুর পছন্দ করো, দাদু?’ ‘অবশ্যই করি! শুধু পছন্দ নয়, ছোটো বেলায় আমি কুকুরের কামড়ও খেয়েছি কয়েকবার!’ দাদুর কথা শুনে রূপকথা চোখ বড়ো করে প্রশ্ন করল, ‘কতবার দাদু?’ দাদু যেন এভারেস্ট জয়ের গল্প শোনাচ্ছেন, এমন গর্ব নিয়ে বললেন, ‘চারবার ৃ!’ রূপকথা চমকে উঠে বলে উঠল, ‘ফোর টাইমস!’ দাদু এবার রহস্যের হাসি হেসে বললেন, ‘ইয়েস, ফোর টাইমস!’
রূপকথা জিজ্ঞেস করল, ‘তাহলে কুকুরগুলো তোমাকে কামড়ালো কেন, দাদু?’ দাদু হেসে বললেন, ‘আসলে ওদের সঙ্গে খেলতে গিয়েই এমন হয়েছে। আমি তো কুকুর ভীষণ ভালোবাসতাম! তাই ভালোবেসে ওদের সঙ্গে খেলতে গেলেই আদর করে ওরা কামড়ে দিয়েছে!’ শুনে রূপকথা খিলখিল করে হেসে উঠল। নাতনির সেই নিষ্পাপ হাসি দেখে দাদুর মুখেও এক চিলতে হাসি ফুটে ঊঠল। ব্লুই আর উইন্টারকে হারানোর কষ্টের মাঝেও দুজনের এই ছোট্ট আলাপচারিতা যেন কিছুক্ষণের জন্য ঘরে আনন্দ-আলো ছড়িয়ে দিল।
শাওয়ার দিতে ব্যাক-ইয়ার্ডে খাঁচাটা নিয়ে গেলেই শুরু হতো রূপকথা ও পাখিদের জল-কেলি! সে যখন পাইপ ধরে খাঁচা আর ব্লুই-উইন্টারের গায়ে পানি ছিটিয়ে দিত, অমনি আনন্দে ডানা ঝাঁপটে নাচানাচি শুরু করে দিত ওরা। দেখে মনে হতো, রূপকথার এই দুষ্টুমি আর আনন্দের সঙ্গী হতে পেরে ওরাও ভীষণ খুশি! আবার রাত এগারোটা বাজতেই ডাইনিং রুমের বাতি জ্বলতে থাকলে খাঁচার ভেতর থেকে ভেসে আসত সমবেত কিচিরমিচির। মনে হতো ওরা বলছে, ‘এবার যে আমাদের ঘুমের সময় হলো! আলোটা নিভিয়ে দাও!’
আবার সকালবেলায়  খাঁচার ওপর থেকে চাদর-কম্বল সরিয়ে নিলে দেখা যেত—খাঁচার এক কোণে দুজন গা ঘেঁষাঘেঁষি করে চোখ বন্ধ করে ঝিম মেরে বসে আছে। মানে তারা ঘুমুচ্ছে। ঘুমের ঘোর ভাঙতেই ওদের চোখে-চেহারায় ফুটে উঠত একরাশ বিরক্তি। তাই কিচিরমিচির শব্দ করতো ওরা। ঠিক তেমনি, রাতের বেলা চাদর হাতে কাউকে খাঁচার দিকে এগিয়ে আসতে দেখলেই বুঝে নিতো ঘুমানোর সময় হয়ে এসেছে! তড়িঘড়ি করে খাঁচার ভেতরের কোণটিতে গিয়ে একেবারে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ত ওরা।
ব্লুই-উইন্টার পাখি দুটিকে ঘিরে এমন অনেক বিক্ষিপ্ত ভাবনা ও স্মৃতি দাদুর মনে ভিড় করতে লাগল! একেকটি স্মৃতি যেন তাঁর মনের পর্দায় ভেসে ওঠা রঙিন চলচ্চিত্র। সেগুলো মনের পর্দায় ভেসে উঠতেই তাঁর বুকটা ভারী হয়ে ওঠে। 
নতুন পাখি দুটিকে—সেই ব্লুই আর উইন্টারের স্মৃতিবিজড়িত একই খাঁচাতে রাখা হয়েছে। তবে নিয়মের ত্রুটি করেন না—খাবার আর পানি বদলে দিয়ে চুপচাপ সরে যান দাদু! ব্লুই-উইন্টারের মতো চেলেস্ট-নালাকেও ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার জন্য রাতে চাদর-কম্বল দিয়ে ঢেকে দেয়া হয়। ব্লুই-উইন্টারের জন্য উছলে পড়া ভালোবাসা ছাপিয়ে নতুন ‘চেলেস্ট’ আর ‘নালা’র জন্য দাদুর হৃদয়ে তেমন স্পন্দন জাগে না! তিনি আগের মতো এখন খাঁচার কাছে তেমন যান না। দূরে দাঁড়িয়ে নিঃশব্দে শুধু তাকিয়ে দেখেন ওদের।
