প্রয়োজনে আওয়ামী লীগকেও শেখ হাসিনা কোরবানি দিতে পারেন: আসিফ নজরুল

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০০:১৩ , অনলাইন ভার্সন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের ও পরিবারের স্বার্থই মুখ্য বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার মতে, বাংলাদেশের স্বার্থের পাশাপাশি প্রয়োজনে আওয়ামী লীগকেও বিসর্জন দিতে দ্বিধা করবেন না শেখ হাসিনা। ২৪ নভেম্বর (মঙ্গলবার) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই আওয়ামী লীগের কিছু দুর্বৃত্ত হত্যা, অগ্নিসংযোগ ও প্রকাশ্যে অস্ত্রশস্ত্র প্রদর্শনের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তার দেশে ফেরার পথ তৈরি করতে পরিকল্পিতভাবে এই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। এর পেছনে শেখ হাসিনার নির্দেশনা বা প্ররোচনা রয়েছে বলে বিশ্বাস করার বহু কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুলের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে শেখ হাসিনা আবারও জুলাইয়ের হত্যাযজ্ঞের স্মৃতি মানুষের সামনে নিয়ে এসেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের বড় ধরনের ঝুঁকির মধ্যে ফেলেছেন। এমনকি দলটির প্রতি যাদের কিছুটা সহানুভূতি রয়েছে, তাদের পক্ষেও এখন আওয়ামী লীগের সমর্থনে কথা বলা কঠিন হয়ে পড়ছে।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল আরও দাবি করেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শেখ হাসিনার দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ রয়েছে। শেখ হাসিনার অনুসারীদের সাম্প্রতিক কর্মকাণ্ডে সেই মনোভাবের প্রতিফলন দেখা যাচ্ছে। তার অভিযোগ, গত এক মাসে এসব অনুসারী গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের নেত্রী ও তার অনুসারীরা সম্ভবত বিবেচনা করছেন না যে ড. ইউনূস প্রায় এক যুগ ধরে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতায় নেই। এসব হামলার কারণে আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার প্রচেষ্টা আরও অগ্রহণযোগ্য হয়ে উঠতে পারে—এ বিষয়টিও তাদের ভাবনায় নেই বলে মন্তব্য করেন তিনি।

আসিফ নজরুল লেখেন, শেখ হাসিনা যেন দেশে অরাজকতা তৈরির জন্য ‘সুইসাইড বম্বার’ খুঁজছেন। তবে এ ধরনের কর্মকাণ্ডের পরিণতিতে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ; শেখ হাসিনা নিজে নন।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য তাঁদের নেত্রী যে দলটিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, তা তারা আর কত দিনেও বুঝতে পারবেন না?

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]