নামাজের সঙ্গে যোগব্যায়ামের সুসম্পর্ক ও উপকারিতা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ , অনলাইন ভার্সন
ইসলামি বিশ্বাস অনুযায়ী, মহান আল্লাহর ইবাদত হিসেবে নামাজের মূল ধারণা আদি পিতা হজরত আদম (আ.)-এর সময় থেকেই শুরু হয়েছিল। তবে বর্তমানের সুনির্দিষ্ট পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ রূপটি এসেছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মেরাজের ঘটনার মাধ্যমে। তখন থেকে নামাজ ফরজ বা আবশ্যিক পালনীয় করা হয়। ‘নামাজ’ শব্দের মূল অর্থ হলো নত হওয়া, সম্মান প্রদর্শন করা বা দোয়ার মাধ্যমে আনুগত্য প্রকাশ করা।
যোগব্যায়ামের উৎপত্তি প্রাচীন ভারতে আজ থেকে প্রায় ৫,০০০ বছরেরও বেশি সময় আগে হয়েছিল। ‘যোগ’ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ‘যুজ্’ (Yuj) থেকে, যার অর্থ হলো—একত্রিত করা, যুক্ত করা বা মিলন ঘটানো। মূলত শরীর, মন ও আত্মার মধ্যকার সংযোগ এবং পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন ঘটানোই ছিল এর আদি লক্ষ্য।
নামাজ পড়ার সঙ্গে শারীরিক ও মানসিকভাবে যোগব্যায়াম (Yoga) বা স্ট্রেচিংয়ের বেশ কিছু মিল রয়েছে। কারণ, নামাজের প্রতিটি ধাপে শরীরের বিভিন্ন অঙ্গের সুনির্দিষ্ট নড়াচড়া ঘটে। নামাজের কিয়াম বা দাঁড়ানো, রুকু বা ঝুঁকে পড়া এবং সিজদা বা মাটিতে মাথা ঠেকানো এবং তাশাহহুদ পড়া বা বসে পড়া—এই ধাপগুলো শরীরের পেশি, হাড় ও জয়েন্টগুলোকে সচল রাখে, যা যোগব্যায়ামের আসনসমূহের মতো কাজ করে। সিজদার সময় মস্তিষ্কে অতিরিক্ত রক্ত সঞ্চালন ঘটে, যা যোগব্যায়ামের নির্দিষ্ট কিছু উল্টো বা বাঁকানো মুদ্রার মতোই মানসিক ক্লান্তি দূর করতে ও মনোযোগ বাড়াতে সাহায্য করে। কিয়াম বা রুকুতে নির্দিষ্ট স্থানে দৃষ্টি রাখা এবং ধীরস্থিরভাবে রোকনগুলো আদায় করা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে এবং মানসিক প্রশান্তি বা ধ্যান তথা মেন্টাল রিলাক্সেশনে যোগব্যায়ামের মতো সুফল দেয়। যোগব্যায়ামের মূল লক্ষ্য শারীরিক ফিটনেস ও মানসিক শান্তি। পক্ষান্তরে নামাজ হলো আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের একটি পরিপূর্ণ ইবাদত বা ফরজ বিধান। শারীরিক ব্যায়াম বা উপকারিতা এর একটি স্বাভাবিক অনুষঙ্গ মাত্র, মূল উদ্দেশ্য নয়। পক্ষান্তরে নামাজ পড়া আল্লাহ তায়ালার বিধান এবং এর আধ্যাত্মিক ও মানসিক প্রভাব—উভয় দিকই মানবদেহের জন্য অত্যন্ত কল্যাণকর। নামাজের শারীরিক উপকারিতা বা Physical Health Benefits নির্দিষ্ট নিয়মে এবং সঠিক ভঙ্গিতে দৈনিক পাঁচবার নামাজ আদায় করার মাধ্যমে শরীর একধরনের মৃদু কিন্তু অত্যন্ত কার্যকর ব্যায়ামের মধ্য দিয়ে যেতে হয়। যেমন রুকুতে যাওয়ার সময় পিঠ ও কোমর মাটির সমান্তরালে সোজা রাখা হয়। এতে কোমরের নিচের অংশের পেশি এবং স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের স্ট্রেচিং হয়। এটি পিঠ ও কোমরের জড়তা দূর করে এবং দীর্ঘস্থায়ী কোমরব্যথা কমাতে সাহায্য করে।
