প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হার্ডলাইনে ব্রিটিশ সরকার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০১:০৩ , অনলাইন ভার্সন
ব্রিটেনের রাস্তায় বাংলাদেশি রাজনীতিবিদদের মারামারির কারণে এবার কঠোর হতে পারে ব্রিটিশ প্রশাসন। ব্রিটেনের বেশ কয়েকজন এমপি ও রাজনৈতিক বিশ্লেষক এসব ঘটনার ভিডিও ফুটেজ দেখে কড়া সমালোচনা করে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানান তারা। ব্রিটিশ এমপি রুপার্ট লওই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশি নাগরিকদের যারা এমন আচরণ করেছে, তাদের সরাসরি দেশে ফেরত পাঠানো উচিত।

ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিভক্তি ক্রমেই প্রকাশ্য সংঘর্ষ, হামলা, পাল্টাপাল্টি বিক্ষোভ ও সহিংসতার দিকে গড়াচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তাপ এখন প্রবাসেও ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক নেতাদের সফরকে কেন্দ্র করে বিক্ষোভ, ডিম ও বোতল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং রাস্তায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্রিটিশ প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে।

সাম্প্রতিক লন্ডনের রমফোর্ড ও চ্যাডওয়েল হিথ এলাকায় দুই পক্ষের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা পরিস্থিতিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। গত সোমবার (১৬ নভেম্বর) এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের আশপাশে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিপক্ষের ওপর লাঠি দিয়ে হামলা, ডিম ও বোতল নিক্ষেপ এবং সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হন। পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। আহতদের চিকিৎসাও দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা যায়, সফররত রাজনৈতিক নেতাদের ঘিরে উত্তেজনা ব্রিটেনে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের সফর এখন অনেক ক্ষেত্রেই স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির বাইরে নিরাপত্তাঝুঁকির বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এর আগেও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরকে কেন্দ্র করে বিক্ষোভ, ডিম নিক্ষেপ, প্রবেশপথ অবরোধ এবং পুলিশের ব্যাপক উপস্থিতির ঘটনা ঘটেছিল। কিছু অনুষ্ঠানে অতিথিদের নিরাপত্তার কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং নেতাদের পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠানস্থলে প্রবেশ ও বের হতে হয়।

নাহিদ ইসলামকে ঘিরেও ক্যামব্রিজ ও পূর্ব লন্ডনে প্রতিবাদ, হয়রানির চেষ্টা এবং শেষ পর্যন্ত রমফোর্ডে সংঘর্ষের ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে। বাংলাদেশের রাজনৈতিক বিরোধ কি এখন ব্রিটেনের রাস্তায়ও সহিংস রূপ নিচ্ছে।

আইনজীবী মোহাম্মদ আলম বলেন, ঘন ঘন সংঘর্ষ ও জননিরাপত্তার বিঘ্ন ব্রিটিশ কর্তৃপক্ষকে বাংলাদেশি রাজনৈতিক সংগঠনগুলোর কর্মকাণ্ডের বিষয়ে আরও কঠোর হতে বাধ্য করতে পারে। যদিও যুক্তরাজ্যে রাজনৈতিক মত প্রকাশ, সমাবেশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আইনি সুরক্ষার আওতায় রয়েছে, কিন্তু সেই অধিকারের আড়ালে হামলা, ভয়ভীতি প্রদর্শন, জনপথে সহিংসতা কিংবা অন্যের অনুষ্ঠান বাধাগ্রস্ত করার সুযোগ নেই।

ব্রিটিশ পুলিশের কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়ে জনশৃঙ্খলা রক্ষা এবং আইনের প্রয়োগই প্রধান বিবেচ্য। ফলে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা, সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনা, গ্রেপ্তার, তদন্ত এবং আদালতে অভিযোগ উত্থাপনের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

কোনো রাজনৈতিক কর্মসূচি যদি বারবার সহিংসতায় রূপ নেয়, তাহলে ভবিষ্যতে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা শর্ত, পুলিশের উপস্থিতি, ভেন্যুর ঝুঁকি মূল্যায়ন এবং সমাবেশের ওপর আইনসম্মত বিধি-নিষেধ আরও কঠোর হতে পারে।

কমিউনিটি নেতা আফজল আলী বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে, ব্রিটেনে রাজনৈতিক সংঘাতের নামে সহিংসতা চলতে থাকলে পুলিশ ও প্রশাসন আর আগের মতো নমনীয় থাকবে না। নিরাপত্তাব্যবস্থা জোরদার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং রাজনৈতিক অনুষ্ঠানগুলোর ঝুঁকি মূল্যায়ন আরও গুরুত্ব পেতে পারে।

বাংলাদেশি রাজনৈতিক সংগঠনগুলোর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক কর্মসূচি ও প্রতিবাদকে শান্তিপূর্ণ রাখা এবং ব্রিটিশ আইন মেনে চলা। অন্যথায় রাজনৈতিক সংঘাতের পরিণতি শুধু সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো প্রবাসী কমিউনিটির সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডও এর প্রভাবের মুখে পড়তে পারে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]