রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় তদন্তে ব্যর্থ মিয়ানমার : আইসিজে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:২৯ , অনলাইন ভার্সন
রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নির্যাতন, হত্যা, যৌন সহিংসতা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আদালত বলেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।

 একই সঙ্গে এসব নৃশংসতার ঘটনা তদন্তে মিয়ানমার আন্তরিক ছিল না এবং প্রয়োজনীয় প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও অসহযোগিতা করেছে। রোহিঙ্গা গণহত্যার মামলার রায় পড়ার সময় আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি এসব পর্যবেক্ষণ তুলে ধরেন।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় পড়া শুরু করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

বিচারক ইউজি বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে। এর আগে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দেশটির নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ করেছিল। আদালত এসব হামলার বিষয়টিও স্বীকার করেছে।

তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করেছে।

পুরুষদের আলাদা করে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটিয়েছে তারা। 

বিচারক ইউজি আরো বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। শিশুদের ওপর নৃশংসতা চালানোর পাশাপাশি বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বিচারক ইউজি বলেন, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। কিন্তু দেশটির বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার কমেছে।

এর ফলে তারা সমাজে প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তিনি বলেন, সামরিক বাহিনীর সমর্থনে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্য রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা ও ঘৃণা বাড়িয়ে তুলেছে।

তদন্তে অসহযোগিতা করেছে মিয়ানমার

বিচারক ইউজি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঘটনাগুলো নিয়ে মিয়ানমার আন্তরিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে। তিনি জানান, মামলার প্রমাণ মূল্যায়নের সময় মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েছে আদালত।

মামলার রায় দিতে বিভিন্ন প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নিয়েছে আইসিজে। বিচারক ইউজি জানান, গণহত্যা নিয়ে আগের মামলাগুলোর সঙ্গে তুলনা করার মতো পর্যাপ্ত বিচারিক নজির না থাকায় আদালতকে দুই পক্ষের দেওয়া প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে। সাক্ষীদের জবানবন্দি, তাদের অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতিতে তারা সাক্ষ্য দিয়েছেন, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য দেওয়ার কারণে তাদের ওপর প্রতিশোধ নেওয়া হতে পারে কি না, সেই আশঙ্কাও গুরুত্ব পেয়েছে।

বিচারক জানান, ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে আদালত। গাম্বিয়ার পক্ষ থেকে দেওয়া সাক্ষীদের বিবরণকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছে আইসিজে। তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময়ও চ্যালেঞ্জ করা হয়নি।

ঠিকানা/এএস 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]