ইউনূস-খলিল-ত্রিবেদী-ক্রিস্টেনসেন জাম্পিং ★ ডাম্পিং থেকে ফখরুদ্দিন-মোজাম্মেল

হাসিনা টেম্পারে ঢাকা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৪ , অনলাইন ভার্সন
আর ভারতীয় নয়, নিউজের কাটতি বুঝে যুক্তরাজ্যের আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সও শেখ হাসিনা বিষয়ে জম্পেশ আইটেম করেছে। দিন-তারিখও জানিয়ে দিয়েছে। বলেছে, ১৬ ডিসেম্বরে তার ফেরার কথা। দেশের রাজনীতিতে তা হট টেম্পারিং তুলেছে। এর বাইরে অন্তহীন গুজবে এমনিতেই এক গজবি অবস্থা। ড. ইউনূস পালিয়েছেন, ড. খলিল আর আসছেন না, ওয়ান-ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারপ্রধান ড. ফখরুদ্দীনকে যুক্তরাষ্ট্র থেকে দেশে আনা হচ্ছে-সহ কত যে গুজব কাঁপিয়ে তোলার চেষ্টা। এর ফাঁকে আবার আওয়ামী লীগের সৈয়দ মোজাম্মেলকেও পরিচিত করানো হচ্ছে।
বাস্তবতা হচ্ছে প্রায় আড়াই মাস পর দেশে ফিরে আবার যুক্তরাষ্ট্রে গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন। খলিলুর রহমানের ২৪ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকার পরিকল্পনা থাকলেও হঠাৎ এক দিন আগেই ঢাকা ছাড়তে হয় তাকে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের কারণে ৩১ আগস্ট থেকে দেশে ছিলেন না তিনি। তার সভাপতিত্বেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বক্তব্য রাখেন। নিউইয়র্ক থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে যান ড. খলিল। এবার যাওয়ার আগে গুরুত্বপূর্ণ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বহুপক্ষীয় আলোচনা করে গেছেন। গত ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন ও ভারতের শীর্ষ কূটনীতিকরা। ঢাকায় ফেরার পর ছিলেন মহাব্যস্ত। নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকেও অংশ নিয়েছেন।
ঘটনাচক্রে এ সময়টাতে ব্যস্ত সময় পার হচ্ছে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদেরও। সমানে বৈঠক। একটার পর একটা। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন কারোই অবসর নেই। তার ওপর বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের মধ্যে ঘন ঘন বৈঠক ও কূটনৈতিক তৎপরতা হাই ভলিউমে। দেশীয় রাজনীতি-কূটনীতির এ হট টাইমে ড. ইউনূস পালিয়ে গেছেন বলে জোর প্রচারণা। আসলে তিনি গেছেন মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলোর সেতার শহরে আলবুখারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তনে অংশ নিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগেই ২০২০ সাল থেকে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর এবং চ্যান্সেলর হিসেবেই স্নাতকদের হাতে ডিগ্রি তুলে দেন ও বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মালয়েশীয় শীর্ষ ব্যবসায়ী সৈয়দ মোখতার আলবুখারির উদ্যোগে তার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। তার এই যাত্রাকে ‘দেশ ছেড়ে পালানো’ বলে প্রচার করা হয়েছে। ইউনিভার্সিটিটির প্রতিষ্ঠাতা বুখারির সঙ্গে ড. ইউনূসের সম্পর্ক দীর্ঘদিনের। মালয়েশিয়ার এ ব্যবসায়ীর দেশটির বন্দর ব্যবস্থাপনা, গাড়ি নির্মাণ, অবকাঠামো ও ব্যাংকিং খাতে বিশাল বিনিয়োগ। মার্কিন সাময়িকী ফোর্বসের ২০২৬ সালের মালয়েশিয়ার শীর্ষ ৫০ ধনীর তালিকায় আলবুখারির অবস্থান দশম। তালিকায় তার সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে প্রায় ৩৫০ কোটি মার্কিন ডলার।
ইউনূস পালিয়েছেন বলে গুজব ছড়ানো হয়েছে আগেও। এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইউনূস বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে পালিয়েছেন বলে খবর প্রকাশ করে ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা। গত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পরও ড. ইউনূস গোপনে দেশ ছেড়েছেন দাবি করে বিমানে তার একটি ছবি প্রচার করা হয়। ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বুমের প্রতিবেদনে দেখা যায়, ছবিটি ২০২৪ সালের আগস্টে ইউনূসের বাংলাদেশে ফেরার সময়কার। এবার গুজব ছড়ানো হলো মালয়েশিয়ায় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে তার সফর নিয়েও।
