রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ , অনলাইন ভার্সন
বিশ্বে কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার করেছে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। পারমাণবিক ঝুঁকি কমানো, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং জাতিসংঘের সংস্কারসহ চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছেন দেশ তিনটির রাষ্ট্রপ্রধান।

১৯ নভেম্বর (বৃহস্পতিবার) চীনের শেনজেনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তির লক্ষ্যে চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের ঘোষণা’ শীর্ষক একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

এতে স্বাক্ষরকারী হিসেবে উল্লেখ করা হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের নাম।

ঘোষণায় বলা হয়, তিন নেতা বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় করেছেন এবং কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

জাতিসংঘের সংস্কারে একমত তিন দেশ

ঘোষণার প্রথম দফায় জাতিসংঘের সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘকে আরও কার্যকর করার অঙ্গীকার করেছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটিকে আরও কার্যকর ভূমিকা পালনের উপযোগী করে তোলার কথা বলা হয়েছে।

জ্বালানি সরবরাহ বাড়ানোর পরিকল্পনা

দ্বিতীয় দফায় পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে তিন দেশ। বিশ্বের সব দেশের সুবিধার্থে এ উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থিতিশীল জ্বালানি সরবরাহের গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার নিয়ে অবস্থান

তৃতীয় দফায় রাষ্ট্রের সম্মতি এবং রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির নীতির গুরুত্ব তুলে ধরেছেন তিন নেতা। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য সংস্থা যেন নিজেদের বিচারিক এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে একমত হয়েছেন তারা।

পারমাণবিক ঝুঁকি কমাতে সংলাপ

ঘোষণার চতুর্থ ও গুরুত্বপূর্ণ দফায় পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধ কখনোই সংঘটিত হওয়া উচিত নয়।

পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে তিন দেশ পারস্পরিক সংলাপ চালানোর অঙ্গীকার করেছে। সূত্র: সিনহুয়া

ঠিকানা/এএস 

 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]