যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৩:১৪ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রে বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে ১৯ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালত তাকে ২৩৫ মাসের কারাদণ্ড দেন। খবর আল জাজিরার। 

৫৫ বছর বয়সী নিখিল গুপ্ত গত ফেব্রুয়ারিতে হত্যার ষড়যন্ত্র-সংক্রান্ত তিনটি অভিযোগে দোষ স্বীকার করেন। তার বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিক ও আইনজীবী পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি। কারাদণ্ড শেষে তাকে ভারতে ফেরত পাঠানো হতে পারে।

শুক্রবার আদালতে গুপ্ত বলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর অহিংস আদর্শ থেকে সরে আসার জন্য তিনি অনুতপ্ত। তিনি বলেন, আমি মি. পান্নুনের কাছে দুঃখিত। যেসব সম্প্রদায়ের ক্ষতি করেছি, তাদের কাছে দুঃখিত। নিজের পরিবারের কাছেও দুঃখিত।

মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ভারতের সরকারি কর্মকর্তা বিকাশ যাদবের সঙ্গে মিলে পান্নুনকে হত্যার পরিকল্পনা করেছিলেন গুপ্ত। আদালতের নথি অনুযায়ী, হত্যাকারী নিয়োগের জন্য একজনের কাছে ১৫ হাজার ডলার নগদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তারা। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে একজন ছদ্মবেশী মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা ছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক শিখ বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর আইনজীবী পান্নুন যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক। তিনি ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের স্বাধীনতার পক্ষে প্রচার চালিয়ে আসছেন। শিখ ধর্মের সূচনাও এই রাজ্যে।

চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে গ্রেপ্তারের পর ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় গুপ্তকে। এরপর থেকে জামিন ছাড়াই তিনি কারাগারে ছিলেন। তার সঙ্গে করা সমঝোতায় অন্তত ২০ বছর কারাভোগের কথা বলা হয়েছিল।

এই মামলায় বিকাশ যাদবের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তবে তিনি এখনও যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। তার পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

ভারত সরকার এই হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নয়াদিল্লির বক্তব্য, এ ধরনের কর্মকাণ্ড দেশটির সরকারি নীতির পরিপন্থী। তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে একাধিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ সামনে আসার পর ভারতের সঙ্গে দেশ দুটির সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগও অস্বীকার করে আসছে ভারত।

ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের কৌঁসুলিরা গুপ্তের প্রায় ২৪ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। আদালতে কৌঁসুলি অ্যাশলি নিকোলাস বলেন, এই মামলাটি আমেরিকান মূল্যবোধের একেবারে কেন্দ্রে আঘাত করে। এ দেশে কারও কণ্ঠ স্তব্ধ করতে সহিংসতা ব্যবহারের অনুমোদন আমরা কখনওই দেই না।

শুক্রবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন পান্নুন। গুপ্তকে ‘একজন সাধারণ কর্মী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে কাজ করছিলেন গুপ্ত। পান্নুনের দাবি, তিনি প্রকাশ্যে স্বাধীনতার পক্ষে প্রচার চালানো এবং হুমকি-ধমকি উপেক্ষা করায় মোদি সরকার তাকে হত্যা করতে চেয়েছিল।

আদালতে পান্নুন বলেন, শিখদের সার্বভৌমত্বের পক্ষে তার প্রচার অব্যাহত থাকবে। তিনি বলেন, আমার জনগণ ও মাতৃভূমি পাঞ্জাবের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]