জলসা ও তাশাহহুদের সময় সিজদা থেকে উঠে যখন দুই হাঁটুর ওপর ভর দিয়ে বসা হয়, তখন মেরুদণ্ড সোজা থাকে। এটি শরীরের সঠিক গঠন ঠিক রাখতে এবং পিঠের ওপর বাড়তি চাপ কমাতে সাহায্য করে। সিজদায় যাওয়ার সময় এবং দুই সেজদার মাঝে বা তাশাহহুদে বসার সময় পেটের অভ্যন্তরীণ অঙ্গগুলোতে, যেমন পাকস্থলী ও লিভারে একটি মৃদু চাপ বা ম্যাসাজের মতো অনুভূতি তৈরি হয়। এটি পেটে জমে থাকা গ্যাস দূর করতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি এমনভাবে বিন্যস্ত যে এটি আমাদের বিপাক প্রক্রিয়াকে (Metabolism) সচল রাখে এবং পরোক্ষভাবে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমায়। সিজদার সময় মানুষের মাথা হৃৎপিণ্ডের চেয়ে নিচে অবস্থান করে। ফলে অভিকর্ষজ বলের কারণে মস্তিষ্কে প্রচুর পরিমাণে বিশুদ্ধ রক্ত ও অক্সিজেন পৌঁছায়। এটি স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে অত্যন্ত কার্যকর।
নামাজ কেবল কিছু শারীরিক নড়াচড়া নয়, এটি মূলত পরম সৃষ্টিকর্তার সঙ্গে বান্দার সংযোগ স্থাপনের একটি গভীর মাধ্যম। নামাজে যখন পূর্ণ মনোযোগ বা খুশু-খুজুর সঙ্গে দাঁড়ানো হয়, তখন তা একধরনের গভীর ধ্যানের বা Mindfulness রূপ নেয়। এটি ব্রেনে কর্টিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে মনকে শান্ত করে। ব্যস্ত কর্মদিবসের মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মনকে দুনিয়াবি চিন্তা থেকে সাময়িক মুক্তি দেয়। এই নিয়মিত বিরতিগুলো মানসিক ক্লান্তি বা বার্নআউট প্রতিরোধে থেরাপির মতো কাজ করে।
নামাজ আত্মিক শৃঙ্খলা ও পবিত্রতা বজায় রাখে। নামাজের পূর্বে অজু করার মাধ্যমে যেমন শারীরিক পরিচ্ছন্নতা ও ক্লান্তি দূর হয়, তেমনি নামাজের মাধ্যমে মানুষের অহংকার ও মানসিক অহমিকা দূর হয়। এটি মানুষের মনে একধরনের অভূতপূর্ব আত্মিক প্রশান্তি (Inner Peace) ও নৈতিক বল বহুগুণে বৃদ্ধি করে দেয়।
সংক্ষেপে বলতে গেলে, নামাজ একদিকে যেমন মানুষের আত্মাকে আল্লাহর স্মরণে সতেজ রাখে, তেমনি পরোক্ষভাবে এটি শরীরকে সুস্থ, সচল এবং রোগমুক্ত রাখতে একটি চমৎকার প্রাকৃতিক উপায় হিসেবে কাজ করে ।
নামাজের প্রধান শারীরিক ধাপ বা ভঙ্গিগুলোর সঙ্গে যোগব্যায়ামের সুনির্দিষ্ট কিছু আসনের গভীর মিল রয়েছে। নামাজের প্রতিটি প্রধান ধাপ এবং তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগব্যায়ামের আসনগুলো নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে।
কিয়াম বা সোজা হয়ে দাঁড়ানো যোগব্যায়ামের তাড়াসন (Tadasana/Mountain Pose) ভঙ্গির সঙ্গে মিল আছে। নামাজে যেভাবে সোজা হয়ে দাঁড়িয়ে সিজদার জায়গার দিকে নজর স্থির রাখা হয়, তাড়াসনেও ঠিক একইভাবে দুই পায়ের ওপর শরীরের সমান ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতে হয়। এর ফলে শরীরের সঠিক অঙ্গবিন্যাস বা পোশ্চার (Posture) উন্নত করতে এবং শারীরিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