একাধিক সূত্র বলেছে, মালয়েশিয়ার এই সুপার ধনকুবেরের সঙ্গে বৈঠক করেছিলেন তারেক রহমানও। সেটি হয়েছিল গত জুনে। গত ২২ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে তাদের এই সাক্ষাৎ হয়। মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান হিসেবে আলবুখারি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা প্রতিষ্ঠার বিষয়েও এমএমসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ঢাকার অনুরোধ এবং আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি টানাপোড়েন অস্বাভাবিক নয়। সংবেদনশীল রাজনৈতিক সমীকরণের মধ্যে শীর্ষ কূটনীতিকদের বাড়তি তৎপরতাও স্বাভাবিক। ড. খলিলুর রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদী এবং ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের আলাদা বৈঠক, আবার নিজেদের তৎপরতা বাড়তি প্রশ্ন জাগানোও স্বাভাবিক। আর এর মাঝেই বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরতে চান বলে রয়টার্সের গরম খবর। তাৎক্ষণিক জবাবে হুমায়ুন কবিরের বক্তব্য : শেখ হাসিনাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে। রয়টার্সের খবরটিতে শেখ হাসিনার মুখপাত্র হিসেবে আনা হয়েছে সৈয়দ মোজাম্মেল আলীর নাম। এ মুখপাত্র বার্তা সংস্থাটিকে বলেছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি।
তিনি রয়টার্সকে বলেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নেওয়া হয়েছিল, তাই এখন তিনি দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য সরকারের কাছে একইভাবে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।’ তিনি এও বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধান-বহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে ফেরা নিশ্চিত করা এখন সরকারের দায়িত্ব।’
লক্ষণীয় বিষয়, রয়টার্সে সৈয়দ মোজাম্মেল আলীর বরাত অনেককে অবাক করে তুলেছে। অনেকে এ নামের সঙ্গে পরিচিতই নন। তথ্য তালাশে জানা গেছে, চব্বিশের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান নিলে সৈয়দ মোজাম্মেল আলীকে দায়িত্ব দেওয়া হয় আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দেওয়ার। কিন্তু জমাতে পারছিলেন না। সর্বশেষ ২০২৬ সালের নভেম্বরে বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিও তিনিই গণমাধ্যমে তুলে ধরেছেন। তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী ও বিশ্লেষক এবং লন্ডনভিত্তিক থিংকট্যাংক ‘স্টাডি সার্কেল’-এর চেয়ারম্যান। আওয়ামী লীগের শাসনামলে এবং পরবর্তী সময়েও তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় পার্লামেন্টসহ আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা ও দলটির পক্ষে রাজনৈতিক জনমত গঠনে কিছু দৌড়ছুট করেছেন। একাত্তরে যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে ভূমিকার জন্য ২০২১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে। কিন্তু দলের অনেকেরই তা অজানা। এ নিয়ে নানা কথার খই ফুটছে।
এর মাঝে আবার আরেক ডাম্পিং পজিশনে থাকা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদকেও প্রাসঙ্গিক করার কাজে একটি মহল বেশ সক্রিয়। বাস্তবে তিনি আলোচনাতেই নেই। দীর্ঘদিন জনসম্মুখের আড়ালে। ২০১১ সালের পর ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে তার উপস্থিতির কিছু ফুটেজ ও সাক্ষাৎকার সামনে এনে কনটেন্ট বানানো হচ্ছে ফখরুদ্দীনকে নিয়ে।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]