তিনি ভাবেন, সময়ের নিয়মে এই চেলেস্ট-নালার জন্যও তাঁর এবং পরিবারের অন্যদের মনে মায়া জন্মাবে; কিন্তু ব্লুই-উইন্টারের স্মৃতি? তা যে তাঁর অস্তিত্বে শিকড় গেড়ে বসেছে, যা উৎপাটন করা খুবই কঠিন! হয়তো জীবনের বাকিটা পথ এই গভীর অনুশোচনা আর দুঃসহ স্মৃতিকেই বুকের ভেতর পরম মায়ায় বয়ে বেড়াতে হবে। হয়তো রূপকথার মতো দিনে দিনে এই চেলেস্ট ও নালার জন্যও তাঁর বুকে গভীর ভালোবাসা জেগে উঠবে, কিন্তু সেই সমীকরণের অঙ্কটা সময়ের হাতেই তোলা থাক।
একঘেয়ে বিষাদময় বন্দিদশা কাটিয়ে রূপকথার দাদু আবার তাঁর নিত্যদিনের ব্যস্ততায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবার নিজেকে শক্ত করে বলেন, ‘আর নয়! আমার অসুস্থতার দুঃসহ সময় আমাকে এক চরম শিক্ষা দিয়ে গেছে!’ তিনি সিদ্ধান্ত নিয়েছেন, চেলেস্ট-নালাকে কোনোদিন ঘরের চার দেয়ালের বাইরে, ব্লুই-উইন্টারের মতো ব্যাক-ইয়ার্ডে নিয়ে যাবেন না। সেই ভুল আবার করবেন না তিনি। তিনি বুঝেছেন এ কথাই সত্য, ‘পাখিরা ভালোবাসার মর্ম বোঝে না!’ তাই তিনি সিদ্ধান্ত নিলেন, ‘ন্যাড়া আর বেল-তলায় যাবে না!’
তাঁর রূপকথা অবুঝ শিশু। পরিবারের নতুন ছোটো অতিথিদের কাছে পেয়ে সে ব্লুই-উইন্টারকে হারানোর কষ্ট ভুলে যাবে। কিন্তু দাদু? তিনি তো এত সহজে তা পারবেন না! তাঁর মনে হচ্ছে, ব্লুই-উইন্টার এখনো তাঁর চোখের সামনেই আছে। তাদের চঞ্চল ডানা ঝাপটানো, মিষ্টি কিচিরমিচির, ড্রয়িং-রুমের পরিসরে ডানা ঝাপটিয়ে রূপকথার আগে আগে উড়ে চলা—সবকিছুই এখনো এই বাড়িতে জীবন্ত হয়ে আছে! রূপকথার ঠাম্মিও বলেন, ‘আমিও ব্লু-উইন্টারের স্মৃতি ভুলতে পারছি না। ওদের হারিয়ে আমিও কষ্ট পাচ্ছি!’ রূপকথার দাদু-ঠাম্মি এখনো আশাবাদী হতে চান, একদিন ওরা ব্যাক-ইয়ার্ড পেরিয়ে কিচেনের দরজার কাছে এসে কিচির-মিচির শব্দ তুলে ডেকে বলবে, ‘রূপকথা বন্ধু, আমরা তোমার ব্লুই-উইন্টার ফিরে এসেছি ৃ!’ কিন্তু তাঁরা জানেন, খাঁচার পাখি উড়ে গেলে, ফিরে আর আসে না!   
সব শেষে দাদু নিজকে বড়ো অপরাধী ভাবছেন। পুরো বাড়িটাকে নিস্তব্ধ আর শূন্য করে দিয়ে, সবাইকে ছেড়ে চিরতরেই হারিয়ে গেল ওরা! এই তীব্র অনুশোচনা ও কষ্ট তিনি সহ্য করবেন কীভাবে? একমাত্র তাঁর অবহেলা কারণেই এই বড়ো অঘটন ঘটে গেল! এই ভুল ও অপরাধের ক্ষমা নাই!  কোনো প্রায়শ্চিত্ত করে এই আত্মগ্লানি থেকে মুক্তি পাওয়া যাবে না! এর কোনো সান্ত্বনাও নাই! 
বুকের চাপা কষ্টটা বড়োই ভারি মনে হচ্ছে! দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়ে তিনি মৃদু স্বরে বিড়বিড় করে ওঠেন, ‘ভালো থাকো রূপকথার আদরের লক্ষ্মী পাখি—ব্লুই-উইন্টার তোমরা!’
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]