জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধ, কপ-৩১ চুক্তি নিশ্চিতে দেশগুলোর তোড়জোড়

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৭:২৯ , অনলাইন ভার্সন
একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে মরিয়া হয়ে চেষ্টা চালানোর অংশ হিসেবে কপ-৩১ জলবায়ু আলোচনা শনিবার (২১ নভেম্বর) অতিরিক্ত সময়ে গড়িয়েছে। একটি খসড়া প্রস্তাব থেকে জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ করা হয়েছে-এমন অংশগুলো বাদ দেওয়ার পর বৈশ্বিক উষ্ণায়ন কীভাবে মোকাবিলা করা হবে সে বিষয়টি নিয়ে আলোচকদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা দিয়েছে। খবর এএফপির।

শুক্রবারের নির্ধারিত সমাপনী সময় পার হয়ে গেলেও কোনো চুক্তির দেখা না মেলায়, জ্বালানি, অর্থায়ন এবং বিজ্ঞান বিষয়ক অচলাবস্থা নিরসনে তুরস্কে সারা রাত কাজ করেছেন আলোচকরা।

আনুষ্ঠানিক এই আলোচনার সভাপতিত্বকারী অস্ট্রেলিয়া একটি সংশোধিত খসড়া চুক্তি তৈরির জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছে; কারণ দুই সপ্তাহের ক্লান্তিকর আলোচনার পর অনেক প্রতিনিধিরই দেশে ফেরার ফ্লাইট ধরার তাড়া রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে বলেছে, বিদ্যমান খসড়াটি এই জলবায়ু সম্মেলনকে ‘একটি জীবাশ্ম জ্বালানি সম্মেলনে পরিণত করার’ ঝুঁকি তৈরি করছে।

২৭ জাতির এই জোটের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর শনিবার ইইউ জলবায়ু দূত ওপকে হোয়েকস্ট্রা এএফপিকে বলেন, ‘আমরা সহজে হাল ছাড়ব না। একই সঙ্গে, আমরা যদি কাঙ্ক্ষিত মানদণ্ডে পৌঁছাতে না পারি, তবে মানদণ্ড পূরণ হবে না এবং কোনো চুক্তিও হবে না। এটাই আমাদের বর্তমান অবস্থানের বাস্তবতা।’

ইরানে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি তেলের মূল্যের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার সাথে দেশগুলো লড়াই করায় তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলন থেকে বড় কোনো সাফল্যের প্রত্যাশা এমনিতেই কম ছিল।

ইউরোপ থেকে শুরু করে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত জলবায়ু-সংশ্লিষ্ট একের পর এক দুর্যোগের পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এমন এক সময়ে এটি চলছে যখন একটি ‘সুপার এল নিনো’ পরিস্থিতি আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত একটি খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি দ্রুত বন্ধ করার (ফেজ-আউট) আহ্বান জানানো হয়েছিল, যা জাতিসংঘের জলবায়ু আলোচনায় একটি উত্তপ্ত ইস্যু। এ প্রসঙ্গটিতে সৌদি আরবের মতো তেল উৎপাদনকারী দেশগুলো এ ধরনের আহ্বানের তীব্র বিরোধিতা করে আসছে।

বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় ও সংক্ষিপ্ত একটি খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির সব উল্লেখ করা অংশগুলো বাদ দেওয়া হয়—যা আলোচকদের আবারও দরকষাকষির টেবিলে ছুটে যেতে বাধ্য করে।

ফ্রান্স থেকে শুরু করে পানামা এবং সলোমন দ্বীপপুঞ্জসহ এক ডজন ইউরোপীয় ও উন্নয়নশীল দেশ শুক্রবার একটি চিঠি প্রকাশ করে জোর দিয়ে বলেছে যে, চুক্তিতে অবশ্যই জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি সুস্পষ্ট রূপান্তর প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকতে হবে।

