রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৮:৪৭ , অনলাইন ভার্সন
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে পারবেন। তবে রায় প্রস্তুত বা লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেন, রায়ের কার্যকরী অংশ (অপারেটিভ পার্ট) সংশ্লিষ্ট বিচারককে অবশ্যই নিজ হাতে ও নিজস্ব বিচারিক বিবেচনায় লিখতে হবে। বিচারিক সিদ্ধান্ত গ্রহণে বিচারকের নিজস্ব মেধা, মনন ও আইনগত বিশ্লেষণই প্রাধান্য পাবে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেওয়া অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সামাজিক বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে মামলার আইনগত দিকের পাশাপাশি দেশের সামাজিক অবস্থা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। মাদক ও অস্ত্রসংক্রান্ত মামলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।

চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা—চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কর্মরত বিচারকদের উদ্দেশে এ অভিভাষণ দেন তিনি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিচারকদের ব্যক্তিগত আচরণ ও পেশাগত শৃঙ্খলার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, একজন বিচারকের আচরণ শুধু আদালতের এজলাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। আদালতের বাইরেও তার আচরণে বিচারকের মর্যাদা, দায়িত্ববোধ ও ব্যক্তিত্বের প্রতিফলন থাকতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে বিচারকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এজলাসে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং মুঠোফোন বহন থেকে বিরত থাকার নির্দেশনা দেন।

আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, শুনানির ক্ষেত্রে অকারণে দীর্ঘ সময় নেওয়ার প্রবণতা পরিহার করতে হবে। শুনানির জন্য প্রয়োজনীয় সময় সীমিত ও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। সময় মঞ্জুর করাকে কোনোভাবেই নিয়মিত বা রুটিন কার্যক্রমে পরিণত করা যাবে না।

তিনি বলেন, আদালতের সময় অত্যন্ত মূল্যবান। এর যথাযথ ব্যবহারের মাধ্যমে মামলা নিষ্পত্তির গতি বাড়াতে হবে।

অনুষ্ঠানে ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ চট্টগ্রাম-১-এর দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, চট্টগ্রাম-২-এর দায়িত্বপ্রাপ্ত বিচারপতি আহমেদ সোহেল এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হেমায়েত উদ্দিন বক্তব্য দেন।

এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা, পেশাগত প্রত্যাশা এবং অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]