বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ : রাষ্ট্রদূত

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১৮:৩৫ , অনলাইন ভার্সন
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) আয়োজনে ‘ডিকাব টকে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ইইউ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। কারণ, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উচ্চাকাঙ্ক্ষা কতটা হবে, তা নির্ধারণে মানবাধিকার পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কোনোভাবেই নিখুঁত নয়, তাই উন্নতির সুযোগ রয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া নিয়ে ইইউর অবস্থান জানতে চাইলে মাইকেল মিলার বলেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো অবস্থান নেই।
 
এর আগে বাণিজ্য ও বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মাইকেল মিলার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে তুলনামূলক কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে জনমিতিক পরিবর্তনের কারণে ভবিষ্যতে শ্রমের ব্যয় বাড়বে। ফলে বর্তমানের মতো একই তুলনামূলক সুবিধা আগামী দিনে বজায় রাখা কঠিন হতে পারে।

তিনি বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশের প্রতিযোগীরা মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। অন্যদিকে এলডিসি থেকে উত্তরণের পর নির্দিষ্ট রূপান্তরকাল শেষ হলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক ব্যবস্থা না থাকলে বাংলাদেশের তৈরি পোশাক খাতে মোস্ট ফেভারড নেশন (এমএফএন) শুল্ক প্রযোজ্য হবে।

এতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক অবস্থানে পরিবর্তন আসবে এবং চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

মাইকেল মিলার বলেন, এ পরিস্থিতি মোকাবেলায় আগাম পরিকল্পনা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং তৈরি পোশাক খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতির চর্চা বাড়াতে হবে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে ডিকাব সভাপতি এ কে এম মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

ঠিকানা/এএস 
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]