প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৫:১৯ , অনলাইন ভার্সন
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপক্ষে ভোট দেয় ৬টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ জোরদারের আহ্বান জানান।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে এখনো কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘায়িত এই সংকটের কারণে বাংলাদেশ ও রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠী ক্রমবর্ধমান সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট কেবল একটি মানবিক বিপর্যয় নয়; এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্যও গুরুতর উদ্বেগের বিষয়। তাই এ সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
বক্তব্যে রাষ্ট্রদূত সঞ্চিতা হক আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) বিচারাধীন গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তি এবং মিয়ানমারে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
এ বছর গৃহীত প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অবিলম্বে সহিংসতা বন্ধ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের জন্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রমে পর্যাপ্ত আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত সঞ্চিতা হক প্রস্তাবটির কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে। সুতরাং এর স্থায়ী সমাধানও মিয়ানমারের ভেতরেই খুঁজে বের করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই লক্ষ্যেই কার্যকর ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।
এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র প্রস্তাবটি ভোটাভুটিতে দেওয়ার আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় মার্কিন প্রতিনিধিদল জানায়, জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতিগত আপত্তি রয়েছে।
তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘন ও রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও স্পষ্ট করে দেশটি।
একই সঙ্গে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার ক্ষেত্রে জাতিসংঘে প্রস্তাবটির বিপুল ভোটে গৃহীত হওয়া তাৎপর্যপূর্ণ। তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে এই আন্তর্জাতিক সমর্থনকে কার্যকর পদক্ষেপে রূপ দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।

ঠিকানা/শই
 
Thikana
M M Shahin, Chairman, Board of Editors, Thikana
Corporate Headquarter
THIKANA : 7409 37th Ave suite 403 Jackson Heights, NY 11372
Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806
Bangladesh Bureau
THIKANA : 70/B, Green Road, (Panthapath), 5th Floor, Dhaka, BD.
E-Mail : [email protected]
For Advertisement : [email protected]