মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের বিল প্রত্যাখ্যান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:২৬ , অনলাইন ভার্সন
মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের অন্যতম কারণ হওয়া ইরান যুদ্ধের পক্ষেই আবারও অবস্থান নিয়েছেন রিপাবলিকান সিনেটররা। ৪৮-৫১ ভোটে বাতিল হয়েছে যুদ্ধ বন্ধে আনা প্রস্তাব। খবর দ্য গার্ডিয়ান। 

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করার লক্ষ্যে উত্থাপিত একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে ৪৮ জন সিনেটর প্রস্তাবের পক্ষে এবং ৫১ জন বিপক্ষে ভোট দেন। ফলে প্রস্তাবটি পাস হয়নি।

গত সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রস্তাবটি পাস হয়েছিল। তবে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পর এই প্রথম কংগ্রেসের কোনো কক্ষে এ ধরনের প্রস্তাবের ওপর ভোটাভুটি হলো। আগামী বছর থেকে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে।

ভোটাভুটিতে দলীয় অবস্থান অনুযায়ী প্রায় বিভক্ত ছিলেন সিনেটররা। ডেমোক্র্যাটদের মধ্যে একমাত্র পেনসিলভানিয়ার সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে মেইনের সুসান কলিন্স, কেনটাকির র‍্যান্ড পল এবং আলাস্কার লিসা মারকাউস্কি প্রস্তাবের পক্ষে ভোট দেন।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ডেমোক্র্যাটরা ধারাবাহিকভাবে যুদ্ধ বন্ধে ওয়ার পাওয়ারস রেজল্যুশন উত্থাপন করে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের রিপাবলিকান মিত্ররা এ পর্যন্ত বেশ কয়েকটি প্রস্তাব আটকে দিতে সক্ষম হলেও গত জুনে একটি প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষেই পাস হয়েছিল।

তবে কংগ্রেসের সেই প্রস্তাব উপেক্ষা করেন ট্রাম্প। এরপর ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস অ্যাক্ট ব্যবহার করে যুদ্ধ বন্ধে চাপ অব্যাহত রেখেছেন ডেমোক্র্যাটরা। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, মার্কিন জনগণের বড় একটি অংশ এই যুদ্ধের বিরোধী। এ ছাড়া যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে পেট্রল ও ডিজেলের দামও বেড়েছে।

বৃহস্পতিবার সিনেটে বিবেচনার জন্য ওঠা প্রস্তাবটির পক্ষে প্রতিনিধি পরিষদের সব ডেমোক্র্যাট সদস্যের পাশাপাশি সাতজন রিপাবলিকানও ভোট দিয়েছিলেন। তাঁদের কয়েকজন মধ্যবর্তী নির্বাচনে পুনর্নির্বাচিত হতে পারেননি। তবে সিনেটে এসে রিপাবলিকানদের বড় অংশই যুদ্ধের প্রতি সমর্থন বজায় রাখেন।

এদের মধ্যে রয়েছেন নর্থ ক্যারোলাইনার সিনেটর থম টিলিস। অতীতে যুদ্ধ বন্ধের প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও এবার তিনি যুদ্ধের পক্ষে ভোট দেন। বছরের শেষ দিকে অবসরে যাচ্ছেন তিনি। একইভাবে লুইজিয়ানার বিদায়ী সিনেটর বিল ক্যাসিডিও এবার যুদ্ধের পক্ষ নেন। গত জুনে প্রস্তাবটি পাসের ক্ষেত্রে তাঁর সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]