তাকবির ও হাত বাঁধা যোগব্যায়ামের অঞ্জলি মুদ্রা (Anjali Mudra/Prayer Hands) ভঙ্গির সঙ্গে মিল আছে। নামাজ শুরুর সময় দুই হাত কান বা কাঁধ পর্যন্ত তোলা এবং বুকে বা নাভির ওপর হাত বাঁধার ভঙ্গিটি যোগব্যায়ামের অঞ্জলি মুদ্রা বা প্রেয়ার পোজের সঙ্গে মানানসই। এ আসন মনকে শান্ত করতে, মনোযোগ এক জায়গায় আনতে এবং হৃদযন্ত্রের গতিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। রুকু বা কোমর বাঁকিয়ে মাথা নিচু করা যোগব্যায়ামের অর্ধ উত্তানাসন ভঙ্গির সঙ্গে মিল আছে। রুকুতে পিঠ ও কোমর মাটির সমান্তরালে ৯০ ডিগ্রি কোণে সোজা রাখা হয় এবং হাত দুটি হাঁটুর ওপর থাকে। যোগশাস্ত্রে অর্ধ উত্তানাসন অবিকল এই ভঙ্গিতেই করা হয়। এটি পিঠ, কোমর এবং পায়ের পেছনের পেশির জড়তা দূর করে এবং মেরুদণ্ডের নমনীয়তা বাড়ায়।
সিজদা বা মাটিতে মাথা ও নাক ঠেকানো যোগব্যায়ামের বালাসন বা শশাঙ্কাসন ভঙ্গির সাথে মিল আছে। হাঁটু গেড়ে বসে কপাল মাটিতে ঠেকিয়ে নামাজের যে সিজদা দেওয়া হয়, তা যোগব্যায়ামের বালাসন বা চাইল্ডস পোজের সঙ্গে হুবহু মিলে যায়। এই অবস্থানে হৃৎপিণ্ড মাথার চেয়ে ওপরে থাকায় মস্তিষ্কে প্রচুর রক্ত ও অক্সিজেন পৌঁছায়, যা মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
জলসা ও তাশাহহুদ বা দুই সিজদার মাঝে এবং শেষে বসার ভঙ্গি যোগব্যায়ামের বজ্রাসন ভঙ্গির সঙ্গে মিল আছে। সিজদা থেকে উঠে পায়ের পাতা মুড়ে যেভাবে হাঁটু গেড়ে সোজা হয়ে বসা হয়, যোগশাস্ত্রে এটিকে বজ্রাসন বলা হয়। এটি থাই বা ঊরুর পেশি শক্তিশালী করে এবং খাবারের পর এই ভঙ্গিতে বসলে হজম প্রক্রিয়ার বা Digestion-এর দারুণ উন্নতি ঘটে।
সালাম ফেরানো বা নামাজের শেষ ধাপ যোগব্যায়ামের গ্রীবা সঞ্চালন বা Neck Twisting Exercises ভঙ্গির সঙ্গে মিল আছে। নামাজের শেষে ডানে এবং বামে ঘাড় ঘুরিয়ে যে সালাম ফেরানো হয়, তা যোগব্যায়ামের ঘাড়ের ব্যায়াম বা গ্রীবা সঞ্চালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ আসনের ফলে ঘাড়ের পেশির স্ট্রেচিং করে, ঘাড়ের ক্র্যাম্প বা ব্যথা দূর করে এবং সারভাইকাল স্পন্ডিলাইটিসের ঝুঁকি কমায়।
ফলে দেখা যাচ্ছে, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে একজন মানুষের অজান্তেই যোগব্যায়ামের প্রধান প্রধান আসনগুলোর একটি সম্পূর্ণ সেট বা সাইকেল সম্পন্ন হয়ে যায়। মোদ্দা কথা হলো যোগব্যায়াম শরীর ও মনকে সুস্থ রাখার একটি শারীরিক ও মনস্তাত্ত্বিক বিজ্ঞান। অন্যদিকে নামাজ হলো একটি পরিপূর্ণ ইবাদত বা আধ্যাত্মিক অনুশাসন, যা অবশ্যই আল্লাহ প্রদত্ত বিধান।
লেখক : কবি ও রাজনৈতিক বিশ্লেষক, নিউইয়র্ক।
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]