ইসরায়েল-সৌদিতে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৪:৩২ , অনলাইন ভার্সন
ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন ও মিত্রবাহিনীর সেনাদের সুরক্ষায় ১৭টি শক্তিশালী কংক্রিটের বাংকার নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে ১০টি, সৌদি আরবে পাঁচটি ও লেবাননে দুটি বাংকার নির্মিত হবে।

জরুরি ভিত্তিতে এই কাজ বাস্তবায়নে মাত্র তিন দিনের মধ্যে ঠিকাদারদের দরপ্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং নির্বাচিত প্রতিষ্ঠানকে ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অস্ত্র থেকে আসা পরোক্ষ হামলার মধ্যেও অক্ষত থাকতে পারে, এমনভাবে বাংকারগুলো নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন বিভিন্ন দেশের সম্ভাব্য শত্রুভাবাপন্ন পরিবেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কর্মীদের সুরক্ষায় জরুরি ও সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্রচলিত মানের বাইরে থাকা আশ্রয়কেন্দ্রগুলো (যেমন, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা রূপান্তরিত পণ্যবাহী কনটেইনার) সরিয়ে মানসম্মত, আগে থেকে তৈরি এবং শক্তিশালী কংক্রিটের পরোক্ষ হামলা প্রতিরোধী বাংকার নির্মাণ করা প্রয়োজন।’

ইসরায়েলে তিন স্তরের কংক্রিটের বাংকার
ইসরায়েলে ১০টি সম্পূর্ণ কার্যকর পরোক্ষ হামলা প্রতিরোধী বাংকার নির্মাণের নির্দেশনা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। প্রতিটি বাংকারে শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ থাকবে। পাশাপাশি প্রবেশ ও বের হওয়ার পথ থেকে এক মিটার দূরে স্থাপন করা হবে বিস্ফোরণ ও বোমার টুকরার আঘাত প্রতিরোধী বিশেষ দেয়াল। এগুলো ‘আলাস্কা ব্যারিয়ার’ নামে পরিচিত।

প্রতিটি ব্যারিয়ারের উচ্চতা হবে তিন মিটার এবং ওজন আনুমানিক ৬ দশমিক ১ টন। বাংকারগুলোতে স্নাইপারের গুলির আঘাত থেকে সুরক্ষার ব্যবস্থাও থাকবে। ছাদে ১৮ ইঞ্চি পুরু বালুর বস্তার স্তর এবং দুই পাশে চার ফুট পুরু বালুর বস্তার সুরক্ষা রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্যন্ত জরুরি পরিচালনাগত পরিস্থিতির কারণে দ্রুত এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমানে সেনারা মানসম্মত নয়, এমন কনটেইনারভিত্তিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, যেখানে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। এ কারণে পরবর্তী দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিনের দ্রুত সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।’

তবে বাংকারগুলো ঠিক কোন কোন স্থানে নির্মাণ করা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, দরপত্র আহ্বানের পর যাচাই করা এবং যোগ্য দরদাতাদের নির্দিষ্ট সামরিক ঘাঁটির নাম ও অবস্থানসংক্রান্ত স্থানাঙ্ক জানানো হবে। বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের বাংকারগুলো দেশটির বিমানবাহিনীর ঘাঁটিতে নির্মাণ করা হতে পারে। কারণ, সেখানে বলা হয়েছে, পূর্বানুমতি ছাড়া ঠিকাদার কোনো নির্মাণসামগ্রী বিমানঘাঁটির ময়লা ফেলার পাত্রে কিংবা ঘাঁটির অন্য কোনো স্থানে রাখতে পারবেন না।

নির্মাণসামগ্রী ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা
বাংকার নির্মাণে ব্যবহৃত উপকরণ নিয়েও কঠোর নির্দেশনা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। কয়েক ধরনের ক্ষতিকর রাসায়নিক ও উপাদান ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ উপাদানের মধ্যে রয়েছে পারদ, সিসা, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, টলুইন, অ্যাসবেস্টস, ক্লোরিনযুক্ত দ্রাবক, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস (পিসিবি), হাইড্রোলাইজযোগ্য ক্লোরিন যৌগ এবং ইথিলিনভিত্তিক গ্লাইকল ইথার ও সেগুলোর অ্যাসিটেট। এসব উপাদানের অনেকগুলোই সরাসরি বা পরোক্ষভাবে বিমানের কাঠামো, বিভিন্ন যন্ত্রাংশ, কার্যক্ষমতা, স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইরানের হামলার মুখে মার্কিন সামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি ও সুরক্ষা উদ্যোগ
উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকার মধ্যেই নিজেদের সামরিক স্থাপনা সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় কয়েকজন সেনা নিহত হওয়ার পাশাপাশি জর্ডানসহ পুরো অঞ্চলে কয়েক বিলিয়ন ডলারের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

এমন পরিস্থিতিতে গত মার্চে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেনাদের সুরক্ষায় দ্রুত শক্তিশালী ও হামলা প্রতিরোধী বাংকার নির্মাণের ওপর জোর দেন। এর পরপরই জর্ডানে দ্রুততম সময়ে বহনযোগ্য ও বিস্ফোরণ-প্রতিরোধী আশ্রয়কেন্দ্র সরবরাহের জন্য ঠিকাদার চেয়ে বিজ্ঞপ্তি দেয় যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বৃদ্ধি
ইরানের সঙ্গে যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে কয়েক ডজন যুদ্ধবিমান ও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে ইসরায়েলে একটি প্যাট্রিয়ট এবং অন্তত একটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া অক্টোবরের মাঝামাঝি থেকে ৩ নভেম্বরের মধ্যে টেক্সাসের ফোর্ট ব্লিসসহ বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩২টি মার্কিন সি-১৭ সামরিক পরিবহন বিমান ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

ঠিকানা/এসআর
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]