আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ২১:৫৮ , অনলাইন ভার্সন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক এই সম্মাননা অর্জন করেন তিনি।

এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ স্নো লেপার্ড পুরস্কার। এর আগে এ সম্মাননা পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।

এ নিয়ে ‘রইদ’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন তুষি। এর আগে কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ১২তম আসরে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।

আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, ‘আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

এরই মধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ টাইগার প্রতিযোগিতায় প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় সিনেমাটি। এ ছাড়া প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।

ঠিকানা/এএস
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]