চিঠিতে স্বাক্ষরকারী পানামা আলোচনা বর্জনের হুমকি দিয়েছে। দেশটির পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো জলবায়ু আলোচনার একজন কড়া সমালোচক; তিনি আলোচনার অগ্রগতি আটকে দেওয়ার জন্য ‘পেট্রোলিয়াম মাফিয়া’-কে অভিযুক্ত করেছেন।

এদিকে, তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ লিখেছে যে, জোটের প্রধান হাইথাম আল গাইস কপ-৩১-এ রাশিয়ার প্রেসিডেন্টের জলবায়ু দূত রুসলান এডেলগেরিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি সকল বহুপাক্ষিক পরিবেশগত ফোরামে অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

‘পরিচ্ছন্ন বিদ্যুতায়ন’

সর্বশেষ খসড়া বা কভার ডিসিশনে বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়িত করার একটি লক্ষ্যমাত্রার প্রস্তাব দেওয়া হয়েছে। এটি হলো ডিজেলচালিত গাড়ি এবং গ্যাস হিটিংয়ের মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ানো প্রযুক্তির পরিবর্তে বৈদ্যুতিক বিকল্প ব্যবহারের একটি প্রচেষ্টা।

কপ-৩১-এর আয়োজক তুরস্ক এবং অস্ট্রেলিয়া এই লক্ষ্যমাত্রার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে; তারা জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মোকাবিলা এবং তাপ আটকে রাখা গ্যাস নিঃসরণ কমানোর ধীরগতি কাটিয়ে উঠতে ‘বিদ্যুতায়ন’-কে অপরিহার্য হিসেবে তুলে ধরছে।

কপ-৩১ আলোচনার সভাপতিত্বকারী অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মূল চাবিকাঠি হলো বিদ্যুতায়ন।’

প্রস্তাবটিতে ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের মাধ্যমে পূরণ হওয়া চূড়ান্ত বৈশ্বিক জ্বালানি চাহিদার অংশ ৩৫ শতাংশে উন্নীত করার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে এতে এ বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি যে, এই অতিরিক্ত বিদ্যুৎ কয়লা বা গ্যাসের পরিবর্তে নবায়নযোগ্য উৎস থেকে আসতে হবে; যার ফলে কিছু দেশ সুস্পষ্টভাবে একটি ‘পরিচ্ছন্ন’ লক্ষ্যমাত্রার দাবি তুলেছে।

কিছু দেশ কার্বন ক্যাপচার (কার্বন ধরে রাখা) প্রযুক্তি বৃদ্ধির একটি প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে; তারা এটিকে একটি ব্যয়বহুল ও অপ্রমাণিত প্রযুক্তি হিসেবে অভিহিত করে বলেছে যে, এটি দূষণকারীদের জীবাশ্ম জ্বালানি পোড়ানো অব্যাহত রাখার সুযোগ করে দিতে পারে।

১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা

অন্যান্য আরও বেশ কিছু বিষয়ে দেশগুলোর মধ্যে তীব্র বিভেদ দেখা দিয়েছে।

জাতিসংঘের আন্তঃসরকারি জলবায়ু পরিবর্তন প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদনগুলো প্রকাশে দেরি করার জন্য সৌদি আরব, ভারত ও কেনিয়ার প্রচেষ্টা বিরোধের একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে।

প্যারিস জলবায়ু চুক্তির অধীনে নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা অতিক্রম করার আসন্ন ঝুঁকি কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

সর্বশেষ খসড়ায় এই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হলেও, চলতি শতাব্দীর মধ্যে যত দ্রুত সম্ভব উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ফিরিয়ে আনার আগের আহ্বানটি বাদ দেওয়া হয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে ধনী দেশগুলো তাদের বাধ্যবাধকতা এড়িয়ে চলছে—এমন দীর্ঘদিনের অভিযোগের কারণেও আলোচনা স্থবির হয়ে পড়েছে।

জলবায়ু অভিযোজনের (অ্যাডাপ্টেশন) জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় উন্নয়নশীল দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। এ প্রসঙ্গে ঘানার পরিবেশমন্ত্রী জানেটর আগিয়েমান-রলিংস বলেন, ‘আমরা এখানে ভিক্ষা করতে আসিনি।’

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]