‘আমি ভুল করিলাইছি, আমারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন’

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৮ , অনলাইন ভার্সন
সুনামগঞ্জের শাল্লায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাদিকুর রহমান নামে এক ইমামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের কক্ষের লেপের নিচ থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে মসজিদের আশপাশের বাড়ির লোকজন। ওই কিশোরীকে জোর করে ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে আটক ইমামের বিরুদ্ধে।

আটক সাদিকুর রহমান (৪২) উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি একই উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইয়ারাবাদ গ্রামের ওই কিশোরী মসজিদের পাশ দিয়ে গ্রামের দোকান থেকে চা পাতা আনতে গিয়েছিল। এ সময় ইমাম তাকে জোর করে নিজের রুমে টেনে নেন। গ্রামের দুই স্কুলছাত্র ওই কিশোরীকে ইমাম তার রুমে টেনে নিয়ে যেতে দেখে। তারা ইমামের রুমের সামনে কিশোরীর জুতা দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে গ্রামের লোকজন ইমামের রুমে ঢুকে তার বিছানায় থাকা লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন ইমাম সাদিকুর রহমানকে মারধর করে আটকে রেখে পুলিশকে জানান। পরে দুপুরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রামের সপ্তম শ্রেণির এক ছাত্র জানায়, তারা সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায় ওই কিশোরীর হাত ধরে ইমাম তার রুমের ভেতরে টেনে নিয়ে যাচ্ছেন। সাথে সাথেই তারা আশপাশের লোকজনকে জানায়। পরে গ্রামের লোকজন ইমামের লেপের ভেতর থেকে কিশোরীকে উদ্ধার করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারকারী নাজির উদ্দিন বলেন, ‘সকালে দুজন স্কুলছাত্র এসে জানায় ইমাম এক মেয়েকে টেনে তার রুমের ভেতরে নিয়ে গেছে। পরে সবার উপস্থিতিতে ইমাম সাহেবের রুমের ভেতরে গিয়ে তার লেপের ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর সবার সামনে ইমাম সাহেব মেয়ের হাত ধরার কথা স্বীকার করেছেন।’

ভুক্তভোগী কিশোরী বলে, ‘সকালে চা পাতা আনার জন্য দোকানে গিয়েছিলাম। এ সময় মসজিদের ইমাম আমার হাত ধরে রুমের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢাকার চেষ্টা করছিল। চিৎকার করতে চাইলে মুখে চাপ দিয়ে ধরে রেখেছিল।’

আটক ইমাম পুলিশ ও গ্রামবাসীর কাছে ওই কিশোরীর হাত ধরার কথা স্বীকার করে বলেন, ‘ওই মেয়ে আমার রুমে ঢুকেছিল। মেয়ে গেছে আমি ধরছি। পরে মানুষ দেখতে পেয়ে যাওয়ার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রেখেছিলাম। তার হাত ধরা ছাড়া অন্য কিছু করি নাই। আমি অন্যায় করিলাইছি, ভুল করিলাইছি, আমারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন।’

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, ‘স্থানীয়দের অভিযোগে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]