পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান

দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৫৮ , অনলাইন ভার্সন
দেশজুড়ে ১২ দিনে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। একই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ১২ দিনে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ঘটনার দ্রুত জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে নাশকতার চেষ্টা করতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। অরাজক পরিস্থিতি তৈরি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ কাউকে দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে।

ঠিকানা/এনআই
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]