একই রোদ, ভিন্ন শরৎ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১১ , অনলাইন ভার্সন
অক্টোবরের শেষ বিকেলে বাড়ির সামনে দাঁড়িয়ে দেখি—
দুটো ম্যাপল গাছ; পনেরো বছর আগে পাশাপাশি এসেছিল একসঙ্গে,
যদিও এখন একটি বড়, একটি ছোট;
যেমন একই পৃথিবীর পথে পাশাপাশি হাঁটে দুজন মানুষ,
অথচ কারও অন্তরে কারও প্রবেশ ঘটে না কোনো দিন।
ছোটটি সব পাতা ঝরিয়ে শূন্য হাতে দাঁড়িয়ে আছে—
যেন জীবনের সমস্ত গল্প ফুরিয়ে যাওয়া এক বিষণ্ন কবিতা।
অন্যটি তখনো পূর্ণ—
সারা শরীরে লাল আগুন, যেন পৃথিবীর শেষ সূর্যাস্তটুকু
সে একাই বুকের ভেতর বয়ে বেড়াচ্ছে। একই সূর্য, একই
মেঘের জল, একই রাতের শিশির দুজনই পেয়েছে;
একই শীতের পায়ের শব্দ শুনেছে তাদের শিকড়ের নিচে ঘুমন্ত মাটি;
তবু কেন একটি ম্যান, অন্যটির মনে কেন এখনো রঙের এত উৎসব?

কোন অজানা দূত এসে বলে যায়—
এবার তোমার সবুজের দিন শেষ, এবার পাতা লাল হওয়ার পালা?
নাকি প্রতিটি গাছের ভেতরেই থাকে একটি গোপন ঋতু,
যার খবর আকাশ জানে না, বাতাসও না, এমনকি পাশের গাছটিও নয়?
মানুষের জীবন কি এর চেয়ে আলাদা?
একই মায়ের কোলে জন্ম নিয়ে দুই ভাই চলে যায় দুই দিকে;
একজনের ঘরে আলো জ্বলে, অন্যজনের জানালায় জমে
থাকে বহুদিনের অনুচ্চারিত অন্ধকার। একজন বেঁচে থাকার
ব্যাকরণ সহজেই শিখে নেয়, অন্যজন একটি অসম্পূর্ণ
বাক্যের অর্থ খুঁজতেই সারাটা জীবন পার করে দেয়।
একই ভালোবাসার বৃষ্টিতে একজন ভোলে না উষ্ণতা,
অন্যজন মনে রাখে শুধু বিদায়ের দিনে ভিজে যাওয়া একটি রুমাল।

যে গাছ আজ নগ্ন, সে কি তবে হেরে গেছে? না—
তার ডালের শূন্যতায় আমি দেখি এক অদ্ভুত প্রশান্তি;
সে আর একটি পাতাও আঁকড়ে ধরে রাখতে চায় না,
কারণ ছেড়ে দেওয়ার মধ্যেই সে খুঁজে পেয়েছে নতুন বসন্তের প্রতিশ্রুতি।
হয়তো সে জেনে গেছে—
সব প্রাপ্তি পূর্ণতা নয়, সব হারানোও শূন্যতা নয়।
কোনো কোনো ভালোবাসা মুক্তি পায় বিচ্ছেদে, কোনো কোনো অস্তিত্ব অমর
হয় বিলীনতায়। আর যে গাছ এখনো লালে লাল—
সে কি জীবনের উল্লাসে জ্বলে, নাকি তার পেছনে অন্য কোনো দর্শন আছে?
আসলে গাছের কোনো দর্শন নেই, তবু প্রশ্নটা থেকেই যায়—
যে পাতা ঝরে পড়ে, সে কি সময়কে মেনে নেয়; আর যে থেকে যায়, সে কি সময়কে
অস্বীকার করে? নাকি দুটোই জানে—
সময়ের কাছে পরাজিত হওয়া আর নিজের সময়টুকু পূর্ণ করে বেঁচে থাকা এক কথা নয়?
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]