ইসরাইলে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আবারও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ও গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির প্রতিনিধিরা। টাইমস অব ইসরাইল জানিয়েছে, টানা আলোচনার পরও সরকার গঠনের বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
দখলদার দেশটির একাধিক মিডিয়া বলছে, এই বৈঠকের পর বরং প্রধানমন্ত্রী পদ, বিচার বিভাগ সংস্কার ও সামরিক নিয়োগ নিয়ে দুই দলের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। কিছু ক্ষেত্রে বেড়েছেও।
২৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় দুই দলের প্রতিনিধিদের মধ্যে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনায় বিচার বিভাগসংক্রান্ত বিষয় গুরুত্ব পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরবর্তী বৈঠকের সিদ্ধান্ত হলেও তার তারিখ জানানো হয়নি।
গত মাসের নির্বাচনের পর সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর লিকুদের সঙ্গে এটি ছিল আইজেনকোটের দলের তৃতীয় বৈঠক। এর আগে রোববার চার ঘণ্টা এবং তার আগের রোববার প্রায় এক ঘণ্টা আলোচনা করেন দুই দলের প্রতিনিধিরা। তবে কোনো বৈঠকেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বৈঠকে ইয়াশারের পক্ষ থেকে বিদায়ী সরকারের বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা পুরোপুরি বাতিলের দাবি জানানো হয়। এর পরিবর্তে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে নতুন সংস্কার আইন পাশের প্রস্তাব দেয় দলটি। তবে লিকুদের প্রতিনিধিরা এ দাবি প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, লিকুদ বিচার বিভাগ সংস্কার পরিকল্পনা বাতিলের উদ্যোগ বন্ধ করতে ইয়াশারকে অনুরোধ করেছে। ইয়াশার পাল্টা প্রধানমন্ত্রীর মেয়াদে সময়সীমা নির্ধারণের বিষয়টি আলোচনায় তুলতে চেয়েছে। তবে উভয় পক্ষই এসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।
দুই দলের মধ্যে মতপার্থক্যের আরেকটি বড় বিষয় সবার জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগ। এ ছাড়া সম্ভাব্য ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে নেতানিয়াহু নাকি আইজেনকোট—কে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তা নিয়েও বিরোধ রয়েছে।
সোমবার বৈঠক শেষে লিকুদের আইনপ্রণেতা মিকি জোহার বলেন, নেতানিয়াহু প্রধানমন্ত্রী না থাকলে কোনো সরকার গঠন সম্ভব নয়। তার দাবি, লিকুদ সবচেয়ে বড় দল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বিশেষ সম্পর্ক রয়েছে। অন্যদিকে আইজেনকোটের অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে।
এদিকে আইজেনকোটকে সমর্থন দিয়ে আসা বিয়াচাদ পার্টির প্রধান নাফতালি বেনেট আলোচনায় ঐক্যের সরকার গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে আলোচনা চালিয়ে যাওয়ার সময়সীমা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। আইজেনকোট একটি নির্দিষ্ট সময়সীমা চান, বেনেট চান আলোচনা চলুক অনির্দিষ্টকাল।
সরকার গঠনের জন্য আইজেনকোট ৬ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। প্রয়োজনে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে আরও দুই সপ্তাহ সময় দিতে পারেন। সেখানেও তিনি ব্যর্থ হলে দায়িত্ব পড়বে নেতানিয়াহুর কাধে। দুজনেই ব্যর্থ হলে আবারও হবে ইসরাইলে নির্বাচন।
ঠিকানা/এসআর